১২:৪৭ পি.এম
চাকরি, ব্যবসা অথবা ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের কারণে অনেক স্বামীকে স্ত্রী ও সন্তান থেকে দীর্ঘ সময় দূরে থাকতে হয়। ইসলামি শরিয়তের আলোকে, স্ত্রী থেকে স্বামীর দূরে থাকার সময়সীমা নির্ধারণের বিষয়টি গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে চার মাসের বেশি সময় স্ত্রী থেকে দূরে থাকা যাবে কি না, তা নিয়ে বিশেষ বিধান রয়েছে।
ইসলামি শরিয়ত অনুযায়ী, বিশেষ কোনো কারণ ছাড়া স্বামীকে চার মাসের বেশি সময় স্ত্রী থেকে দূরে থাকা সমর্থনযোগ্য নয়। তবে, যদি স্ত্রীর সম্মতি থাকে এবং দীর্ঘ সময় আলাদা থাকার ফলে স্বামী বা স্ত্রীর গুনাহে জড়িয়ে পড়ার সম্ভাবনা না থাকে, তাহলে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আরও বেশি সময় দূরে থাকার সুযোগ রয়েছে।
এ বিষয়ে ফতোয়ায় আল্লামা ইবনে আবিদিন শামি (রহ.)-এর বক্তব্য উল্লেখ করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে, চার মাসের মধ্যে অন্তত একবার স্ত্রীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক স্থাপন করা উচিত।
আরও পড়ুন: জান্নাতে নবীজির সান্নিধ্য পেতে আমল সম্পর্কে জানালেন হজরত রাবিআহ (রা.)
এ প্রসঙ্গে হজরত উমর (রা.)-এর একটি ঘটনা উল্লেখযোগ্য। এক রাতে তিনি এক নারীকে স্বামীর বিরহে কবিতা আবৃত্তি করতে শুনেছিলেন। পরে জানা যায়, ওই নারীর স্বামী জিহাদে অংশ নিতে দীর্ঘ সময় ধরে বাড়ির বাইরে রয়েছেন।
ঘটনাটি জানার পর হজরত উমর (রা.) তার মেয়ে হজরত হাফসা (রা.)-কে জিজ্ঞাসা করেন, একজন নারী স্বামী ছাড়া কতদিন ধৈর্য ধরতে পারেন? হাফসা (রা.) জবাবে চার মাসের কথা জানান। এরপর হজরত উমর (রা.) সেনাপতিদের নির্দেশ দেন, বিবাহিত কোনো সৈন্য যেন চার মাসের বেশি সময় স্ত্রী থেকে দূরে না থাকে।
ফিকহের আলোচনায় এ ঘটনাটি স্বামী-স্ত্রীর পারস্পরিক অধিকার রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়।
তবে, স্ত্রীর অনুমতি থাকলে এবং উভয়ের জন্য তা কষ্টকর না হলে চার মাসের বেশি সময় আলাদা থাকার সুযোগ রয়েছে। অন্যদিকে, দীর্ঘ সময় দূরে থাকার ফলে স্বামী বা স্ত্রীর কারও গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে চার মাস পূর্ণ হওয়ার অপেক্ষা না করে একসঙ্গে থাকার ব্যবস্থা করা জরুরি।
আরও পড়ুন: সিজদায় বান্দা রবের সবচেয়ে নিকটবর্তী থাকে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন