০২:০৯ এম
মামাতো ভাইকে নিতে যাওয়ার সময় বাস ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনায় সৌরভ ফালিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় বড়মগড়া বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সৌরভ ফালিয়া বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের বাসিন্দা সুধীর ফালিয়ার ছেলে।
আরও পড়ুন: সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রল দিয়ে আগুন
নিহতের মামাতো ভাই রথীন ঘরামী জানান, তিনি আগৈলঝাড়া থানার সামনে অবস্থিত শ্রী গুরু মিষ্টান্ন ভাণ্ডারের কর্মচারী। সৌরভ তাকে নিতে বানারীপাড়া থেকে মোটরসাইকেল নিয়ে রওনা হন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সৌরভের পৌঁছানোর খবর না পেয়ে তার মোবাইল ফোনে কল করা হয়। পরে পুলিশ ফোনটি রিসিভ করে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে সৌরভের মরদেহ শনাক্ত করেন তিনি।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, কুয়াকাটা থেকে বেনাপোলগামী সেভেন স্টার পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় মোটরসাইকেলসহ চালক বাসের নিচে চলে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রুবাইদা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি রেখে চালক পালিয়ে গেছেন। বাসটি বর্তমানে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, নারী-শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন