০৬:২৫ পি.এম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করার সময় তাদের আটক করা হয়। স্থানীয় লোকজনের মাধ্যমে ছাত্রলীগ কর্মী সন্দেহে আরো চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
পুলিশের সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের আড়াইহাজার-রূপগঞ্জ থানা সীমান্তবর্তী পাল্লা এলাকায় এই ঘটনা ঘটে। সেখানে ছাত্রলীগের কিছু কর্মী ঢাকা-সিলেট মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করার চেষ্টা করছিল। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাতজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—উপজেলার কালীবাড়ি এলাকার জিসান (২৪) ও ইমন (২৪), গির্দা এলাকার সিয়াম (২০), আসিবুল (১৬), শাওন (১৫) ও আব্দুল আহাদ (২০) এবং নতুন বান্টি এলাকার সোহাগ (২৬)।
আরও পড়ুন: রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আল নাহিয়ান গ্রেপ্তার, ১৭ রড ও পেট্রল উদ্ধার
এদিকে, বুধবার সকালে উপজেলার দিঘীরপাড় এলাকার শিমুলতলায় স্থানীয় লোকজন চারজনকে ছাত্রলীগ কর্মী সন্দেহে আটক করে। সকাল ৬টার দিকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক চারজন হলেন—নরসিংদীর মাধবদী থানার দিঘীরপাড় এলাকার জাহিদ (১৪) ও আকিব (১৪) এবং আড়াইহাজার উপজেলার চারিগাঁও এলাকার পারভেজ হোসেন (১৯) ও জাহিদুল (১৮)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ‘মহাসড়কে বিক্ষোভ ও নাশকতার চেষ্টা করার সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় লোকজনের মাধ্যমে ছাত্রলীগ কর্মী সন্দেহে আরো চারজন আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’
এমই
আরও পড়ুন: বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী, খাদ্য সংকট ও চিকিৎসা প্রয়োজন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন