সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:০১ পি.এম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ সদস্য আনোয়ার মোল্লা হত্যার ঘটনায় আট থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি সোমবার (২৩ নভেম্বর) বিকেলে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম কর্তৃক দায়ের করা হয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিককে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) তারেক আল মেহেদী সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে ইতিমধ্যে হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে।
এর আগে, রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ সদর থানাধীন শীতলক্ষা পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা একটি মামলার ওয়ারেন্টের আসামির তথ্য অনুসন্ধানের জন্য সাদা পোশাকে ফতুল্লার দেওভোগ হাসেমবাগ এলাকায় যান। এ সময় মাদক কারবারি চক্রের সদস্যরা তাদের ওপর অতর্কিতভাবে হামলা করে।
এএসআই আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে গেলেও কনস্টেবল আনোয়ারের বুকে একাধিক ছুরিকাঘাত করে মাদক কারবারিরা। এতে ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু ঘটে।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার সকালে তাদের পৃথক টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে, এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তারকে ক্লোজড করেছে জেলা পুলিশ প্রশাসন।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত আনোয়ার মোল্লার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার শোল্লা ইউনিয়নের দত্তখণ্ড গ্রামে। তার পরিবারে স্ত্রী, ২ বছরের একটি ছেলে ও ৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
জেলা পুলিশের তথ্যমতে, আনোয়ার মোল্লা ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দীর্ঘ ৮ বছর ৯ মাস ১২ দিন পুলিশের দায়িত্ব পালন করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুবলার চরের ঐতিহ্যবাহী রাস উৎসবের সময় পুণ্যার্থীর ছদ্মবেশ ধারণ করে সুন্দরবনে প্রবেশের প্রক্রিয়ায় হরিণ শিকারের জন্য প্রস্তুত অবস্থায় বিশ্বজিৎ রায় (২৫) নামে এক শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ নাইলনের ফাঁদ উদ্ধার করা হয়েছে, যা হরিণ ধরার উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোলের কুতুবখালী বনাঞ্চল থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া বিশ্বজিৎ রায় খুলনার ডুমুরিয়া উপজেলার কুলাটি গ্রামের বাসিন্দা।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস জানান, একটি পাঁচ সদস্যের হরিণ শিকারি দল রাস উৎসবের সময় পুণ্যার্থীর ছদ্মবেশে সুন্দরবনে প্রবেশ করে। এরপর তারা কুতুবখালীর গভীর বনে নাইলনের ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম ও আলোরকোলের বনরক্ষীরা যৌথ অভিযান পরিচালনা করেন। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা ফাঁদ ফেলে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে বিশ্বজিৎ রায়কে আটক করা সম্ভব হলেও বাকি চারজন বনের গভীরে পালিয়ে যায়।
বন বিভাগ জানিয়েছে, পালিয়ে যাওয়া অন্য শিকারিদের আটক করার এবং সুন্দরবনে বন্যপ্রাণী শিকার প্রতিরোধের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চলতি বছরের জানুয়ারি থেকে বর্তমানে ইসরাইলের অন্তত ২৩ জন কর্মরত সেনা ও সামরিক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে এক বছরে আত্মহত্যার এটাই সর্বোচ্চ সংখ্যা। সোমবার (২৩ নভেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আত্মহত্যা করা ব্যক্তিদের মধ্যে ১৭ জন গাজা যুদ্ধে নিয়মিত বাহিনী অথবা রিজার্ভ ফোর্সে দায়িত্ব পালন করেছেন। তবে চলতি বছরে তারা সক্রিয় সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর আত্মহত্যা করেন। এ ছাড়া চলতি বছরে ইসরাইলের পাঁচজন পুলিশ সদস্যও আত্মহত্যা করেছেন।
২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলের নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে আত্মহত্যার প্রবণতা ক্রমাগত বেড়ে চলেছে। হারেৎজ জানায়, যুদ্ধের আগের এক দশকে ইসরাইলি সেনাবাহিনীতে বছরে গড়ে ১২ জন সেনা আত্মহত্যা করতেন।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ওই বছরের শেষ পর্যন্ত সাতজন কর্মরত সেনা আত্মহত্যা করেন। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ২১ এবং ২০২৫ সালে ২২ জন।
তবে সেনাবাহিনীর এই পরিসংখ্যানে পূর্ণ চিত্র উঠে আসেনি। কারণ সক্রিয় দায়িত্বে না থাকা অবস্থায় আত্মহত্যা করা সেনাদের এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
গত বছর ইসরাইলি সেনাবাহিনী জানায়, ২০২৩ সাল থেকে এ ধরনের ১৫টি ঘটনা শনাক্ত করেছে তারা। সেনাবাহিনীর জনবল বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘১৫টি ঘটনার এই হিসাব হয়তো কম করে দেখানো হয়েছিল। তবে আগের বছরগুলোতে কয়েকটি ঘটনা বাদ পড়লেও আত্মহত্যার সংখ্যা যে বাড়ছে, তা অস্বীকার করার সুযোগ নেই।’
হাইফা বিশ্ববিদ্যালয়ের আত্মহত্যা ও মানসিক যন্ত্রণাবিষয়ক গবেষণা কেন্দ্রের প্রধান ইয়োসি লেভি-বেলজ সতর্ক করে বলেছেন, ২০২৬ সাল এবং পরবর্তী সময়ে দায়িত্ব পালন করা সেনারা, বিশেষ করে রিজার্ভ সেনারা, আত্মহত্যার উচ্চ ঝুঁকিতে রয়েছেন। তিনি বলেন, ‘আত্মহত্যার হার বিবেচনায় আগামী কয়েক বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি পরিস্থিতি নাটকীয় রূপও নিতে পারে।’
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছর আত্মহত্যা করা ১৭ জন সাবেক সেনার মধ্যে ১০ জনের ক্ষেত্রে সামরিক দায়িত্বের সঙ্গে আত্মহত্যার যোগসূত্র থাকার উচ্চ সম্ভাবনা রয়েছে বলে মনে করছে তারা। আরেকটি ঘটনা এখনো তদন্তাধীন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছর আত্মহত্যা করা কর্মরত সেনাদের অধিকাংশই এর আগে মানসিক স্বাস্থ্যসেবা নেননি।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় রীতিমতো গণহত্যা চালাচ্ছে ইসরাইল। সেখানে ইসরাইলি হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া উপত্যকার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা এবং সুবিদখালী সরকারি কলেজ শাখার নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি পটুয়াখালী জেলা ছাত্রলীগ কর্তৃক অনুমোদন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) জেলা ছাত্রলীগের অনুমোদিত বিজ্ঞপ্তিটি ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যেখানে আগামী এক বছরের জন্য পৃথক দুটি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
ফেসবুকে প্রকাশিত অনুমোদিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মির্জাগঞ্জ উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি হিসেবে মো. রাকিব মৃধাকে মনোনীত করা হয়েছে। কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তারিকুল ইসলাম রবেল, মেহেদী ইসলাম অনন্ত, মো. হাসান হাওলাদার, মো. ইমরান হাওলাদার এবং আরও অনেকে। সাধারণ সম্পাদক পদে মো. আদনান হোসেন শাওনকে নিযুক্ত করা হয়েছে। এছাড়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদেও একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অপরদিকে, সুবিদখালী সরকারি কলেজ শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি হিসেবে মো. মিনহাজুল তালুকদারকে নির্বাচিত করা হয়েছে এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন সিহাবুর রহমান আকাশ। কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. জাহিদুল হাওলাদার, মো. জাহিদুল ইসলাম, মো. আসাদুজ্জামান মুবিন, মো. নাফিস শরীফ এবং মো. ওমর ফারুক। এ ছাড়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদেও কয়েকজন নেতাকে রাখা হয়েছে।
এদিকে, মির্জাগঞ্জ উপজেলা কমিটির এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সাগর হাওলাদার কমিটি প্রকাশিত হওয়ার পরপরই ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এছাড়া, নাম থাকা আরও অনেকেই তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।
জেলা ছাত্রলীগের অনুমোদিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী এক বছরের জন্য এই কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ