বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:৫১ পি.এম
যুক্তরাষ্ট্রের মুসলিম জনপ্রতিনিধিদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নর্থ ডাকোটার এক ব্যক্তির বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা দায়ের করা হয়েছে। এই হুমকির শিকার ব্যক্তিদের মধ্যে কংগ্রেস সদস্য ইলহান ওমর, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং নবনির্বাচিত সিনেটর আবদুল আল-সাইয়েদ অন্তর্ভুক্ত রয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম প্যাট্রিক হারলান ডাইরুড, যার বয়স ৫২ বছর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মুসলিম জনপ্রতিনিধি ও অন্যান্য মুসলিম কর্মকর্তাদের লক্ষ্য করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে দাখিল করা অভিযোগপত্র অনুযায়ী, গত নভেম্বরের মাঝামাঝি সময়ে একটি অলাভজনক গবেষণা সংস্থা কয়েকজন কর্মকর্তাকে হত্যার আহ্বান জানানো একটি অ্যাকাউন্টের সন্ধান পায়। পরে এ বিষয়ে এফবিআইয়ের জাতীয় হুমকি মোকাবিলা কেন্দ্রে জানানো হয়।
এফবিআইয়ের হলফনামায় উল্লেখ করা হয়েছে, ওই অ্যাকাউন্ট থেকে কয়েকটি পোস্টে কর্মকর্তাদের ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দেওয়া হয়। পাশাপাশি মুসলিমবিদ্বেষী গালিগালাজ এবং যুক্তরাষ্ট্রে অবস্থান করলে তাদের বিপদের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি করা হয়।
অন্য একটি পোস্টে নিউইয়র্ক পুলিশ বিভাগের দুই কর্মকর্তার প্রসঙ্গ টেনে এক কর্মকর্তাকে নিরাপত্তা হেফাজত থেকে সরিয়ে হত্যার সুযোগ তৈরির আহ্বান জানানো হয়, বলে তদন্তকারীরা জানিয়েছেন।
এক্স থেকে সংগৃহীত তথ্য, ফোনের রেকর্ড এবং ইন্টারনেট সেবাদাতার নথি বিশ্লেষণ করে তদন্তকারীরা অ্যাকাউন্টটির সঙ্গে ডাইরুডের সংশ্লিষ্টতা খুঁজে পান। তিনি নর্থ ডাকোটার হিলসবোরো এলাকার বাসিন্দা এবং ফার্গো অঞ্চলের একটি প্রতিষ্ঠানে কর্মরত।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের জুলাইয়ে ফার্গোতে যুক্তরাষ্ট্রের ভেটেরান্স অ্যাফেয়ার্স পুলিশের চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছিল। নারী, বর্ণগত সংখ্যালঘু ও মুসলিমদের সঙ্গে আচরণ নিয়ে নথিভুক্ত সমস্যার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তদন্তকে স্বাগত মুসলিম অধিকার সংগঠনের
মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (কেয়ার) জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বুধবার এক বিবৃতিতে হুমকির ঘটনায় দ্রুত তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন, "ধর্মীয় বিশ্বাস কিংবা পরিচয় যা-ই হোক, জনপ্রতিনিধিদের বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী সহিংসতার হুমকি ছাড়াই জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ থাকতে হবে।"
ডাইরুডের বিরুদ্ধে অঙ্গরাজ্যের সীমানা পেরিয়ে হুমকিমূলক বার্তা পাঠানো এবং একজন ফেডারেল কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনার চাটমোহরে ধান মাড়াই মেশিনের সাথে নিজের গামছা জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু ঘটে। নিহত ব্যক্তি হলেন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি গ্রামের বাদশা মোল্লার ছেলে আঃ ওহাব মোল্লা (৪২)।
দূর্ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে খতবাড়ি লালন মোড়ে আঃ ওহাব ধান মাড়াই করার উদ্দেশ্যে নিজের ধান মাড়াই মেশিন চালু করেন। এ সময় তার গলায় পেচানো গামছা মেশিনের ফিতার সাথে জড়িয়ে যায়।
গামছা মেশিনের ফিতা থেকে ছাড়ানোর চেষ্টা করার সময় তিনি ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। মূলগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শীতকালীন সময়ে পানি পানের পরিমাণ কমে যাওয়ার ফলে অনেকেই কোষ্ঠকাঠিন্য, গ্যাস এবং পেট ফাঁপার সমস্যায় ভুগতে থাকেন। পুষ্টিবিদদের মতে, দৈনন্দিন স্বাস্থ্যকর জীবনযাপনের পাশাপাশি রান্নাঘরের সাধারণ তিনটি মশলা দিয়ে তৈরি একটি জাদুকরী পানীয় হজমশক্তি বাড়াতে সহায়ক হতে পারে।
জিরা, জোয়ান (ক্যারম সিড) এবং মৌরি দিয়ে তৈরি এই বিশেষ পানীয়টি গ্যাস, পেট ফাঁপা এবং বদহজমের অস্বস্তি কমাতে সাহায্য করে। তবে এর পূর্ণ সুফল পেতে হলে পর্যাপ্ত পানি পান করা, সুষম খাদ্যগ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখা অপরিহার্য।
তিন মশলার পানীয় তৈরির পদ্ধতি
• প্রথমে এক চা-চামচ করে জিরা, জোয়ান এবং মৌরি নিন।
• হামানদিস্তায় (মর্টার ও পেস্টল) মশলা তিনটি হালকাভাবে থেঁতো করে নিন।
• একটি পাত্রে ৩৫০ মিলিলিটার পানির সঙ্গে থেঁতো করা মশলাগুলো দিয়ে ফোটাতে শুরু করুন।
• পানি ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে দিন এবং পানি কমে প্রায় ২৫০ মিলিলিটার না হওয়া পর্যন্ত মৃদু আঁচে জ্বাল দিন।
• এরপর মিশ্রণটি ছেঁকে নিয়ে গরম বা কুসুম গরম অবস্থায় পান করুন।
পুষ্টিবিদরা সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই পানীয়টি পান করার পরামর্শ দিয়ে থাকেন।
সুষম খাদ্যের বিকল্প নয়
বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে, এই পানীয়টি কোনোভাবেই পর্যাপ্ত পানি পান, আঁশযুক্ত (ফাইবার) সুষম খাবার কিংবা স্বাস্থ্যকর জীবনযাপনের বিকল্প হতে পারে না। যারা দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, পেটে ব্যথা বা পেট ফাঁপার সমস্যায় ভুগছেন, তাঁদের কেবল ঘরোয়া টোটকার ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
"প্রাণিসম্পদ রপ্তানিতে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ" এই মূল বক্তব্যকে সামনে রেখে বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহটি ২৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।
উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল, বাঘা, রাজশাহী এই অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সাল তালুকদার। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজা শামীমা আক্তার।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম এবং বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা।
খামারিদের মধ্যে বক্তব্য দেন পোল্ট্রি খামারি শফিকুল ইসলাম, গবাদি পশু খামারি হাসানুজ্জামান এবং জাহাঙ্গীর আলম।
সভায় খামারিরা জানান, ঘাস মারা ও পচন মারা বিষের নিয়ন্ত্রণ না থাকার কারণে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এছাড়া, সঠিক সময়ে টিকা দান নিশ্চিত করার জন্য তারা আহ্বান জানান। ভোক্তাদের পক্ষ থেকে স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার না করার জন্য অনুরোধ জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি চমক নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। এবার ছবি বা ভিডিওর পাশাপাশি স্টিকারের সঙ্গে শব্দ যুক্ত করার সুযোগ আসছে। নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও থেকে স্টিকার তৈরি করতে পারবেন এবং তাতে ভিডিওর মূল অডিও, নিজের কণ্ঠে রেকর্ড করা শব্দ অথবা ফোনে সংরক্ষিত অডিও ফাইল যুক্ত করতে পারবেন। ফলে ব্যবহারকারীরা স্টিকারে ট্যাপ করলে নির্দিষ্ট শব্দ বা অডিও শোনা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়াবিটাইনফোরের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যান্ড্রয়েডের ২.২৬.৪১.৩ সংস্করণের পরীক্ষামূলক হোয়াটসঅ্যাপ আপডেটে নতুন এই সুবিধাটি দেখা গেছে। তবে ফিচারটি এখনো পরীক্ষাধীন অবস্থায় রয়েছে, তাই সব ব্যবহারকারী একসঙ্গে এটি ব্যবহার করতে পারছেন না।
নতুন ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমে হোয়াটসঅ্যাপের যেকোনো একটি চ্যাটে প্রবেশ করে স্টিকার আইকনে চাপ দিতে হবে। এরপর ‘ক্রিয়েট স্টিকার’ অপশন নির্বাচন করে ফোনের গ্যালারি থেকে পছন্দের একটি ভিডিও বেছে নিতে হবে। অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটিকে স্টিকারে রূপান্তর করবে।
স্টিকার তৈরির পর পর্দার ওপরের মেনুতে নতুন ‘সাউন্ড’ আইকন দেখা যাবে। সেখানে চাপ দিলে ‘অ্যাড সাউন্ড’ নামে একটি অপশন পাওয়া যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিওর নিজস্ব অডিও স্টিকারে যুক্ত করতে পারবেন। চাইলে নিজের কণ্ঠ রেকর্ড করে অথবা ফোনে আগে থেকে সংরক্ষিত কোনো অডিও ফাইল ব্যবহার করেও শব্দ যোগ করা যাবে।
সব প্রক্রিয়া সম্পন্ন হলে তৈরি করা শব্দযুক্ত স্টিকারটি সংরক্ষণ করে অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে। অর্থাৎ ব্যবহারকারীরা পছন্দের ভিডিওর মজার দৃশ্য, পরিচিত সংলাপ কিংবা বিশেষ শব্দের সঙ্গে মিলিয়ে নিজের মতো করে স্টিকার বানানোর সুযোগ পাবেন।
নতুন এই সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে কথোপকথন আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওর জনপ্রিয় সংলাপ, গান কিংবা মজার শব্দ ব্যবহার করে সহজেই তৈরি করা যাবে ব্যক্তিগত স্টিকার। ফলে প্রচলিত নীরব স্টিকারের পাশাপাশি শব্দযুক্ত স্টিকারও চ্যাটে ব্যবহার করা যাবে।
তবে আপাতত ফিচারটি পরীক্ষামূলক পর্যায়েই রয়েছে। অ্যান্ড্রয়েডের পরীক্ষামূলক সংস্করণ ব্যবহারকারীদের মধ্যেও সবাই এখনই এটি পাচ্ছেন না। কবে নাগাদ সুবিধাটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ