বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:৫০ পি.এম
যুক্তরাজ্যের লন্ডন আন্ডারগ্রাউন্ডের (টিউব) চালকরা কর্মপরিবেশ নিয়ে বিরোধের কারণে এক দিনের ধর্মঘট শুরু করেছেন। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া এই ধর্মঘটের ফলে লন্ডনে ব্যাপক যাতায়াত বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।
রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট (আরএমটি) ইউনিয়নের সদস্য চালকরা ২৪ ঘণ্টার এই ধর্মঘটে অংশগ্রহণ করেছেন। এটি ধারাবাহিক কর্মবিরতির অংশ হিসেবে প্রথম ধর্মঘট।
বুধবার ইউনিয়নটি জানায়, কর্মপরিবেশের সমস্যার সমাধান না হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ধর্মঘট শুরু হচ্ছে। ইউনিয়নের অভিযোগ, নতুন কর্মব্যবস্থা চালুর পরিকল্পনা বিদ্যমান চুক্তি ও সমঝোতাকে দুর্বল করে কর্মপরিবেশকে আরো খারাপ করবে।
আরএমটির দাবি, প্রস্তাবিত ব্যবস্থায় চালকদের ট্রেন চালানোর সময় বৃদ্ধি পাবে, দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে হবে এবং আগের তুলনায় আরো সকালে কাজে যোগ দিতে ও দেরিতে দায়িত্ব শেষ করতে হবে। এছাড়া স্বল্প নোটিশে ডিউটি পরিবর্তন এবং দায়িত্ব বদল ও বার্ষিক ছুটির সুবিধা সংকুচিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইউনিয়নের সাধারণ সম্পাদক এডি ডেম্পসি বিবৃতিতে বলেন, নতুন ব্যবস্থার কারণে কোনো চালক ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে বারবার নিশ্চয়তা চাওয়া হয়েছে। কিন্তু লন্ডন আন্ডারগ্রাউন্ড কর্তৃপক্ষ সেই নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে।
ইউনিয়নটি জানিয়েছে, আগামী ১৭ ও ১৯ ডিসেম্বর, ৪ ও ৬ জানুয়ারি এবং ১৭, ২৩ ও ২৫ ফেব্রুয়ারি আরো ধর্মঘট পালনের পরিকল্পনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনার ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান করা হয়েছে। এই উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট-এর পরিচালনা কমিটির সভাপতি ড. এম এম জাহিদ হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন আদাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসার আলী, পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী, ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট-এর ইনচার্জ ও সহকারী প্রশিক্ষক (টিডিএম) ফাতেমা খাতুন, এবং ফিল্ড কো অর্ডিনেটর মো. মনিরুজ্জামান ফারুক।
অনুষ্ঠানে ভাব বাংলাদেশের প্রকল্পভুক্ত উপজেলার আদাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়, পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি এবং কম্পিউটার অপারেশন লেভেল-২ কোর্সের ৫ জন কম্পিটেন্ট শিক্ষার্থীকে এককালীন প্রশিক্ষণ বৃত্তি প্রদান করা হয়। সভায় জানানো হয়, ভাব বাংলাদেশ ২০১৮ সাল থেকে এ উপজেলায় কার্যক্রম শুরু করে। বর্তমানে উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয় সংস্থাটির কার্যক্রমের আওতাভুক্ত রয়েছে।
এসব প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, স্কুল ড্রেস বিতরণ, মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থাটি। এছাড়া সংস্থাটি পরিচালিত ভাঙ্গুড়া ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে কম্পিউটার অপারেশন লেভেল-২ ও লেভেল-৩ এবং টেইলারিং ও ড্রেস মেকিং লেভেল-২ কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। প্রশিক্ষণ শেষে কম্পিটেন্ট শিক্ষার্থীদের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক সনদ প্রদান করা হয়। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে তাদের এককালীন প্রশিক্ষণ বৃত্তি দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর চারপাশে অবস্থিত চরাঞ্চলে মশাল মিছিলের আয়োজন করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চর নাছিরপুর ইউনিয়নের জঙ্গী কান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় জামাল মোড়লের চায়ের দোকানে কিছু অপরিচিত ব্যক্তি চা পান করতে আসেন। স্থানীয়রা তাদের পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা করলে তারা নিজেদের ঢাকা জেলার দোহার থেকে ঘুরতে আসার কথা জানান। পরে রাত সাড়ে ৯টার দিকে তারা স্থানীয় কয়েকজনকে নিয়ে মশাল মিছিল বের করেন। মিছিলটি দেখে স্থানীয় কিছু বাসিন্দা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয় বাসিন্দা হোসেন শেখ জানান, তিনি হঠাৎ করে গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের খবর পান। ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন, বাইরে থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় ১০ থেকে ১৫ জনকে নিয়ে মশাল মিছিল করেছেন। তবে এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের নজর এড়িয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর লক্ষ্মীপুর মোড় হয়ে সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলের পর অংশগ্রহণকারীরা দ্রুত সটকে পড়েন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এতে আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলের ব্যানারে ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় কর্মসূচি পালনের কথা উল্লেখ ছিল।
মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নামে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন নিজেদের ফেসবুক আইডি থেকে মিছিলটি সরাসরি সম্প্রচার করেন।
তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নেতাকর্মীরা সেখান থেকে চলে যান। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সকাল ৮টা থেকে ৯টার মধ্যে মিছিল হওয়ার খবর তাঁরা পেয়েছেন।
পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও এ ধরনের কর্মসূচি পালন করায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের মুসলিম জনপ্রতিনিধিদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নর্থ ডাকোটার এক ব্যক্তির বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা দায়ের করা হয়েছে। এই হুমকির শিকার ব্যক্তিদের মধ্যে কংগ্রেস সদস্য ইলহান ওমর, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং নবনির্বাচিত সিনেটর আবদুল আল-সাইয়েদ অন্তর্ভুক্ত রয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম প্যাট্রিক হারলান ডাইরুড, যার বয়স ৫২ বছর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মুসলিম জনপ্রতিনিধি ও অন্যান্য মুসলিম কর্মকর্তাদের লক্ষ্য করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে দাখিল করা অভিযোগপত্র অনুযায়ী, গত নভেম্বরের মাঝামাঝি সময়ে একটি অলাভজনক গবেষণা সংস্থা কয়েকজন কর্মকর্তাকে হত্যার আহ্বান জানানো একটি অ্যাকাউন্টের সন্ধান পায়। পরে এ বিষয়ে এফবিআইয়ের জাতীয় হুমকি মোকাবিলা কেন্দ্রে জানানো হয়।
এফবিআইয়ের হলফনামায় উল্লেখ করা হয়েছে, ওই অ্যাকাউন্ট থেকে কয়েকটি পোস্টে কর্মকর্তাদের ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দেওয়া হয়। পাশাপাশি মুসলিমবিদ্বেষী গালিগালাজ এবং যুক্তরাষ্ট্রে অবস্থান করলে তাদের বিপদের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি করা হয়।
অন্য একটি পোস্টে নিউইয়র্ক পুলিশ বিভাগের দুই কর্মকর্তার প্রসঙ্গ টেনে এক কর্মকর্তাকে নিরাপত্তা হেফাজত থেকে সরিয়ে হত্যার সুযোগ তৈরির আহ্বান জানানো হয়, বলে তদন্তকারীরা জানিয়েছেন।
এক্স থেকে সংগৃহীত তথ্য, ফোনের রেকর্ড এবং ইন্টারনেট সেবাদাতার নথি বিশ্লেষণ করে তদন্তকারীরা অ্যাকাউন্টটির সঙ্গে ডাইরুডের সংশ্লিষ্টতা খুঁজে পান। তিনি নর্থ ডাকোটার হিলসবোরো এলাকার বাসিন্দা এবং ফার্গো অঞ্চলের একটি প্রতিষ্ঠানে কর্মরত।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের জুলাইয়ে ফার্গোতে যুক্তরাষ্ট্রের ভেটেরান্স অ্যাফেয়ার্স পুলিশের চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছিল। নারী, বর্ণগত সংখ্যালঘু ও মুসলিমদের সঙ্গে আচরণ নিয়ে নথিভুক্ত সমস্যার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তদন্তকে স্বাগত মুসলিম অধিকার সংগঠনের
মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (কেয়ার) জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বুধবার এক বিবৃতিতে হুমকির ঘটনায় দ্রুত তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন, "ধর্মীয় বিশ্বাস কিংবা পরিচয় যা-ই হোক, জনপ্রতিনিধিদের বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী সহিংসতার হুমকি ছাড়াই জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ থাকতে হবে।"
ডাইরুডের বিরুদ্ধে অঙ্গরাজ্যের সীমানা পেরিয়ে হুমকিমূলক বার্তা পাঠানো এবং একজন ফেডারেল কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
তালাশ বিডি/মিডিয়া লিঃ