০১:৩১ এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা এবং চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এসব হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের দায়ী করে দলটিকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে নাহিদ ইসলাম এসব বক্তব্য তুলে ধরেন। পোস্টে তিনি দাবি করেন, নভেম্বর মাসের মধ্যে দেশের অন্তত ১০০টি গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা হামলা চালানো হয়েছে। হামলার সময় হামলাকারীদের অনেককে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে বলেও উল্লেখ করেন তিনি।
গ্রামীণ ব্যাংকের গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিকভাবে ‘গরিবের ব্যাংক’ হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছে। এ বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তি হচ্ছে।
আরও পড়ুন: মামুনুল হক: পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন জন্ম হবে না
ব্যাংকটির মালিকানা প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা, বাকি ১০ শতাংশের মালিক সরকার। অধ্যাপক ইউনূস ব্যাংকটি প্রতিষ্ঠা করেছেন এবং এর কার্যক্রমের ভিত্তি তৈরি করেছেন। তার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ব্যাংকটিকে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ।
এনসিপির আহ্বায়ক এসব হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে বারবার অগ্নিসংযোগের ঘটনা বন্ধ এবং এসব হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
নাহিদ ইসলাম আরো অভিযোগ করেন, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির কর্মীরা দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ভারতের মাটি থেকেও এসব কর্মকাণ্ড পরিচালনা করছে তারা। এই আন্তসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আওয়ামী লীগের কর্মকাণ্ডের নিন্দা জানানো এবং দলটির মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো স্বীকার করার আহ্বান জানান নাহিদ। একই সঙ্গে আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি জানান তিনি।
আরও পড়ুন: ১৩ বছরে সংসার শেষ, ছন্দা শর্মার মরদেহ উদ্ধার
ফেসবুক পোস্টে জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদনের বরাত দিয়ে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের আগস্টে সরকার পতনের মধ্য দিয়ে শেষ হওয়া গণ-অভ্যুত্থানে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন।
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন