ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গণপতি পরিবারের ৪ সদস্য হত্যা: আদালতে অভিযোগপত্র দাখিল


গণপতি পরিবারের ৪ সদস্য হত্যা: আদালতে অভিযোগপত্র দাখিল

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিন্নাত আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে সময়ক্ষেপণের জন্য ইয়াবা সেবন করা হয় এবং পরে পরিবারের চার সদস্যকে একে একে হত্যা করার অভিযোগ আনা হয়েছে দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের বিরুদ্ধে।

এতে ৫৩ জনকে সাক্ষী করা হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত ও সংশ্লিষ্ট ৬৬টি আলামত জমা দেওয়া হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩০২, ৩৮০ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে জমি বিরোধে মো. মোতালিব হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

এদিন, বেলা ১টার দিকে রংপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে অভিযোগপত্র দাখিলের বিষয়টি জানান পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, মূলত চুরির উদ্দেশ্যেই গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন দুই আসামি। বাড়িতে চুরি করতে গিয়ে সময়ক্ষেপণের জন্য তারা ইয়াবা সেবন করেন। একপর্যায়ে প্রথমে গণপতি চক্রবর্তীকে হত্যা করেন। এরপর পরিবারের অন্য তিন সদস্যকেও একে একে হত্যা করেন। হত্যাকাণ্ডে গামছা ও রশি ব্যবহার করা হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগপত্র দেওয়া শেষে কথা বলছেন পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ। ছবি : কালের কণ্ঠ

তিনি আরও বলেন, ‘গণপতি চক্রবর্তী অবসরের পর ব্যাংক থেকে ৫০ থেকে ৬০ লাখ টাকা তুলে বাড়িতে রেখেছেন বলে ধারণা ছিল আসামিদের। পাশাপাশি বাড়িতে স্বর্ণালংকার থাকার ধারণা থেকেও তারা চুরির পরিকল্পনা করেন। সেই উদ্দেশ্যেই বাড়িতে ঢুকে চারজনকে হত্যা করেন।’

আরও পড়ুন: চট্টগ্রামে দুই বছরেও শেষ হয়নি আইনজীবী আলিফ হত্যা মামলার বিচার

ডিএনএ পরীক্ষায় দুই আসামির সংশ্লিষ্টতা নিয়ে পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামত ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষায় খেজুরের বিচির নমুনায় মুগ্ধ দাসের, শসার টুকরায় সিদ্ধার্থ দাসের এবং সিগারেটের অবশিষ্টাংশে দুজনেরই ডিএনএ পাওয়া গেছে। এ ছাড়া নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় পেঁচানো গামছার নমুনায় মুগ্ধ দাসের ডিএনএ শনাক্ত হয়েছে।

পুলিশ জানায়, এসব ফরেনসিক প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-প্রমাণ, সাক্ষীদের জবানবন্দি ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযোগপত্র তৈরি করা হয়েছে।

পুলিশের দাবি, দীর্ঘ তদন্ত, ফরেনসিক প্রতিবেদন ও বিভিন্ন তথ্য-প্রমাণ বিশ্লেষণে দুই আসামির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। হত্যাকাণ্ডে অন্য কারো সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।

মামলার বাদী ও নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বলেন, ‘পুলিশের ওপর আমাদের আস্থা রয়েছে। আমরা সঠিক বিচার চাই।’

আরও পড়ুন: বিদেশে গ্রেফতার হলে বাংলাদেশির পাশে দাঁড়াবে কে, আইন কী বলছে?

যেভাবে ঘটে চার হত্যাকাণ্ড

গত ২২ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ার নিজবাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডে পুরো নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরদিন ২৩ আগস্ট নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। প্রথমে কোতোয়ালি থানা মামলাটির তদন্ত শুরু করলেও পরে তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর পর মামলার তদন্তের দায়িত্ব পান পরিদর্শক জিন্নাত আলী। ঘটনার ৯৬ দিন পর এবং মামলা দায়েরের ৯৫ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করল পুলিশ।

আরও পড়ুন: সব ধরনের অপরাধের বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে দুই বছরেও শেষ হয়নি আইনজীবী আলিফ হত্যা মামলার বিচার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


চট্টগ্রামে দুই বছরেও শেষ হয়নি আইনজীবী আলিফ হত্যা মামলার বিচার

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার দুই বছর পূর্ণ হচ্ছে আজ ২৬ নভেম্বর। কিন্তু এখনও সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়নি। ৪৯ সাক্ষীর মধ্যে মাত্র চারজন সাক্ষ্য দিয়েছেন। বাকি সাক্ষীদের সাক্ষ্য, জেরা, যুক্তিতর্ক ও রায় কবে শেষ হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিচারপ্রক্রিয়ার ধীরগতিতে বাদীপক্ষ ও আইনজীবীরা হতাশ। তাদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে বিচার সম্পন্ন হতে এক যুগও লেগে যেতে পারে।

২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। ২০২৫ সালের ২৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন চট্টগ্রাম আদালতে হাজির হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এই ঘটনার পর আদালতপাড়া ও আশপাশে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মেথরপট্টি এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এই ঘটনার পর তার বাবা জামাল উদ্দিন হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে আরও একজনকে আসামি করা হয়। ৩৯ আসামির মধ্যে চিন্ময় দাশসহ ২৭ জন কারাগারে রয়েছে এবং ১২ জন পলাতক। ২০২৫ সালের ১৯ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী ও আলিফের বন্ধু রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, মামলাটি মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য প্রয়োজনীয় গেজেট প্রকাশ না হওয়ায় সেখানে স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। বাদী ২০২৫ সালের ২৩ ডিসেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের আবেদন করলেও এখনো সিদ্ধান্ত আসেনি।

তিনি আরও বলেন, চার সাক্ষীর সাক্ষ্য নেওয়া হলেও জেরা এখনও শেষ হয়নি। বাকি ৪৫ জনের সাক্ষ্য ও জেরা, যুক্তিতর্ক এবং রায় এখনও বাকি রয়েছে। চিন্ময় দাশের পক্ষের আইনজীবীরা একের পর এক সময়ের দরখাস্ত দিয়ে বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত করছেন বলেও অভিযোগ করেন তিনি। দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা স্থানান্তর করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান।

আলিফের বাবা ও মামলার বাদী জামাল উদ্দিন বলেন, তিনি জীবদ্দশায় ছেলের হত্যার বিচার দেখে যেতে চান। তার আর কোনো চাওয়া নেই।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন আজাদ জানান, দুই বছরেও বিচারপ্রক্রিয়া আশানুরূপ এগোয়নি। দীর্ঘ বিরতিতে শুনানি হচ্ছে। তারা দ্রুত বিচার শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে চান।

এদিকে, আলিফ হত্যার দ্রুত বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম। অন্যদিকে, জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির অডিটরিয়ামে স্মরণসভার আয়োজন করা হয়। এ সময় আলিফ হত্যাকাণ্ডের ঘটনাপ্রবাহ নিয়ে চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে ভুল করেনি সরকার: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে ভুল করেনি সরকার: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় সরকার কোনো ভুল করেনি, যা অগ্নিসন্ত্রাসের আসল চরিত্রকে তুলে ধরে।

তিনি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আইনমন্ত্রী আরও জানান, ‘সরকার দেশের সব ধরনের অপরাধের বিচার করতে বদ্ধপরিকর। অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কলেজের অনুষ্ঠানে প্রতিবেশী একটি দেশের মন্ত্রীর ‘বাংলাদেশের একাংশ দখল করার’ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে আসাদুজ্জামান বলেন, ‘দেশের মানুষের শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত কেউ এই স্বাধীন ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখাবে না। যারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে বিদেশে বসে নৈরাজ্য সৃষ্টি করছেন এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদের স্বাভাবিকভাবে ফেরার সুযোগ দেওয়া হবে না। তাদের দেশে ফিরতে হলে কেবল আইনি পরিকাঠামোর মধ্য দিয়েই ফিরতে হবে।’

তিনি আরও বলেন, ‘সার্বভৌমত্ব রক্ষা ও জনমত দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত সর্বস্তরের জনগণ সব ধরনের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত। যেকোনো গণঅভ্যুত্থানে জনগণের প্রকৃত অংশগ্রহণ প্রয়োজন হয়। সাবেক সমর্থকরাও এখন বুঝতে পেরেছে যে তারা একটি সন্ত্রাসী সংগঠন, যারা স্বাধীনতার নাম ভাঙিয়ে ব্যবসা করেছে এবং দেশকে সিকিম বানানোর চক্রান্তে লিপ্ত ছিল।’

আইনমন্ত্রী মন্তব্য করেন যে, গত ১৭ বছর ধরে নিজেদের মতো করে চেতনা শেখানোর চেষ্টা করা হলেও দেশের ছাত্রসমাজ ও জেন-জি প্রজন্ম প্রকৃতপক্ষে তাদের হৃদয়ে স্বাধীন বাংলাদেশকে ধারণ করেছে।

তিনি বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা যেমন ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, ঠিক তেমনই ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানে জীবন দেওয়া জাফর, জয়নাল, দীপালী সাহা, কাঞ্চন, রউফুন বসুনীয়া, নূর হোসেন ও ডাক্তার জিহাদের আত্মত্যাগ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে পাখির মতো গুলি করে হত্যা করা ১৪ শতাধিক মানুষের রক্ত সমভাবে স্মরণীয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

আয়ারল্যান্ড পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে। আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তান সফরে তিনটি ম্যাচের ওয়ানডে সিরিজে অংশগ্রহণ করবে আইরিশরা। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে এই সফরকে নিজেদের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তারা বিবেচনা করছে।

আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে হবে আয়ারল্যান্ডকে। তাই পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, ২০২৭ বিশ্বকাপের দিকে নজর রেখে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেয়ার সুযোগ পাবে পাকিস্তানও।

ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স ডিরেক্টর গ্রায়েম ওয়েস্ট জানিয়েছেন, দুই বোর্ডের আলোচনার ভিত্তিতে একাধিক ফরম্যাটের পরিবর্তে ওয়ানডে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথাও উল্লেখ করেছেন ওয়েস্ট। ঐতিহাসিক এই সফরের মাধ্যমে ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও বেশি ক্রিকেটীয় সম্পর্ক গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

পাকিস্তানের বিপক্ষে মূল সিরিজের আগে দেশটির ‘এ’ দল পাকিস্তান শাহিনসের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। ১৩ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে সেই ম্যাচগুলো। এরপর ২০ থেকে ২৪ জানুয়ারি মাঠে গড়াবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

পাকিস্তান-আয়ারল্যান্ড সিরিজের সূচি

প্রথম ওয়ানডে – ২০ জানুয়ারি

দ্বিতীয় ওয়ানডে – ২২ জানুয়ারি

তৃতীয় ওয়ানডে – ২৪ জানুয়ারি

তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এ খাতের উন্নয়নে সরকারি সেবার পাশাপাশি খামারিদের আরও সচেতন ও আধুনিক হতে হবে। নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন, গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধ এবং উন্নত জাতের পশু-পাখি পালনের ওপর গুরুত্ব দিতে হবে। খামারিদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং মানসম্মত প্রাণিজ পণ্য নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%