ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বরিশালে বিএমপির বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার, চোরাই দুই বাইসাইকেল উদ্ধার


বরিশালে বিএমপির বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার, চোরাই দুই বাইসাইকেল উদ্ধার

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে চোরাই মালামাল উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৪ নভেম্বর) মহানগরীর বিভিন্ন এলাকায় চারটি থানা ও গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক টিম পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে চোরাই মালামাল উদ্ধারের ঘটনায় দুটি বাইসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন, নিয়মিত মামলায় দুজন এবং অন্যান্য আইনে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব বিশেষ অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে বিএমপি।

মহানগরীর অপরাধ নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে মাদকসংক্রান্ত অপরাধ দমনে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। মাদক বিক্রি, সরবরাহ, সংরক্ষণ কিংবা মাদকসংশ্লিষ্ট অপরাধের বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমুক্ত মহানগর গড়ে তুলতে পুলিশের পাশাপাশি নগরবাসীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘হিসাব মেটাতেই’ ইরান হামলা চালাচ্ছে: বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘হিসাব মেটাতেই’ ইরান হামলা চালাচ্ছে: বাহরাইন

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়, তেহরানের সাম্প্রতিক হামলার পর, বিষয়টিকে ‘ইরানের আগ্রাসনের পুনরাবৃত্তি’ হিসেবে চিহ্নিত করে এর নিন্দা জানিয়েছে।

মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর পরিচালিত হামলাগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং ‘কোনো অজুহাতই রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘনকে বৈধতা দিতে পারে না’ বলে জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বাহরাইন নিজেদের ভূখণ্ডকে হিসাব মেটানোর কাজে ব্যবহারের বিষয়টিও প্রত্যাখ্যান করছে এবং এই হামলা ও তার পরিণতির জন্য ইরানকেই পুরোপুরি দায়ী করছে।’

এর আগে বাহরাইনের সামরিক বাহিনী জানিয়েছিল, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির দিকে ধেয়ে আসা ইরানের বেশ কয়েকটি ‘আকাশপথের হামলা’ প্রতিহত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে।

গেল শুক্রবার আইআরজিসি দাবি করে, তারা বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কবার্তা দেওয়া রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ধ্বংস করেছে।

একই দিনে বাহরাইন দুটি ড্রোন প্রতিহত করার কথাও জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পী-কলাকুশলীদের ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে সোচ্চার থাকার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


শিল্পী-কলাকুশলীদের ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে সোচ্চার থাকার আহ্বান

দেশে পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা রোধে শিল্পী, লেখক এবং কলাকুশলীদের সোচ্চার থাকার জন্য আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রোববার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্ম পরিচালক, লেখক, শিল্পী ও কলাকুশলী কল্যাণ ট্রাস্ট বাস্তবায়ন প্রস্তুতি কমিটির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই আহ্বান জানান।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, গণতন্ত্র এবং ভোটাধিকার রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফ্যাসিবাদ ফিরে এলে দেশের গণতন্ত্র আবারও বাধাগ্রস্ত হবে। যারা গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের প্রতি বেঈমানি করা হবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন ও সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মের কল্যাণে ট্রাস্ট গঠনের দাবির প্রেক্ষিতে প্রতিমন্ত্রী জানান, ট্রাস্ট গঠনের প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। এ জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে। তবে ট্রাস্টটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে গঠন করা হবে, নাকি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে, তা নিয়েও আলোচনা প্রয়োজন।

ইয়াসের খান চৌধুরী বলেন, সরকারি উদ্যোগে কোনো কল্যাণ ট্রাস্ট গঠন করা হলে তা বিদ্যমান সরকারি ট্রাস্টগুলোর নীতিমালা ও নিয়মকানুন অনুসরণ করেই পরিচালিত হবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টসহ অন্যান্য কল্যাণমূলক ট্রাস্টের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। ট্রাস্টের কাঠামো এবং পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রেও সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।

তিনি আরও বলেন, ট্রাস্ট গঠনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত এবং পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের প্রস্তাবগুলো পর্যালোচনা করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি সংস্কৃতি মন্ত্রণালয়ের সম্পৃক্ততাও প্রয়োজন হতে পারে। আলোচনার মাধ্যমে কোন মন্ত্রণালয়ের অধীনে ট্রাস্টটি গঠন করা হবে, তা নির্ধারণ করা হবে।

ট্রাস্ট গঠনে কিছুটা সময় লাগতে পারে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এক দিনে সবকিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে সরকার দ্রুত এ কার্যক্রম শুরু করতে চায়। যত কম সময়ের মধ্যে ট্রাস্ট গঠনের উদ্যোগ সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে কাজ করা হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা করবেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা দাবি জানিয়েছেন।

তিনি একটি বিবৃতিতে উল্লেখ করেন, গত ১১ নভেম্বর দিবাগত রাতে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনার পর ১২ নভেম্বর রাতে দৌলতপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন তিনি।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে নুসরাত তাবাসসুম জানতে পেরেছেন যে, আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছিল। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের জেলা ও উপজেলা পর্যায়ের আটজন নেতার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

তিনি আরও বলেন, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে জানিয়েছেন, স্থানীয় পুলিশের প্রাথমিক তদন্তে পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি এবং বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। এ ধরনের দ্বিমুখী বক্তব্য প্রকৃত ঘটনা উদঘাটনে সমস্যা সৃষ্টি করবে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের নাশকতার চেষ্টা করছে। নুসরাত তাবাসসুম জুলাইযোদ্ধা হওয়ায় তাকে ফ্যাসিস্ট শক্তির রোষানলে পড়তে হয়েছে।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ফ্যাসিবাদের শৃঙ্খল ছিঁড়তে যেসব তরুণ-যুবা এগিয়ে এসেছিলেন, চব্বিশ-পরবর্তী বাংলাদেশে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের কাছে অধিকতর নিরপেক্ষতা প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা এবং এই মামলার অগ্রগতি জনগণের সামনে তুলে ধরা সরকারের দায়িত্ব। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য জোর দাবি জানাচ্ছি।

একই সঙ্গে গণতন্ত্রকামী দেশপ্রেমিক শক্তিকে ফ্যাসিস্ট পুনর্বাসন ঠেকাতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার পুনর্বিচারের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি উল্লেখ করেছেন, "আইন অনুযায়ীই বিচার সম্পন্ন হয়েছে; কোনো দেশ বা পক্ষের চাওয়া-পাওয়ার ভিত্তিতে নতুন করে বিচার করার সুযোগ নেই।"

রোববার (১৫ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল। ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামিকে ফেরত দিতে সম্প্রতি বিবিসি বাংলাকে দুটি শর্তের কথা জানায় নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া শর্ত দুটির মধ্যে রয়েছে– মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেয়া এবং গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচার নতুন করে শুরু করা।

ভারতের এমন শর্তের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, "ভারত নিজেরাই যেখানে পুনর্বিচারের আইন বাতিল করেছে, সেখানে তারা কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়?" বিদ্যমান আইনে পুনরায় বিচারের কোনো সুযোগ নেই বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন।

চিফ প্রসিকিউটর আরও জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের জুলুম-নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহে সারা দেশে গণশুনানি করবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত দল। আগামী বুধবার যশোর জেলা থেকে এই গণশুনানি কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রমে জুলাই শহীদ পরিবার ও বিভিন্ন রাজনৈতিক দলসহ সবাইকে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

এদিকে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। অভিযোগ গঠনের প্রায় সাড়ে চার মাস পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই বিচারকাজ শুরু হলো। মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন চট্টগ্রামের জুলাই যোদ্ধা আনিস আহমেদ।

এ মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ মোট ২২ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত ৩০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তবে আসামিপক্ষের বিভিন্ন আবেদনের পরিপ্রেক্ষিতে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ পেছায়।

সাক্ষ্য গ্রহণ উপলক্ষে আজ সকালে এ মামলায় গ্রেফতার থাকা এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলামসহ পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার অপর ১৭ আসামি পলাতক রয়েছেন। পলাতক আসামিদের মধ্যে হাছান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন রয়েছেন।

প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগের মধ্যে প্রথমটিতে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার কথা বলা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যা এবং তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%