০৫:১৫ পি.এম
বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে তিন দিনের সফরে ভারত গেছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলিন। সোমবার (৫ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিনি বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং জনশক্তি চলাচলের সুযোগ বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। খবর এএফপি
এই তিন দিনের সফর এমন একটি সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের (ইএফটিএ) সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির এক বছর পূর্ণ হয়েছে। সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিশটেনস্টাইন—এই চারটি দেশ ইএফটিএর সদস্য। চুক্তির আওতায় আগামী ১৫ বছরে ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ইএফটিএর পক্ষ থেকে।
চুক্তির ফলে শুল্ক কমানোর ব্যবস্থা করা হয়েছে। এর ফলে ভারতীয় কোম্পানিগুলোর জন্য ইএফটিএভুক্ত চার দেশের বাজারে পণ্য রপ্তানি সহজতর হবে। একইসঙ্গে, ভারতেও ইউরোপীয় কোম্পানিগুলোর বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: লাওসে সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার অভিযোগে ১৩ বাংলাদেশি আটক
সোমবার এক সংবাদ সম্মেলনে সুইস প্রেসিডেন্ট গি পারমেলিন মন্তব্য করেন, তার এই সফর দুই দেশের সম্পর্কের আরো অগ্রগতির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, দুই দেশ একসঙ্গে যতটা পথ অতিক্রম করেছে, তা উদ্যাপনের পাশাপাশি ভবিষ্যতে সম্পর্ক কীভাবে আরো উন্নত করা যায়, সেটিও বিশেষ গুরুত্ব বহন করে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক সম্মেলনে অংশ নিতে ভারত সফর করেছিলেন পারমেলিন।
এদিকে, ইএফটিএর সঙ্গে বাণিজ্য চুক্তির ক্ষেত্রে পারমেলিনের ব্যক্তিগত সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ধন্যবাদ জানিয়েছেন।
যৌথ সংবাদ সম্মেলনে মোদি বলেন, ভারতের রপ্তানির জন্য সুইজারল্যান্ডের বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে বিনিয়োগের প্রক্রিয়া সহজ করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: স্পেনের আদালত ফিলিস্তিনপন্থী মার্কিন সমাজহিতৈষীকে শর্তসাপেক্ষ জামিন দিল
মোদি আরও বলেন, এসব উদ্যোগের ফলে সুইজারল্যান্ডে ভারতের কৃষিপণ্য, ওষুধ, বস্ত্র এবং প্রকৌশল পণ্যের রপ্তানি বৃদ্ধি পাবে। পাশাপাশি, বায়োটেকনোলজি, জীবনবিজ্ঞান, ব্যাংকিং, বিমা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং টেকসই উন্নয়নসহ গুরুত্বপূর্ণ খাতে নতুন সুইস বিনিয়োগ আকৃষ্ট হবে।
দুই দেশের সরকার সোমবার জনশক্তি চলাচল সংক্রান্ত একটি চুক্তিতে সই করেছে। মোদি বলেন, এর ফলে সুইজারল্যান্ডে ভারতীয় শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য আরো সুযোগ সৃষ্টি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন