০৯:০৩ এম
গোপালগঞ্জের মুকসুদপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিস্ফোরক আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ মামলাটি করেন। তিনি টেংরাখোলা গ্রামের কামাল শরীফের ছেলে।
আজ রোববার দুপুরে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৯ নভেম্বর রাত ১০টার দিকে বাদী আব্দুল কাইয়ূম শরীফ মুকসুদপুর সদর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় মুকসুদপুর সরকারি কলেজের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী ঘোষিত কর্মসূচি সফল করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। খবর পেয়ে মুকসুদপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত আকিজ জুট মিলের দিকে চলে যান। বাদীও তাদের পিছু নিয়ে জুট মিলের দিকে এগিয়ে যান। পরে পুলিশের অপর একটি টহল দল ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে তারা জুট মিলের অপর পাশে দাসেরহাট সড়কের মুখে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করেন।
আরও পড়ুন: কুলাউড়ায় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এ ঘটনার পর গত শনিবার দুপুরে মুকসুদপুর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি সফল করার নামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন