০৯:০৭ এম
বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ২৪.১৭ বিলিয়ন ডলার। এর মধ্যে ভারতের সঙ্গে ঘাটতি ৭,৮৬০ মিলিয়ন ডলার। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে পৃথক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য প্রকাশ করেন। সংসদের বৈঠক শুরু হলে, ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রথমে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
সংরক্ষিত আসনের নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে ৫৫.১৯ বিলিয়ন ডলার রপ্তানি করা হয়েছে। এর বিপরীতে আমদানির পরিমাণ ৭৯.৩৬ বিলিয়ন ডলার। ফলে বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ২০২টি গন্তব্যে পণ্য রপ্তানি করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, দেশের রপ্তানি বাণিজ্যের ৮৪ শতাংশ তৈরি পোশাক খাত থেকে আসে। বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হলে বিভিন্ন ট্রেডিং স্কিমের আওতায় অগ্রাধিকার বাজার সুবিধা হারাবে। এর ফলে ১৭.৫ বিলিয়ন ডলার রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: পোশাকশিল্প বাঁচাও, বেসরকারি খাত বাঁচাও
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের কেরামত আলীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সাফটা ও আপটা সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ভারতের বাজারে তামাক ও মদ জাতীয় ২৫টি পণ্য ব্যতীত সব পণ্যের ওপর শুল্কমুক্ত-কোটামুক্ত প্রবেশ সুবিধা পাচ্ছে।
ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমদানি ও রপ্তানি তথ্য অনুযায়ী সার্কভুক্ত দেশ আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। মন্ত্রীর তথ্য অনুযায়ী, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে। দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৭,৮৬০ মিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরে ভারতে রপ্তানি হয়েছে ১,৭৬৪ মিলিয়ন ডলার, আর একই সময়ে আমদানি হয়েছে ৯,৬২৪ মিলিয়ন ডলার।
এদিকে ঢাকা-১১ আসনের এনসিপির নাহিদ ইসলামের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ভারতের সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরে বাণিজ্য ঘাটতির তথ্য উল্লেখ করেন। মন্ত্রীর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি ৯,২৪৬.৪১ মিলিয়ন ডলার। ওই অর্থবছরে বাংলাদেশ ভারতে ১,৮০২.১৭ মিলিয়ন রপ্তানির বিপরীতে ভারত থেকে আমদানি করেছে ১১,০৪৮.৫৮ মিলিয়ন ডলার। মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও ভারতের সঙ্গে ১১,৩৮৮.৩৩ মিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পাদিত হয়েছে। যার মধ্যে বাংলাদেশ ১,৭৬৪.২৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে।
কুমিল্লা-৯ আসনের মো. আবুল কালামের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৬ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২৪ কোটি ২৬ লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে। এটি ২০২৫ সালের তুলনায় ৪২.৭৯ শতাংশ কম। ২০২৫ সালের বাণিজ্য মেলায় রপ্তানি আদেশের পরিমাণ ছিল ৩৯২ কোটি টাকার।
আরও পড়ুন: দেশের বাজারে আজ সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমে বিক্রি হচ্ছে
সিরাজগঞ্জ-১ আসনের সেলিম রেজার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, কৃত্রিম সংকট প্রতিরোধ এবং অসাধু ব্যবসায়ীদের অনিয়ম নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করাকে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, বাজারে সিন্ডিকেট ও কারসাজি ঠেকাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
সংরক্ষিত আসনের সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, বর্তমান সরকারের সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে চার লাখ ৯৬ হাজার ১৫ জন কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হয়েছে।
আরও পড়ুন: মধুমতি ব্যাংক ও প্রিমিয়াম ট্যুরসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
দেশে খাদ্য ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী
বাগেরহাট-১ আসনের মশিউর রহমানের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজ খানম জানান, ২০২৫-২৬ অর্থ বছরে দেশে খাদ্যশস্য উৎপাদন হয়েছে ৪৩৪.৯৬ লাখ টন। এর মধ্যে চাল ৪২৪.৬৭ লাখ টন ও গম ১০.২৯ লাখ টন। চলতি ২০২৬-২৭ অর্থ বছরে খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫৩.৪৩ লাখ টন।
মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে ৪২৪.৬৭ লাখ টন উৎপাদনের বিপরীতে চালের চাহিদা ছিল ৪২৩ লাখ টন। এছাড়া সরকার ও বেসরকারি পর্যায়ে ১২.৬৯ লাখ টন আমদানি করায় চালের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৩৭.৩৩ লাখ টন। ফলে দেশে চালের কোনো ঘাটতি নেই। বর্তমানে খাদ্যশস্যের নির্ধারিত নিরাপত্তা মজুত ১৪ লাখের বিপরীতে মজুতের পরিমাণ ২১.৪৭ লাখ টন। দেশে এই মুহূর্তে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই।
এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন অনুযায়ী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শুধু আইন প্রয়োগ করে খাদ্যে ভেজাল বন্ধ করা কঠিন। এজন্য মানুষের মধ্যে নৈতিকতা ও সচেতনতা তৈরি করা জরুরি।
আরও পড়ুন: আইসিসিবিতে তিন দিনব্যাপী জ্যাকারি পোর্টেবল পাওয়ার স্টেশন প্রদর্শনী সম্পন্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন