০৬:২০ পি.এম
বগুড়ায় নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর ১৫ ফুট লম্বা একটি ব্যানারসহ আদমদীঘি উপজেলা ছাত্রলীগের কর্মী সাকিব আল হাসানকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাতে আদমদীঘি সদর ইউনিয়নের তালসন গ্রামের কালিবাড়ী মোড়ে একটি চায়ের দোকানের পেছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাকিব ওই গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে।
এ ঘটনার প্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। সোমবার সকালে সাকিবকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: শাবিপ্রবির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ সেলসম্যানের বিরুদ্ধে
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আদমদীঘি সদর ইউনিয়নের তালসন গ্রামের কালিবাড়ী মোড়ে একটি চায়ের দোকানের পেছনে ৩৫ জন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী সমবেত হন। সেখানে তারা আদমদীঘি থানা এলাকাসহ বগুড়া জেলার বিভিন্ন স্থানে নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, যানবাহন ভাঙচুর, সরকারি স্থাপনা ক্ষতিসাধন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা করছিলেন। ঘটনাটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রবিবার রাত ৮টার দিকে সেখানে অভিযান পরিচালনা করেন পুলিশ। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া জানিয়েছেন, ‘গ্রেপ্তার সাকিবের কাছ থেকে ১৫ ফুট বাই ৩ ফুট আকারের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি রঙিন ব্যানার উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের একটি নাশকতা মামলাও রয়েছে, তবে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতাসংক্রান্ত একটি মামলা হয়েছে। সেই মামলায় উপজেলা ছাত্রলীগের কর্মী সাকিব আল হাসানও আসামি ছিলেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন