১০:০৫ পি.এম
বাগেরহাট, ২৫ আগস্ট, ২০২৬ : জেলার ফকিরহাটে একটি মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের দাবি, চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে সেগুলো বিক্রি করা হতো। সোমবার রাত ১০টার দিকে ফকিরহাট উপজেলা বাজারে রেজাউর রহমান পলাশের ‘পুষ্প টেলিকম’ নামের মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে এক প্রেস বিফ্রিং এ তথ্য জানান পুলিশ সুপার হাসান মো. নাছের রিকাবদার।
আরও পড়ুন: প্রাপ্য সেবা নিশ্চিত করতে চেয়ারম্যান পদে লড়বেন সেচ্ছাসেবক দল নেতা রঙ্গিন
গ্রেফতার ব্যক্তিরা হলেন, ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর এলাকার শেখ সিদ্দিকুর রহমানের ছেলে রেজাউর রহমান পলাশ (৩৪), আতাইকাঠি এলাকার আক্কেল আলী শেখের ছেলে মো. অহিদুল ইসলাম (২৬), খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ এলাকার চৈতন্য সাহার ছেলে চন্দন সাহা (৩০) এবং বাগেরহাটের ভট্ট বালিয়াঘাটা এলাকার জাহাঙ্গীর খানের ছেলে মো. হুছাইন খান (২২)।
পুলিশ সুপার জানান, অভিযানের সময় আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারা হলেন ফকিরহাটের পাগলা শ্যামনগর এলাকার শেখ সিদ্দিকুর রহমানের ছেলে মো. শিমুল শেখ (২৫), আট্টাকী এলাকার কাদের ফকিরের ছেলে মো. শফিকুল ফকির (২২) এবং খুলনার রূপসা উপজেলার নারকেলী চাদপুর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে তৌফিকুর রহমান (৩৪)। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৫৯টি মোবাইল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন, যে তারা পুষ্প টেলিকমে চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে সেগুলো বিক্রি করতো। তাদের মধ্যে রেজাউর রহমান পলাশের বিরুদ্ধে আগে একটি চুরির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা ৫৯টি মোবাইল ফোন মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে মাদক বিরোধী সমাবেশে মাদকে না করার জন্য পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান ওসি সাহেবের,
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন