০৩:৩৬ পি.এম
ফরেস্ট গেট এলাকা, নগরীর একটি ব্যস্ত সড়ক। পাশেই শিক্ষা বোর্ড। মানুষের চলাচল অব্যাহত থাকলেও, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন বা বড় সাজ্জাদের এক সময়ের সহযোগী ইমতিয়াজ সুলতান ইকরামের ওপর গুলি চালানো হয়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুরো ঘটনার কিছু অংশ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইকরামের দিকে গুলি করতে আসে পাঁচজনের একটি দল। তাদের মধ্যে একজন হেলমেট পরে ছিল। ওই ব্যক্তি গুলি ছুড়তে ছুড়তে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়। হামলাকারীরা একটি মোটরসাইকেলে আসেনি। তারা তিন থেকে চারটি মোটরসাইকেলে করে এলাকা প্রবেশ করে। মোটরসাইকেলগুলোও এক জায়গায় না রেখে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছিল।
পুলিশ ঘটনার পর ফুটেজ সংগ্রহ করেছে। হামলাকারীদের শনাক্ত করার জন্য মোটরসাইকেলের নম্বর ধরে এগোচ্ছে তারা। ইতিমধ্যে কয়েকটি মোটরসাইকেলের নম্বর সংগ্রহ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: মাহমুদুর রহমানের বক্তব্যের ৩০ মিনিটের মধ্যে জাহাঙ্গীর গেটের বিলবোর্ড থেকে হাসিনার ছবি অপসারিত
বুধবার সকালে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজ্জামেল হক আমার দেশকে বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। হামলাকারীরা তিন থেকে চারটি মোটরসাইকেলে করে এসেছিল। মোটরসাইকেলগুলো ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছিল। কয়েকটি মোটরসাইকেলের নম্বর সংগ্রহ করতে পেরেছি। এগুলোর সূত্র ধরে হামলাকারীদের গ্রেপ্তার করা আমাদের জন্য সহজ হবে।’
মামলার বিষয়ে ওসি আরও বলেন, ‘ভুক্তভোগী ইকরামের স্ত্রীর সঙ্গে গতকালও কথা বলেছি। তিনি চিকিৎসাসংক্রান্ত কাজে ব্যস্ত ছিলেন। আজকে এলে মামলা নেব।’
পাঁচজনের দল এবং ছড়িয়ে রাখা মোটরসাইকেল সিসিটিভি ফুটেজে হামলাকারীদের চলাচলের ধরন থেকে বোঝা যায়, ঘটনাস্থলে আসার ক্ষেত্রে তারা একাধিক মোটরসাইকেল ব্যবহার করেছিল। তিন থেকে চারটি মোটরসাইকেলে করে আসা পাঁচজনের দলটি মোটরসাইকেলগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে রাখে। এতে এক জায়গায় সবাইকে জড়ো হতে হয়নি। হামলার পর দ্রুত সরে যাওয়ার সুযোগও তৈরি হয়।
ফুটেজে হেলমেট পরা একজনকে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যেতে দেখা গেছে। তবে ফুটেজে থাকা ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। মোটরসাইকেলের নম্বর শনাক্ত করা গেলে তাদের চলাচলের পথ ও মালিকানা সম্পর্কে তথ্য পাওয়ার আশা করছে তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আরও পড়ুন: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ইমরান খান, চিকিৎসা শেষে ফের কারাগারে
গুলিবিদ্ধ ইমতিয়াজ সুলতান ইকরাম চট্টগ্রামের অপরাধজগতের আলোচিত নাম। তিনি একরামুল হক নামেও পরিচিত। তাঁর বাড়ি নগরের মুরাদপুর এলাকায়। একসময় সন্ত্রাসী বড় সাজ্জাদ ওরফে সাজ্জাদ আলী খানের সহযোগী হিসেবে তাঁর নাম এসেছিল। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
২০২৪ সালের জুনে পাঁচলাইশ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। তখন তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকার কথা জানিয়েছিল পুলিশ। পরে ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি র্যাব-৭ বায়েজিদ বোস্তামী লিংক রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ৫৬টি গুলি উদ্ধারের কথা জানায় র্যাব।
তৎকালীন র্যাবের দাবি, ইকরাম একসময় বড় সাজ্জাদের সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তবে ইকরামের পরিবারের দাবি, তিনি ব্যবসায়ী এবং তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে সহায়তা, এরপর বিরোধ ইকরামকে ঘিরে বড় সাজ্জাদের সঙ্গে বিরোধের বিষয়টি সামনে আসে ২০২৫ সালের মার্চে। ওই বছরের ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে ইকরাম ও তাঁর স্ত্রী রুমা আক্তার স্মৃতি পুলিশকে সহায়তা করেছিলেন।
আরও পড়ুন: বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আগামীকাল ‘এমসিজে উৎসব’
এরপর ২০ মার্চ রুমা আক্তার স্মৃতি পাঁচলাইশ থানায় নিরাপত্তা চেয়ে মামলা করেন। তাঁদের অভিযোগ ছিল, ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে সহায়তা করায় বড় সাজ্জাদ ও তাঁর অনুসারীরা তাঁদের হুমকি দিচ্ছেন। এ ঘটনার পর তাঁদের বাসায় পুলিশি নিরাপত্তা দেওয়ার খবরও প্রকাশিত হয়েছিল।
অর্থাৎ, একসময় বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত ইকরাম পরবর্তী সময়ে তাঁর বিরোধী অবস্থানে চলে যান বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে।
সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ চট্টগ্রামের অপরাধজগতের দীর্ঘদিনের আলোচিত নাম। তাঁর বাড়ি নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায়। নব্বইয়ের দশকের শেষ দিকে তাঁর নাম অপরাধজগতে আলোচনায় আসে। ১৯৯৯ সালের ২ জুন পাঁচলাইশ ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর লিয়াকত আলী খান হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর নাম উঠে আসে। ২০০০ সালের ১ অক্টোবর তাঁকে একে-৪৭ রাইফেলসহ গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
পরবর্তী সময়ে তিনি দেশের বাইরে অবস্থান করেন। বিদেশে থেকেও চট্টগ্রামের অপরাধজগতের একটি অংশ নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে চাঁদাবাজি, অস্ত্রের ব্যবহার ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী জলবায়ু তহবিলের অনুদানের বিষয় তুলে ধরবেন: শামা ওবায়েদ
ইকরামের স্ত্রী সূচির অভিযোগ, বড় সাজ্জাদের অনুসারীরাই এবার তাঁর স্বামীকে গুলি করেছে। তবে হামলার সঙ্গে বড় সাজ্জাদের সরাসরি সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত হয়নি।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন