ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দ. কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিও-জিনের পদত্যাগ পরীক্ষায় জালিয়াতির ঘটনায়


দ. কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিও-জিনের পদত্যাগ পরীক্ষায় জালিয়াতির ঘটনায়

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : পরীক্ষায় জালিয়াতির ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের জন্য তীব্র সমালোচনার মুখে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিও-জিন পদত্যাগ করেছেন।

গত সপ্তাহে দেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে এই জালিয়াতির ঘটনা প্রকাশ পায়।

এটি সম্পর্কে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে খ্রিষ্টানদের ওপর হামলা ও হয়রানি বেড়েছে: ধর্মীয় নেতাদের অভিযোগ

দেশটির জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী স্বীকার করেছেন, তিনি ক্ষুদ্রাকৃতির ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে প্রায় পূর্ণ নম্বর অর্জন করেছেন।

গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ অনুষ্ঠিত হওয়ার মাত্র চার দিন আগে এই ঘটনা সামনে আসায় দেশজুড়ে এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির আশঙ্কা তৈরি হয়।

প্রতিবছর অনুষ্ঠিত নয় ঘণ্টার এই সুনেউং পরীক্ষা দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উচ্চ বেতনের চাকরি, এমনকি ভালো জীবনসঙ্গী পাওয়ার ক্ষেত্রেও এ পরীক্ষার ফল গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

জালিয়াতির ঘটনা স্বীকার করার পর পরীক্ষায় অসদুপায় ঠেকাতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে উন্মুক্ত ওয়াই-ফাই সংযোগ বন্ধ করা এবং পরীক্ষার্থীদের পোশাকের বোতামের ওপর স্টিকার লাগানোর মতো পদক্ষেপ নেওয়া হয়।

আরও পড়ুন: কলম্বিয়ার সহিংসতা বন্ধে পুরস্কার ও শাস্তি—দুই কৌশলই প্রয়োজন: নোবেলজয়ী সান্তোস

তবে এসব উদ্যোগের পরও শিক্ষামন্ত্রী চোই কিও-জিন জনমনে আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হননি।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চোই উল্লেখ করেছেন, ‘কোনো বড় ধরনের ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আগে থেকে যথাযথ প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে জনগণের সমালোচনা থেকে নিজেকে দায়মুক্ত মনে করি না।’

তিনি আরও লিখেছেন, ‘পরীক্ষা শেষ হয়েছে। এখন আমি এর সম্পূর্ণ দায়ভার গ্রহণ করে পদত্যাগের প্রস্তাব দিচ্ছি।’

প্রেসিডেন্ট লি জে মিয়ং তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে।

আরও পড়ুন: মঙ্গল গ্রহে বরফের নিচে রহস্যময় 'গাছের বন' আবিষ্কার

এর আগে, সোমবার পার্লামেন্টের এক শুনানিতে পরীক্ষার দিন সম্ভাব্য জালিয়াতদের শনাক্ত করতে কর্তৃপক্ষ সক্ষম কি না, এমন প্রশ্ন করা হয় ৭২ বছর বয়সী শিক্ষামন্ত্রীকে।

জবাবে তিনি বলেন, ‘আমার বয়সের কারণে আমি এ বিষয়ে আত্মবিশ্বাসী নই।’

তার এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবারের পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনিয়মের ১১১টি ঘটনা শনাক্ত করা হয়েছে।

আরও পড়ুন: ধর্মঘটের কারণে সোমবার অচল হয়ে পড়তে পারে বেলজিয়ামের বিমান চলাচল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দরে রুশ তেলবাহী জাহাজের মালিকানা দাবি করে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


চট্টগ্রাম বন্দরে রুশ তেলবাহী জাহাজের মালিকানা দাবি করে মামলা

মালিকানা সংক্রান্ত বিরোধের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আদালতের নির্দেশে রাশিয়ার তেলবাহী ট্যাংকার এমটি বেল্লা-১ জব্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জব্দের পর নিলামে বিক্রি হওয়া জাহাজটির মালিকানা দাবি করে বাংলাদেশের হাইকোর্টে মামলা দায়ের করেছে রাশিয়ার প্রতিষ্ঠান বুরেভেস্টমারিন এলএলসি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এই বিষয়ে জানান, জাহাজটি গত ৪ নভেম্বর বন্দরের জলসীমায় প্রবেশ করে। পরদিন আদালতের আদেশে জাহাজটি জব্দ করা হয়। তিনি আরও বলেন, "এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আদালতের আদেশের ওপর নির্ভর করছে।"

মার্কিন আদালতের নিলামে জাহাজটি কিনে বাংলাদেশের পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রির কাছে বিক্রি করে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান গ্লোবাল মার্কেটিং সিস্টেমস (জিএমএস)। এর ফলে মালিকানা বিরোধে ত্রিপক্ষীয় জটিলতা সৃষ্টি হয়েছে।

রুশ প্রতিষ্ঠানটির দায়ের করা অ্যাডমিরালটি মামলার প্রেক্ষিতে গত ৫ নভেম্বর হাইকোর্ট জাহাজটির জব্দের পরোয়ানা জারি করে। মামলায় জাহাজটির মালিকানা ঘোষণা ও দখল ফিরে পাওয়ার পাশাপাশি এক কোটি সাত লাখ ৩১ হাজার ৯১৮ ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

আদালতের নির্দেশে জাহাজটি যাতে বাংলাদেশের জলসীমা ছেড়ে যেতে না পারে, সে জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। জাহাজটিতে আনসার ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে এবং সার্বক্ষণিক যোগাযোগ পর্যবেক্ষণ করা হচ্ছে।

জানা গেছে, ২০০২ সালে নির্মিত ট্যাংকারটির নাম আগে ছিল বেল্লা-১। এটি ভেনেজুয়েলা, ইরান ও রাশিয়ার নিষিদ্ধ তেল পরিবহনের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসে। চলতি বছরের ৭ জানুয়ারি যুক্তরাজ্যের সহায়তায় আইসল্যান্ডের দক্ষিণে মার্কিন বাহিনী জাহাজটি জব্দ করে। পরে মার্কিন ফেডারেল আদালতের নিলামে জিএমএস এটি কিনে পিএইচপির কাছে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে।

আমদানি-সংক্রান্ত তথ্য নির্ধারিত সময়ে জমা না দেওয়ার কারণে চট্টগ্রাম কাস্টম হাউস জাহাজটি ও সংশ্লিষ্ট শিপিং এজেন্টদের বিরুদ্ধে আইনি কার্যক্রম শুরু করেছে। এতে আদালতের মালিকানা বিরোধের নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত জাহাজটি স্ক্র্যাপ করার কার্যক্রম বন্ধ থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঁশের চাটাইয়ের সিলিংয়ে কালো ব্যাগে লুকানো ছিল ৫ লাখ ৩০ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


বাঁশের চাটাইয়ের সিলিংয়ে কালো ব্যাগে লুকানো ছিল ৫ লাখ ৩০ হাজার টাকা

চট্টগ্রামের ফটিকছড়ির পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ভূজপুর থানা পুলিশ ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করেছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ শুক্রবার (২১ নভেম্বর) রাতে প্রধান আসামি জাবেদের বসতঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর থেকে কালো ব্যাগে রাখা ৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। এর আগে প্রধান আসামি জাবেদের কাছ থেকে তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছিল। বাকি দুই লাখ টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চবটি চা বাগানের ভেতরে মসজিদসংলগ্ন কাঁচা রাস্তায় সহকারী ব্যবস্থাপক নেপাল দাশ (৬০) ও পল্লী চিকিৎসক বাবুল দাশকে (৫৩) ধারালো ছুরি দিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ সময় তাঁদের কাছে থাকা চা শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

ঘটনার পরপরই চা শ্রমিকদের সহযোগিতায় অভিযান চালিয়ে মোহাম্মদ আবু ও জিহান উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে পঞ্চবটি চা বাগানসংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে সম্রাট ও রাশেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে ১৬ অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রধান আসামি জাবেদকে (৩৩) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে তিন হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আবু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার তদন্তের ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর ভূজপুর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মো. সুমন ওরফে সিসিলেনকে (২২) গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি জানান, ছিনতাইয়ের টাকা থেকে জাবেদ তাঁকে ১০ হাজার টাকা দিয়েছিলেন। বাকি টাকা জাবেদের স্ত্রী লিলু আক্তারের কাছে রয়েছে।

সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২১ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জাবেদের বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় জাবেদের স্ত্রী লিলু আক্তারের দেখানো ও স্বীকারোক্তি অনুযায়ী বসতঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর থেকে একটি কালো ব্যাগে রাখা ৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় লিলু আক্তারকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, এ পর্যন্ত গ্রেপ্তার সাতজন হলেন- মো. সম্রাট (২৪), মো. রাশেদ (২৪), মোহাম্মদ আবু (২২), জিহান উদ্দীন (২৪), মো. জাবেদ (৩৩), মো. সুমন ওরফে সিসিলেন (২২) এবং লিলু আক্তার (২৭)। তাঁদের মধ্যে আবু ও সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ভূজপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, এ ঘটনায় ১৬ অক্টোবর ভূজপুর থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা করা হয়। ছিনতাই হওয়া ৭ লাখ ৩৩ হাজার টাকার মধ্যে এ পর্যন্ত মোট ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলম্বিয়ার সহিংসতা বন্ধে পুরস্কার ও শাস্তি—দুই কৌশলই প্রয়োজন: নোবেলজয়ী সান্তোস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


কলম্বিয়ার সহিংসতা বন্ধে পুরস্কার ও শাস্তি—দুই কৌশলই প্রয়োজন: নোবেলজয়ী সান্তোস

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নোবেল শান্তি পুরস্কারজয়ী হুয়ান ম্যানুয়েল সান্তোস জানিয়েছেন, দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোকে পরাজিত করার জন্য বর্তমান প্রেসিডেন্টের সামরিক শক্তি প্রয়োগের কৌশল শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য। তিনি উল্লেখ করেছেন, সহিংসতা বন্ধ করতে পুরস্কার ও শাস্তি—দুই ধরনের পদক্ষেপের প্রয়োজন রয়েছে।

এএফপি’র খবর অনুযায়ী, ফার্ক গেরিলাদের সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরের মাধ্যমে দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটানোর জন্য ৭৫ বছর বয়সী সান্তোস নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন। ২০১৬ সালের ২৪ নভেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়। ফার্কের সঙ্গে কলম্বিয়া সরকারের পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটায় এই চুক্তিটি।

এক দশক পর আবারও সহিংসতা বৃদ্ধি পাচ্ছে দেশে। নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার নীতির কারণে সান্তোস মনে করেন, তার শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ ও অর্জন হুমকির মুখে পড়েছে।

বোগোতায় নিজের শান্তি প্রতিষ্ঠাবিষয়ক ফাউন্ডেশনে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বর্তমান সরকার বুঝতে পারছে না যে, আমাদের যেসব সমস্যা রয়েছে, তার অনেকগুলোর সমাধানের সবচেয়ে ভালো উপায় হলো ২০১৬ সালের শান্তিচুক্তি বাস্তবায়ন করা।’

যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলার দাবি, শান্তিচুক্তির আওতায় ফার্ক যোদ্ধারা নিজেদের অপরাধ স্বীকার করার বিনিময়ে কারাদণ্ড থেকে রেহাই পেয়েছেন। তিনি মনে করেন, এতে অপরাধ করেও শাস্তি এড়ানোর সংস্কৃতি তৈরি হয়েছে।

প্রেসিডেন্ট অঙ্গীকার করেছেন, অবশিষ্ট সব সশস্ত্র গোষ্ঠী, এমনকি ফার্কের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশগুলোকেও ‘কবরস্থানে অথবা কারাগারে’ পাঠানো হবে। এই লক্ষ্যে তিনি এসব গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলাও জোরদার করেছেন।

শান্তি নিয়ে রাজনীতি

ফার্কের বিরুদ্ধে লড়াইয়ে সান্তোস দ্বিমুখী কৌশল গ্রহণ করেছিলেন। কিউবায় চার বছর ধরে শান্তি আলোচনা চলাকালীন তিনি গেরিলাদের ওপর সামরিক চাপ অব্যাহত রেখেছিলেন। একই সঙ্গে অস্ত্র ত্যাগ করলে তাদের রাজনীতিতে অংশগ্রহণ, সমাজে পুনর্বাসন এবং কারাদণ্ড এড়িয়ে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ দিয়েছিলেন।

ওই শান্তিচুক্তির ফলে ফার্কের বোমা হামলা, হত্যাকাণ্ড ও জিম্মি করার মতো সহিংস কর্মকাণ্ডের অবসান ঘটে।

তবে গত দুই বছরে দেশে আবারও সহিংসতা বেড়েছে। অবশিষ্ট গেরিলা গোষ্ঠী ও মাদকচক্রগুলোর মধ্যে কোকেনের ব্যবসা, অবৈধ স্বর্ণখনি এবং চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত চলছে।

২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা সান্তোসের কার্যালয়ের একটি বিশেষ স্থানে ফিতা দিয়ে বাঁধা শান্তিচুক্তির মূল কপিটি সংরক্ষিত রয়েছে।

চুক্তির কিছু গুরুত্বপূর্ণ অংশ বাস্তবায়নে অগ্রগতি না হওয়ার জন্য রাজনীতিবিদদের দায়ী করেন তিনি। তার মতে, ‘কয়েকটি ভোটের আশায়’ রাজনীতিবিদরা এ নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছেন।

কলম্বিয়ার অনেক এলাকায় শান্তির সুফল পাওয়া গেলেও মাদক পাচারের সঙ্গে জড়িত বিদ্রোহী গোষ্ঠীগুলো আবারও গাড়িবোমা হামলা ও ড্রোন হামলা জোরদার করেছে। গত বছর তারা একজন প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যা করে।

সান্তোস বলেন, ‘এই নতুন সহিংসতা অবশ্যই দমন করতে হবে। আমি সব সময়ই বলে আসছি, এর জন্য পুরস্কার ও শাস্তি—দুই পদ্ধতিই প্রয়োগ করতে হবে। অন্যথায় এ প্রচেষ্টা ব্যর্থ হবে।’

এ সময় তিনি অবশিষ্ট গেরিলা গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনায় বসতে বর্তমান প্রেসিডেন্টের অনীহার প্রসঙ্গ উল্লেখ করেন।

শান্তিচুক্তির মাধ্যমে কলম্বিয়াকে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে তুলে ধরা সম্ভব হয়েছে বলে গর্ববোধ করেন সান্তোস। এর ফলে দেশটিতে পর্যটক ও বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। তবে চুক্তির কিছু সীমাবদ্ধতা রয়েছে বলেও স্বীকার করেন তিনি।

শান্তিচুক্তির আওতায় গঠিত বিশেষ শান্তি আদালত (জেইপি) মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করা সাবেক ফার্ক নেতাদের এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রথম কারাদণ্ডবিহীন সাজা ঘোষণা করতে সাত বছর সময় নেয়।

বর্তমান প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা আদালতটির বাজেট কমানোর হুমকি দিয়েছেন। সান্তোস স্বীকার করেন, আদালতটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে পুনর্মিলন ও সমঝোতা প্রতিষ্ঠায় এটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে’ বলে তিনি মনে করেন।

প্রেসিডেন্ট হওয়ার আগে সান্তোস ছিলেন কঠোর অবস্থানের প্রতিরক্ষামন্ত্রী। সে সময় ফার্কের বিরুদ্ধে সামরিক অভিযানে বেশ কিছু সাফল্য আসে। এর মধ্যে ২০০৮ সালে সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ইনগ্রিড বেতানকুরকে মুক্ত করার ঘটনাও উল্লেখযোগ্য। ফার্ক গেরিলারা তাকে ছয় বছর ধরে জিম্মি করে রেখেছিল।

২০১১ সালে শান্তি আলোচনায় বসার আগে তিনি ফার্কের শীর্ষ নেতা আলফোনসো কানোকেও হত্যার নির্দেশ দিয়েছিলেন।

ফার্কের সঙ্গে শান্তি আলোচনা শুরু করায় দেশটির কট্টর ডানপন্থীরা তাকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দিয়েছিল।

- অতীতের সহিংসতায় ফিরে যাওয়ার আশঙ্কা -

বর্তমান প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলার কঠোর ও যুদ্ধংদেহী বক্তব্যের কারণে কলম্বিয়ায় আবারও সংঘাতমুখর রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে।

কোটি কোটি ডলারের সম্পদের মালিক এই আইনজীবী প্রেসিডেন্ট কোমরে পিস্তল ঝুলিয়ে সামরিক অভিযান তদারক করেছেন। এমনকি লাশের ব্যাগে মোড়ানো নিহত যোদ্ধাদের সামনে দাঁড়িয়েও তাকে ছবি তুলতে দেখা গেছে।

সান্তোস আশঙ্কা করছেন, এ ধরনের কঠোর সামরিক নীতি আবারও ‘ফলস পজিটিভস’ ঘটনার জন্ম দিতে পারে। এ ধরনের ঘটনায় সামরিক বাহিনীর সদস্যরা নিরীহ বেসামরিক মানুষকে হত্যা করে তাদের বিদ্রোহী হিসেবে পরিচয় দিতেন। সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবের শাসনামলে সংঘটিত এসব হত্যাকাণ্ড দেশটির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে রয়েছে।

সান্তোস বলেন, ‘আমি আশা করি, আমরা অতীতের সেই অন্ধকার সময়ে ফিরে যাব না।’

এ প্রসঙ্গে তিনি ভিয়েতনাম যুদ্ধের সময়কার মতো নির্বিচারে হত্যার লক্ষ্য নির্ধারণের আশঙ্কার কথাও উল্লেখ করেন।

গত পাঁচ দশক ধরে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত মাদকবিরোধী যুদ্ধকেও ব্যর্থ বলে অভিহিত করেন তিনি।

সান্তোস প্রশ্ন তোলেন, ‘এর প্রকৃত ফলাফল কী হয়েছে?’ তিনি কোকেনসহ বিভিন্ন মাদকদ্রব্য বৈধ করার বিষয়ে প্রকাশ্য আলোচনা শুরুর আহ্বান বারবার জানিয়ে আসছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ মন্তব্যের জন্য যুবলীগ নেত্রী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ মন্তব্যের জন্য যুবলীগ নেত্রী গ্রেফতার

‘সরকারের ৯০% পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলে পড়ে যাবে’ এই বক্তব্যের সঙ্গে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে নড়াইল জেলা যুবলীগের নেত্রী পাপিয়া সুলতানাকে গ্রেফতার করেছে পুলিশ।

মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান রোববার (২২ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মিরপুর-২ নম্বরের একটি বাসা থেকে মিরপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

ওসি মো. হাফিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মিরপুর-২ নম্বর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেফতার করা হয়েছে। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নাশকতার সঙ্গে জড়িত বলে জানা গেছে। টুঙ্গিপাড়া নাশকতাকারীদের সঙ্গে তার যোগাযোগের সত্যতা পাওয়া গেছে।

গ্রেফতারের দিনও পাপিয়া সুলতানা তার ফেসবুকে পোস্ট করেছেন, ‘আমি গ্রেফতার হলেও সমস্যা নাই, আপনারা চালিয়ে যাবেন, সরকারের ৯০% পতন হয়ে গেছে, আপনারা বাকিটা ধাক্কা দিলেই পড়ে যাবে’। এছাড়াও তার ফেসবুকে ‘আমি ৭১ ধারণ করি, শেখ হাসিনা প্রশ্নের আপসহীন’ সহ অন্যান্য পোস্টও রয়েছে।

ওসি হাফিজ আরও জানান, এই ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%