০১:৪০ এম
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় একটি গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস বের হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে।
রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর উখিয়ার ছোট ইনানী এলাকায় একটি গভীর নলকূপের প্রায় ১ হাজার ফুট খনন করার পর হঠাৎ করে গ্যাস নির্গত হতে শুরু করে এবং সেখানে আগুন ধরে যায়। ঘটনার পরপরই পেট্রোবাংলার অধীন প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) দুইজন ভূতত্ত্ববিদকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা কক্সবাজারে অবস্থান করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
আরও পড়ুন: সংসদে এমপিদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, আপাতত আগুন অন্য কোথাও ছড়িয়ে পড়া রোধ করতে গ্যাসকে উন্মুক্তভাবে নির্গত হওয়ার সুযোগ দেয়া হচ্ছে। আশা করা হচ্ছে, আগামী ১৫ দিনের মধ্যে আগুনের তীব্রতা ও প্রবাহ ক্রমান্বয়ে কমে আসবে। তবে নির্ধারিত সময়ে আগুনের প্রবাহ না কমলে বিশেষজ্ঞ দলের মাধ্যমে বিকল্প ব্যবস্থা হিসেবে আগুন নেভানো ও গ্যাস প্রবাহ পুরোপুরি বন্ধের পদক্ষেপ নেয়া হবে।
সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে দুর্ঘটনাকবলিত এলাকার ১০০ মিটারের মধ্যে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে পেট্রোবাংলা, বাপেক্স ও স্থানীয় প্রশাসন যৌথভাবে পুরো বিষয়টি সার্বক্ষণিক নজরদারিতে রাখছে।
এছাড়া উক্ত এলাকায় গ্যাসের সম্ভাব্য মজুত রয়েছে কি না, তা নিরূপণে ভূতাত্ত্বিক জরিপ ও ২ডি সাইসমিক জরিপসহ প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পেট্রোবাংলা সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে, তারা আতঙ্কিত না হয়ে স্থানীয় প্রশাসন ও বিশেষজ্ঞ দলকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করুন।
আরও পড়ুন: এমপি ওসমান ফারুকের পদত্যাগ, স্পিকার সংসদকে জানালেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন