০১:৪০ এম
রাজধানীর মোহাম্মদপুরে সংঘবদ্ধ দুর্বৃত্তরা বাসার ভেন্টিলেটর ভেঙে ডাকাতি করেছে। তারা বাসা থেকে নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরিবারের সদস্যরা পাশের কক্ষে ঘুমিয়ে থাকলেও দুর্বৃত্তরা নির্বিঘ্নে লুটপাট চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ একজনকে আটক করেছে।
রোববার ভোররাতে মোহাম্মদপুরের ফিউচার হাউজিংয়ের ২ নম্বর রোডের ২ নম্বর বাসায় ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী জহিরুল ইসলাম জহির জানান, টাকা ও স্বর্ণালংকার যেখানে রাখা ছিল, সেই কক্ষের ভেন্টিলেটর ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। ঘটনার সময় তিনি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে অন্য একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা লুটপাট করে পালিয়ে যায়।
আরও পড়ুন: খিলগাঁওয়ে ওয়ার্কশপে মোস্তফা (২২)কে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৪
তিনি আরও জানান, সকালে ঘুম থেকে উঠে ওই কক্ষে গিয়ে তিনি সবকিছু এলোমেলো দেখতে পান। পরে কক্ষটির ভেন্টিলেটর ভাঙা অবস্থায় দেখে ডাকাতির বিষয়টি তার কাছে পরিষ্কার হয়ে যায়। এ ঘটনার পর তিনি মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পুলিশ এ ঘটনায় অন্য কেউ জড়িত কি-না, তা খতিয়ে দেখছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন