০৪:৪১ পি.এম
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জনপ্রিয় অভিনেতা চাষী আলম, যিনি ‘হাবু ভাই’ নামে পরিচিত, তিনবার শট নিয়ে গোলের দেখা পাননি। এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে তিনি প্রতীকী খেলায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের স্থানে তৈরি করা ছোট্ট শটবারে বল জালে প্রবেশ করানোর চেষ্টা করেও তিনবারই ব্যর্থ হন চাষী আলম। তবে গোল না পেলেও টুর্নামেন্টের প্রতি তার আগ্রহে কোনো কমতি ছিল না। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, এবিজি মিডিয়া কাপে তিনি কোনো নির্দিষ্ট দলের সমর্থক নন। যে দল ভালো খেলবে এবং শেষ পর্যন্ত জিতবে, তিনি তাদের সমর্থন করবেন।
আজ শনিবার বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোরে আয়োজিত ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ক্রিকেটের জার্সি নয়, কুর্তা-পায়জামায় ফুলেরার পিটারসেনের নতুন রূপ!
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চাষী আলম বলেন, ‘সবাই ভালো খেলবে। তবে যে একটু বেশি ভালো খেলবে, সে-ই জিতে যাবে।’
তিনি কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ করতে চাননি, জানিয়ে বলেন, ‘আমি কোনো একটা দলের নাম বলব না, কারণ তাতে আমার অন্য ভাইরা মন খারাপ করবে। আমি আসলে অনেকগুলো দলেরই সাপোর্টার।’
কাউকে কম বা বেশি সমর্থন করছেন কি না, এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘কাউকে কম বা বেশি না, সব দলের জন্যই সাপোর্ট আছে। আসল কথা হলো, যে জিতবে আমি তার সাপোর্ট করব।’
বিভিন্ন গণমাধ্যমের দলগুলোর প্রতি সমান ভালোবাসা ও গুরুত্ব বোঝাতে হাতের পাঁচ আঙুলের উদাহরণও দেন চাষী আলম। তিনি বলেন, ‘এই যে আমাদের পাঁচটা আঙুল—সাইজে কিছুটা ছোট-বড় হলেও সবার কিন্তু অগ্রাধিকার একদম সমান।’
আরও পড়ুন: রোনালদো: ব্রাজিলের বর্তমান স্কোয়াড বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী নেই
আগামী ১ ডিসেম্বর এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে এবং এটি চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় ৪৮টি গণমাধ্যমের দল অংশগ্রহণ করছে। সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের এই আয়োজন ঘিরে ইতোমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন