বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৩২ এম
প্রযুক্তি বারবার মানব প্রেম ও সম্পর্কের প্রকৃতি পরিবর্তন করে আসছে। একসময় অনলাইন ডেটিংকে সন্দেহের দৃষ্টিতে দেখা হলেও, বর্তমানে এটি মূলধারায় পরিণত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ভার্চুয়াল সঙ্গী, সম্পর্কবিষয়ক পরামর্শ এবং চ্যাটবটের সঙ্গে প্রেমের মাধ্যমে মানুষ নতুন এক জগতে প্রবেশ করছে, যা এক অদ্ভুত অনিশ্চয়তা সৃষ্টি করছে। চ্যাটবটের সঙ্গে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা বিনিময় বা প্রেমে পড়াকে অবিশ্বস্ততা বলা যায় কি না, তা নিয়ে বিতর্ক চলছে, যখন এআইয়ের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক আধুনিক সম্পর্কগুলোর টানাপোড়েনের নতুন কারণ হয়ে উঠছে।
ডেটিংঅ্যাডভাইস ডটকম ও কিনসি ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পরিচালিত ‘দ্য স্টেট অব আস: ন্যাশনাল স্টাডি অন মডার্ন লাভ অ্যান্ড ডেটিং ইন ২০২৫’ জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারী অবিবাহিতদের ৬১ শতাংশ মনে করেন, এআই সঙ্গীর সঙ্গে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা বিনিময় বা তার প্রেমে পড়া এক ধরনের প্রতারণা। গবেষণার প্রধান গবেষক ও কিনসি ইনস্টিটিউটের গবেষণা বিজ্ঞানী ড. আমান্ডা গেসেলম্যান মন্তব্য করেন, আধুনিক প্রেমের সম্পর্কে থাকা মানুষ বুঝতে পারেন, প্রযুক্তিনির্ভর সম্পর্ক ঘনিষ্ঠতা ও সহায়তাসহ বাস্তব কিছু সুবিধা দিতে পারে। অনেকের কাছে এই সুবিধাগুলো এতটাই অর্থবহ যে তা তাঁদের সম্পর্কের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
গবেষণায় আরও দেখা গেছে, ৪৮ শতাংশ উত্তরদাতা কখনো সঙ্গীর অবিশ্বস্ততা নিয়ে সন্দেহ করেছেন। পুরুষদের তুলনায় নারীরা এমন সন্দেহের কথা বেশি জানিয়েছেন, যা ৫৪ শতাংশ বনাম ৪৩ শতাংশ। অবিশ্বস্ততা সন্দেহ করেছেন এমন উত্তরদাতাদের ৮৫ শতাংশ কোনো না কোনো পদক্ষেপ নিয়েছেন: ৩২ শতাংশ তাৎক্ষণিকভাবে সঙ্গীর মুখোমুখি হয়েছেন। যাঁরা তাঁদের সঙ্গীকে গোপনে তদন্ত করেছিলেন, তাঁদের মধ্যে ৮১ শতাংশ জানিয়েছেন যে, তাঁদের সন্দেহ সত্যি প্রমাণিত হয়েছে।
কিনসি ইনস্টিটিউটের আরেকটি জরিপে দেখা গেছে, ৩২ শতাংশ এআইয়ের সঙ্গে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা বিনিময়কে প্রতারণা মনে করেন। প্রাপ্তবয়স্কদের কনটেন্টের প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন, ওয়েবক্যাম পারফর্মারদের সঙ্গে কথোপকথন এবং অপরিচিতদের ব্যক্তিগত বার্তা পাঠানোও ক্রমে অবিশ্বস্ততা হিসেবে বিবেচিত হচ্ছে।
ব্রিগহ্যাম ইয়ং ইউনিভার্সিটির হুইটলি ইনস্টিটিউট ও ইনস্টিটিউট ফর ফ্যামিলি স্টাডিজের ২০২৬ সালের মে মাসের এক গবেষণায় দেখা গেছে, স্থায়ী সম্পর্কে থাকা তরুণ প্রাপ্তবয়স্কদের প্রতি সাতজনে একজন নিয়মিত এআই রোমান্টিক সঙ্গীর সঙ্গে যোগাযোগ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, সম্পর্কে থাকা এআই ব্যবহারকারীদের দুই-তৃতীয়াংশের বেশি এসব যোগাযোগ গোপন করেন বা আংশিকভাবে জানান; ১৩ শতাংশ এআইয়ের সঙ্গে রোমান্টিক বা যৌন ভূমিকাভিত্তিক কথোপকথনে অংশ নিয়েছেন এবং ১১ শতাংশ চ্যাটবট দিয়ে স্পষ্ট যৌন বিষয়বস্তু তৈরি করেছেন।
২০২৬ সালের অক্টোবরে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্কদের প্রতি ছয়জনে একজন সঙ্গ বা মানসিক সহায়তার জন্য চ্যাটবটের দ্বারস্থ হয়েছেন। জেনারেশন জি ও মিলেনিয়ালদের মধ্যে এই হার প্রতি পাঁচজনে একজন। নিয়মিত ব্যবহারকারীদের অর্ধেকই চান, তাঁদের বাস্তব জীবনের সঙ্গীরা যেন এআই সঙ্গীদের মতো আচরণ করেন। অধিকাংশ ব্যবহারকারীরা জানান, মানব সঙ্গীদের সঙ্গে উচ্চমানের যোগাযোগ ৪০ শতাংশ কম হয়েছে। প্রতি ১০ জনের ৭ জনের কাছে এআইয়ের সঙ্গে অনুভূতি ভাগ করা সহজ মনে হয়েছে; আর ৬৫ শতাংশ আশঙ্কা করেছেন, তাঁদের ব্যক্তিগত কথোপকথন প্রকাশ হয়ে যেতে পারে।
এআই-এর সাথে প্রেমের সম্পর্কে থাকার ফলে অবাস্তব প্রত্যাশা তৈরি হওয়া, মানবিক যোগাযোগ দুর্বল হয়ে পড়া এবং বাস্তব সম্পর্কে বিশ্বাসভঙ্গের অনুভূতিকে আধুনিক প্রেমের সম্ভাব্য ঝুঁকি হিসেবে উল্লেখ করেছেন গবেষকরা। তবে, বিভিন্ন কারণে মানুষ এআই-এর প্রতি রোমান্টিক বা যৌন অনুভূতি অনুভব করতে পারে। মনোযোগ পাওয়ার অনুভূতি: একটি চ্যাটবট দ্রুত সাড়া দিতে পারে, বিভিন্ন তথ্য মনে রাখতে পারে এবং কোনো ব্যক্তির অনুভূতির ওপর পূর্ণ মনোযোগ দিতে পারে। অনেকে মনে করেন, যেখানে বিচার বা প্রত্যাখ্যানের ভয় কম থাকে, সেখানে নিজেদের কল্পনা বা দুর্বলতাগুলো প্রকাশ করা সহজ।
এআই-এর সঙ্গে মিথস্ক্রিয়াকে নিজের পছন্দ অনুযায়ী সাজানো যায় এবং এটি যখনই প্রয়োজন তখনই পাওয়া সম্ভব। মানুষ হয়তো সাহচর্য, স্নেহ বা মানসিক সমর্থনের খোঁজে এআই-এর শরণাপন্ন হয়, যা তারা অন্য কোথাও পাচ্ছে না বলে মনে করে। যদিও এআই যে মানুষ নয়, এটি জেনেও একজন ব্যক্তি এর সঙ্গে ঘনিষ্ঠতার এক বাস্তবসম্মত অনুভূতি পেতে পারেন। এটি হয়তো আবেগীয় সংকেতগুলো শনাক্ত করে উষ্ণ ও সহায়তামূলক ভাষায় সাড়া দিতে পারে, কিন্তু এই শব্দগুলোর পেছনে কোনো প্রকৃত অনুভূতি বা ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে না। একজন ব্যক্তির কাছে এই সংযোগটি অর্থবহ মনে হতে পারে, যদিও এআই-এর দিক থেকে কোনো ভালোবাসা বা অনুভূতির আদান-প্রদান ঘটে না।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেন্টারো তোয়ামা বুদ্ধিমত্তাকে চেতনার সঙ্গে গুলিয়ে ফেলার বিষয়েও সতর্ক করে বলেছেন, একটি চ্যাটবটের অনুভূতি বা সংবেদন অনুভব করার সক্ষমতা থাকার সম্ভাবনা নেই বললেই চলে। মানুষ আক্ষরিক অর্থে কোনো চ্যাটবটের সঙ্গে শারীরিক যৌনতায় লিপ্ত হয় না, তবে তারা চ্যাটবটের সঙ্গে যৌনতাপূর্ণ কথোপকথন বা রোলপ্লে করতে পারে, অথবা এআই-সৃষ্ট যৌন বিষয়বস্তু ব্যবহার করতে পারে। কেউ বিষয়টিকে ক্ষতিকর মনে করবে নাকি বিশ্বাসঘাতকতা হিসেবে দেখবে, তা নির্ভর করে তাদের সম্পর্কের প্রত্যাশা এবং সীমানার ওপর। তবে বাস্তবে, এআই কখনোই প্রকৃত ভালোবাসা বা যত্ন অনুভব করে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে।
আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শুনানি হওয়ার কথা রয়েছে। গত ১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই শুনানির জন্য এ দিন ধার্য করেন।
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ অক্টোবর দিন নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল। তবে আসামিপক্ষের সময় আবেদনের কারণে সেদিনের শুনানি পিছিয়ে ১ নভেম্বর নির্ধারণ করা হয়। একই ধারাবাহিকতায় রোববার বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় ওঠে, কিন্তু এক আসামির অসুস্থতার কারণে শুনানি আবারও পিছিয়ে দেয়া হয়।
এ মামলায় গ্রেফতার ১১ আসামির মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, আব্দুর রাজ্জাক, দীপু মনি ও হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রূপা।
অন্যদিকে, মামলার ৩০ আসামি পলাতক রয়েছেন। তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, হাসান মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ ওরফে এস এম জাহিদ এবং ইমরান এইচ সরকার অন্তর্ভুক্ত রয়েছেন।
এছাড়া সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, সাবেক র্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক বিজিবি মহাপরিচালক আজিজ আহমেদ, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন, মো. মনিরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, আশরাফুজ্জামান, এস এম মেহেদী হাসান, মোহাম্মদ হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার, সৈয়দ নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, এস এম শিবলী নোমান এবং বিএম ফরমান আলীও পলাতক আসামির তালিকায় রয়েছেন।
প্রসিকিউশনের অভিযোগ, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামকে নির্মূল করার উদ্দেশ্যে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশে অভিযান চালানো হয়। অভিযানে তৎকালীন সরকারের পুলিশ, বিজিবি, র্যাব এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা অংশগ্রহণ করেন। তদন্তে তথ্য-প্রমাণ পাওয়া গেছে যে, অভিযানে শিশুসহ আলেম-ওলামাদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয় বলে দাবি করেছে প্রসিকিউশন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে যে, দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে বাড়িটিতে আগুন লাগিয়েছে। এই ঘটনায় বাড়ির আসবাবপত্র সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
বুধবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় এই ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নুসরাত তাবাসসুম নিজেই বিষয়টি জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, তার শৈশবের স্মৃতিবিজড়িত বাড়িটি পুড়ে যাওয়ার কথা তুলে ধরে লেখেন, ‘আমার দাদার বানানো বাড়িঘর, আমাদের বড় হওয়া, আগুনে পুড়ে যাওয়া ছাগলের বাচ্চাটার নাম ছিল ‘তারা’।’
ঘটনার প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘আগুনে পুড়িয়ে উল্লাস করছে। ভেবেছে খুব কষ্ট দিল! যত্তসব লেজ গুটিয়ে পালানো ছারপোকার দল। দেশে থেকেই কিচ্ছু ভয় দেখাতে পারেনি। এসব করে কি আর করবে!’
পেট্রোল বোমা হামলার বিষয়ে নুসরাত লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
নুসরাতের বাবা হালিম টম জানান, তারা বর্তমানে একটি নতুন বাড়িতে বসবাস করছেন। পুরোনো বাড়িটি গবাদিপশু রাখার জন্য ব্যবহৃত হয় এবং মাঝে মাঝে আত্মীয়স্বজন আসলে সেটি ব্যবহার করা হয়। আগুনের ফলে বাড়ির সব আসবাবপত্র পুড়ে গেছে এবং একটি ছাগলও মারা গেছে।
এনসিপির সহ-যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান জানান, ‘কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এমপি মহোদয়ের পৈতৃক ও স্থায়ী বাসস্থান লক্ষ্য করে রাত ১২টার পর হামলার ঘটনাটি ঘটে। মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বোমা টিনের চালে, একটি গবাদিপশুর শেডে এবং আরেকটি বাড়ির উঠানে এসে পড়ে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নুসরাত তাবাসসুমের মা-বাবা ২০ থেকে ৩০ হাত দূরে আরেকটি তিনতলা ভবনের তৃতীয় তলায় অবস্থান করছেন। সেখানে আগুন লাগেনি। এ ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি।
তিনি আরও জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এই সময়ের মধ্যে আগুনের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। একটি ছাগলও পুড়ে গেছে।
নুসরাত তাবাসসুম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০-এর সংসদ সদস্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তার সংলগ্ন অঞ্চলে আগামী ১৩ নভেম্বরের দিকে নতুন একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর প্রভাবে দেশের আটটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী সময়ের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বিশেষ করে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় আগামী ১৩ নভেম্বরের কাছাকাছি সময়ে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে দু-এক পশলা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই বিভাগগুলো অন্তর্ভুক্ত রয়েছে: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট।
এদিকে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ। এই সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টানা কয়েকদিনের আন্দোলন ও অস্থিরতার পর আজ (বৃহস্পতিবার) সকালে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন। সকাল থেকেই শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ কারখানায় প্রবেশ করতে দেখা গেছে।
শিল্পাঞ্চলের বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর এবং সাভারের হেমায়েতপুর এলাকার বিভিন্ন কারখানা সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই শ্রমিকরা কারখানার সামনে জড়ো হন এবং আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করেন। কারখানাগুলোতে সকাল থেকেই উৎপাদন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।
এদিকে, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকাল থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিল্প পুলিশ, থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবি টহল দলকেও সড়কে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
শিল্প পুলিশ-১-এর দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শ্রমিকরা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফিরেছেন।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কার্ড পাঞ্চ করে হাজিরা নিশ্চিত করেন। পরে সকাল ৯ টার দিকে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে যে যার মত চলে যায়। তারা কোথাও কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ