০৪:৫২ পি.এম
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্পের পর শনিবার সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এ তথ্য জানায় প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।
সংবাদ মাধ্যম এএফপি’র বরাত দিয়ে জানা যায়, হাওয়াইভিত্তিক সংস্থাটি সতর্ক করে বলেছে, ভূমিকম্পের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলীয় এলাকায় বিপজ্জনক সুনামির ঢেউ আঘাত হানতে পারে।
ভানুয়াতুর আশপাশের সমুদ্র অঞ্চলে সংঘটিত এই ভূমিকম্পটির গভীরতা ছিল কম। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ভানুয়াতুর পোর্ট-অলরি থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। পরে সংস্থাটি ভূমিকম্পটির মাত্রা সংশোধন করে ৬ দশমিক ৯ নির্ধারণ করে। একই এলাকার কাছাকাছি ৬ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্পের খবরও জানিয়েছে সংস্থাটি।
আরও পড়ুন: ‘তোমাদের খুঁজে বের করব’, মিনাব হামলায় দুই মার্কিন কর্মকর্তার উদ্দেশে ইরানের হুমকি
ভানুয়াতুতে প্রায়ই ভূমিকম্প ঘটে। নিচু ভূখণ্ডবিশিষ্ট দ্বীপপুঞ্জটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলটি ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তার জন্য পরিচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন