ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিভক্ত ইউরোপ, ন্যাটো ভেঙে পড়ার শঙ্কা


ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিভক্ত ইউরোপ, ন্যাটো ভেঙে পড়ার শঙ্কা

বর্তমান বাস্তবতায় পঞ্চম বর্ষে গড়ানো ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার হামলা এখন দৈনিক ঘটনার অংশ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, এটি শুধুমাত্র রণক্ষেত্রের কৌশল নয়, বরং রাশিয়ার বৃহত্তর কূটনৈতিক পরিকল্পনারও প্রতিফলন—যেখানে ইউক্রেনকে কোণঠাসা করার পাশাপাশি কিয়েভের প্রধান দুই ভরসাস্থল ন্যাটো এবং ইউরোপের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বাহ্যিকভাবে কূটনৈতিক আলোচনায় অংশগ্রহণ করছে মস্কো। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে রুশ কূটনীতিকরা শান্তি চুক্তির পরিবর্তে এমন সব শর্ত জুড়ে দিয়েছেন, যা মেনে নিলে স্নায়ুযুদ্ধ-পরবর্তী ইউরোপের পুরো নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়বে।

বর্তমানে পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অভাবে ইউক্রেন চাপের মধ্যে রয়েছে, ফলে কিয়েভ সম্মুখসারি বরাবর যুদ্ধ স্থগিত রাখার যে প্রস্তাব দিয়েছিল, সেটি মস্কো নাকচ করে দিয়েছে। ফাঁস হওয়া নথির তথ্য অনুযায়ী, রাশিয়া চায় মধ্য ও পূর্ব ইউরোপ থেকে ন্যাটো তাদের সৈন্য প্রত্যাহার করুক এবং জোটটির সম্প্রসারণ চিরতরে বন্ধ হোক। পাশাপাশি, প্রতিবেশী দেশগুলো, যেমন এস্তোনিয়া বা ফিনল্যান্ডের সঙ্গে আলাদাভাবে ‘অনাক্রমণ চুক্তি’ করতে চায় মস্কো।

আরও পড়ুন: আত্মজীবনীতে ফিলিস্তিনের পক্ষ নিয়ে লিখলেন জো বাইডেন

আবুধাবি বৈঠক শেষে রুশ আলোচক আলেক্সেই দ্রোবিনিন জানিয়েছেন, ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে আলাদাভাবে এ ধরনের চুক্তি হলে মস্কোর পক্ষ থেকে তাদের বাড়তি নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হতে পারে। তবে কূটনীতিকদের মতে, যদি এমন দ্বিপাক্ষিক চুক্তি হয়, তাহলে ন্যাটোর মূল ভিত্তি—অর্থাৎ ‘এক সদস্যের ওপর হামলা মানে ৩২টি সদস্য দেশের ওপরই হামলা’—এই যৌথ প্রতিরক্ষা নীতি কার্যকরী হবে না।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার অভিযানের প্রতিবাদে পদত্যাগ করা সাবেক রুশ কূটনীতিক বরিস বন্দারেভ সতর্ক করে বলেন, এমন চুক্তি বাস্তবায়িত হলে ন্যাটো ভেঙে পড়বে এবং ইউরোপীয় দেশগুলো এককভাবে রাশিয়ার মুখোমুখি হতে বাধ্য হবে। ফলে ইউরোপ রাশিয়ার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে, কোনো গুলি না ছুড়েই বা সৈন্য না হারিয়েই। তিনি আরও জানান, এসব চুক্তিতে এমন শর্ত থাকবে যাতে রাশিয়ার সঙ্গে অন্য কোনো ইউরোপীয় দেশের যুদ্ধ বাধলে চুক্তিবদ্ধ দেশটি তাতে অংশ নিতে না পারে।

আলাদাভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, রাশিয়া তাদের এই দাবিগুলো ইউরোপীয় নেতাদের না জানিয়ে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের কাছে উপস্থাপন করেছে। কিয়েভভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ‘স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স ইনস্টিটিউট’-এর নির্বাহী পরিচালক মারিয়া কুচেরেনকো জানান, মস্কো ইউরোপকে পাশ কাটিয়ে কেবল আমেরিকার সঙ্গে কথা বলতে চায় এবং নিরাপত্তার চেয়ে রাজনীতিকে প্রাধান্য দিয়ে সর্বোচ্চ সুবিধা আদায়ের পুরোনো কৌশল নিয়েছে।

আলোচনার জটিলতা স্বীকার করে মার্কিন প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার বলেন, এই চুক্তিগুলো অত্যন্ত কঠিন ও স্পর্শকাতর, কারণ এটি একটি চলমান রক্তক্ষয়ী যুদ্ধ। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এসব দাবিকে ‘অবাস্তব’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিন্ন এক জগতে বাস করছেন। ইউক্রেনের শীর্ষ আলোচক দাভিদ আরাখামিয়াও আবুধাবির এই বৈঠককে ২০২২ সালের পর সবচেয়ে কঠিন আলোচনা হিসেবে অভিহিত করেছেন।

আরও পড়ুন: চীন হার্ভার্ড অধ্যাপককে ফিরিয়ে এনে অন্য মার্কিন গবেষকদেরও ডাকছে

বিশ্লেষকদের ধারণা, শান্তি আলোচনা ঝুলিয়ে রেখে রাশিয়া মূলত সময় ক্ষেপণ করছে, যাতে ইউরোপের প্রধান দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের অনুকূল পরিস্থিতি তৈরি হয়। আগামী এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে ফ্রান্সের কট্টর ডানপন্থী নেত্রী মেরিন লে পেন জয়ী হলে ছয় মাসের মধ্যে ইউক্রেনে সব ধরনের সামরিক ও আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন। জনমত জরিপে তিনি বর্তমানে এগিয়ে আছেন।

অন্যদিকে, জার্মানিতে বাজেট ও অর্থনৈতিক স্থবিরতা নিয়ে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে পড়লে আগাম নির্বাচনে জয়ের পথে রয়েছে কট্টর ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)। দলটি ইউক্রেনে সহায়তা বন্ধ করে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং পুনরায় রুশ তেল ও গ্যাস কেনার পক্ষে অবস্থান নিয়েছে।

ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় দিতে কিয়েভের ওপর চাপ সৃষ্টি করছে। এর মধ্যে ফ্রান্স ও জার্মানিতে ইউক্রেন-বিরোধী শক্তি ক্ষমতায় এলে কিয়েভ চরম বিপাকে পড়বে। কিয়েভভিত্তিক বিশ্লেষক আলেক্সেই কুশ আশঙ্কা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যদি একজোট হয়ে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করে, তবে ওয়াশিংটন ও ব্রাসেলসের মধ্যে কূটনৈতিক ভারসাম্য রক্ষার আর কোনো সুযোগ কিয়েভের হাতে থাকবে না। সূত্র: আল জাজিরা।

আরও পড়ুন: ইরান কি ইউরোপকেও নতুন রণক্ষেত্র বানাবে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লবণাক্ত পানিতে বিপর্যস্ত উপকূল, জলবায়ু অর্থায়নে অনুদানের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


লবণাক্ত পানিতে বিপর্যস্ত উপকূল, জলবায়ু অর্থায়নে অনুদানের দাবি

উপকূলীয় জনজীবন বর্তমানে তীব্র লবণাক্ততা ও সুপেয় পানির সংকটে বিপর্যস্ত। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঋণের পরিবর্তে শর্তহীন অনুদান ও ন্যায্য অর্থায়নের দাবি জানিয়েছেন উপকূলের বাসিন্দারা।

তুরস্কের আন্তালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) থেকে উন্নত দেশগুলোর সুনির্দিষ্ট অর্থায়নের অঙ্গীকার না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন উপকূলীয় নারী, জেলে ও তরুণ পরিবেশকর্মীরা। তারা বাগেরহাটের মোংলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মোংলার দক্ষিণ কাইনমারিতে পশুর নদের পাড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা, জেলে জীবন এবং মৎস্যসম্পদ ও কৃষি প্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করো’ এই প্রতিপাদ্যে যৌথভাবে কর্মসূচির আয়োজন করে মোংলা নাগরিক সমাজ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), বিডব্লিউজিইডি, ক্লিন এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ)। কর্মসূচিতে কয়েকশ নারী, জেলে ও তরুণ পানিশূন্য কলস, মাছ ধরার জাল ও দাবি-দাওয়াসংবলিত ফেস্টুন নিয়ে অংশ নেন।

মোংলা নাগরিক সমাজের সভাপতি ও পরিবেশকর্মী মো. নূর আলম শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তারা কপ-৩১ সম্মেলনের বর্তমান পরিস্থিতির সমালোচনা করেন। তারা বলেন, আন্তালিয়ায় চলমান সম্মেলনে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে। অথচ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতির শিকার কৃষক ও উপকূলের মানুষ এখনও কার্যকর সহায়তা পাচ্ছেন না।

নূর আলম শেখ বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে তীব্র লবণাক্ততা এখন উপকূলের অন্যতম প্রধান দুর্যোগ। চারদিকে পানি থইথই করলেও এক ফোঁটা সুপেয় পানি নেই। বাংলাদেশ বিশ্বের মোট কার্বন নিঃসরণের শূন্য দশমিক ৫ শতাংশেরও কম নিঃসরণ করে। অথচ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের শিকার হচ্ছেন এ দেশের কৃষক, জেলে ও উপকূলীয় নারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় জেলা পরিষদের ৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধারের অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


কুমিল্লায় জেলা পরিষদের ৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধারের অভিযান শুরু

কুমিল্লা নগরীর শাসনগাছা স্টেশন রোড এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন প্রায় ৫০ কোটি টাকা মূল্যের বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারের কার্যক্রম শুরু হয়েছে। এই অভিযানটি বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকায় পরিচালিত হচ্ছে।

সোমবার ( ১৬ নভেম্বর) থেকে জেলা পরিষদ প্রশাসন দীর্ঘদিনের দখলসংক্রান্ত জটিলতা সমাধান এবং সরকারি সম্পত্তির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম জাকারিয়ার নেতৃত্বে সম্পত্তি উদ্ধারের প্রথম দিনেই শাসনগাছায় অবৈধ দখলদারদের স্থাপনা গুঁড়িয়ে দিয়ে জেলা পরিষদের জায়গা উদ্ধার করার কার্যক্রম শুরু হয়।

গোলাম জাকারিয়া জানান, শাসনগাছা স্টেশন রোড এলাকায় জেলা পরিষদের মূল্যবান ভূমি দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে দখল করে রেখেছিল। বারবার নোটিশ প্রদান ও সতর্ক করার পরও দখলদাররা জায়গা ছেড়ে না দেওয়ায় অবশেষে উচ্ছেদ ও উদ্ধারের চূড়ান্ত প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া বলেন, "সরকারি সম্পত্তি জনগণের আমানত। শাসনগাছার মতো গুরুত্বপূর্ণ এলাকায় জেলা পরিষদের প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে এবং প্রশাসনের পূর্ণ সহায়তায় এই সম্পত্তি উদ্ধারে কাজ শুরু করেছি। দখলদার যতই প্রভাবশালী হোক না কেন, সরকারি জায়গা পুনরুদ্ধারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।"

এদিকে স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা জেলা পরিষদের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী

সংসদ ভবন, ১৬ নভেম্বর, ২০২৬ : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ সম্পূর্ণ মেধার ভিত্তিতে হচ্ছে, এবং কোনো রাজনৈতিক বিবেচনা এখানে প্রযোজ্য নয়।

তিনি উল্লেখ করেন, ব্যাংক খাতের সংকট মোকাবেলার জন্য দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে নিয়োগ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না।

আজ জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য মো. আবুল হাসনাতের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব মন্তব্য করেন।

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে অনিয়মের অভিযোগ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উচ্চপর্যায়ের পদে বেসরকারি খাত থেকে যোগ্য ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই। প্রার্থীর যোগ্যতা নিয়োগের একমাত্র বিবেচ্য বিষয়। প্রার্থী সরকারি ব্যাংক থেকে আসছেন, নাকি বেসরকারি খাত থেকে, তা বিবেচনায় নেওয়া হয় না।

তিনি জানান, একটি প্যানেলের মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয় এবং তাদের জীবনবৃত্তান্ত যাচাই করা হয়। এরপর যাদের সবচেয়ে যোগ্য মনে করা হয়, তাদের নিয়োগ দেওয়া হয়। একইভাবে ব্যাংকের পরিচালনা পর্ষদেও মেধার ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে।

ব্যাংক খাতের অগ্রগতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, দেশের ব্যাংকিং ব্যবস্থার ওপর মানুষের আস্থা পুনরুদ্ধার হয়েছে। একসময় ব্যাংক থেকে গ্রাহকদের ব্যাপক অর্থ উত্তোলন বা ব্যাংক রান হওয়ার আশঙ্কা ছিল। তবে বর্তমানে এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে। ব্যাংক খাতে আমানত বৃদ্ধি পাচ্ছে এবং এ খাত পুনরুদ্ধারের পথে রয়েছে।

তিনি আরও বলেন, ব্যাংকের পুনঃমূলধনীকরণ ও পুনরুদ্ধার কার্যক্রম ভালোভাবে এগিয়ে চলছে। চলমান এ কার্যক্রমের সুফল আগামী দিনে দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গোপালগঞ্জ-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য এস এম জিলানীর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গোপালগঞ্জে আপাতত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে এ বিষয়ে সম্ভাবনা যাচাই করা হবে।

এছাড়া, জীর্ণ ও ক্ষতিগ্রস্ত নোট বিনিময়ের বিষয়ে তিনি বলেন, বিনিময়যোগ্য পুরোনো নোট ব্যাংকের মাধ্যমে পরিবর্তন করা যায়। ক্ষতিগ্রস্ত ও ব্যবহারের অনুপযোগী নোট প্রতিস্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজের বর্ধিত কোটায় নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


হজের বর্ধিত কোটায় নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর

ধর্মবিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের হজের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা ১৬ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর তারিখে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। বাংলাদেশের জন্য অনুমোদিত হজযাত্রীর মোট কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। পরবর্তীতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়িয়েছে।

নতুন সময়সীমা বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে।

হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত ও অব্যবহৃত কোটা পূর্ণ হলে নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%