ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নেতানিয়াহু জনসমক্ষে এসে প্রমাণ করেছেন তিনি ‘মরেননি’


নেতানিয়াহু জনসমক্ষে এসে প্রমাণ করেছেন তিনি ‘মরেননি’

ইরানের সঙ্গে দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়তে শুরু করে। কিছু মানুষ দাবি করেছিলেন, তিনি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। আবার অন্যরা বলেছিলেন, নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি করা হয়েছিল। এমনকি তার মরদেহের ছবি ও ভিডিও হিসেবে কিছু ভুয়া দৃশ্যও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছিল।

এসব গুজবের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে শেষ পর্যন্ত নিজেই জনসমক্ষে হাজির হন নেতানিয়াহু। একটি কফিশপে বসে কফি পান করার ভিডিও প্রকাশ করে তিনি প্রমাণ করেন, তার মৃত্যুর খবরটি সত্য নয়। শুধু তাই নয়, ভিডিওতে নিজের হাতের পাঁচটি আঙুল দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি দাবিরও জবাব দেন তিনি।

ইউরোপীয় সংবাদমাধ্যম ইউরোনিউজ, জার্মানির ডয়চে ভেলে এবং বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের ভিত্তিতে, নেতানিয়াহুর মৃত্যুর গুজব ছড়ানোর পেছনে মূলত যুদ্ধকালীন অপপ্রচার, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্যের বিস্তার এবং এআই দ্বারা তৈরি বিভ্রান্তিকর ছবি ও ভিডিও দায়ী ছিল।

আরও পড়ুন: ৮ দিনের মধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা আইজেনকোটের

প্রতিবেদনটি উল্লেখ করে, নেতানিয়াহুর মৃত্যুর গুজব ছড়ানোর পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ১২ মার্চের একটি ভিডিও বক্তব্য। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর ওই দিন প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইসরাইলের প্রধানমন্ত্রী। তবে তার বক্তব্যের একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন বিতর্ক শুরু হয়।

ভিডিওর একটি অংশে নেতানিয়াহুর হাতের আঙুল ছয়টি দেখা যাচ্ছিল বলে দাবি করেছিলেন অনেকে। তাদের যুক্তি ছিল, মানুষের হাতে পাঁচটি আঙুল থাকে। তাই ভিডিওটি আসল নয়, বরং এআই দ্বারা তৈরি করা হয়েছিল। সেখান থেকেই নেতানিয়াহু মারা গিয়েছিলেন এবং তার জায়গায় এআই দ্বারা তৈরি ভিডিও প্রকাশ করা হচ্ছিল— এমন গুজব ছড়িয়ে পড়েছিল।

তবে যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান পলিটিফ্যাক্ট সেই সময় জানিয়েছিল, ওই ভিডিওতে নেতানিয়াহুর হাতে ছয়টি আঙুল ছিল না। নিম্নমানের ছবিতে আলো ও হাতের অবস্থানের কারণে তার তালুর একটি অংশকে অতিরিক্ত আঙুল হিসেবে মনে হয়েছিল। উন্নত মানের ভিডিওতে তার দুই হাতেই পাঁচটি করে আঙুল দেখা গিয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, এমন পরিস্থিতিতে ১৫ মার্চ জেরুজালেমের পাহাড়ি এলাকায় অবস্থিত ‘দ্য সাতাফ’ নামের একটি কফিশপে যান নেতানিয়াহু। সেখানে কফি পান করার সময় তার এক সহযোগী মৃত্যুর গুজব নিয়ে প্রশ্ন করেছিলেন। জবাবে নেতানিয়াহু রসিকতা করে বলেছিলেন, ‘আমি কফির জন্য পাগল। আমার জনগণের জন্যও পাগল।’ এরপর তিনি ক্যামেরার সামনে দুই হাত তুলে ধরেছিলেন, যেন সবাই তার আঙুল গুনে দেখতে পারেন।

আরও পড়ুন: ‘সিআইডি’র অভিনেতা বিবেক মাশরু এখন উচ্চশিক্ষা ও করপোরেট ক্ষেত্রে

ভিডিওটির সঙ্গে তিনি লিখেছিলেন, ‘তারা বলছে আমি কী? দেখে নিন।’ এর মাধ্যমে মৃত্যুর গুজব এবং ছয় আঙুলের অভিযোগ— দুটিরই জবাব দেওয়ার চেষ্টা করেছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, ভিডিওটি জেরুজালেমের কাছের ওই কফিশপেই ধারণ করা হয়েছিল। প্রতিষ্ঠানটির ভেতরের সাজসজ্জার সঙ্গে ভিডিওর দৃশ্য মিলিয়ে এর অবস্থান যাচাই করা হয়েছিল। পাশাপাশি কফিশপটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও থেকে নেতানিয়াহুর সেখানে যাওয়ার তারিখও নিশ্চিত করা হয়েছিল।

কফিশপ কর্তৃপক্ষও নেতানিয়াহুর সেখানে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল। তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে প্রধানমন্ত্রী ও তার কর্মকর্তাদের উপস্থিতি দেখা গিয়েছিল। ফলে ভিডিওটি পুরোনো বা অন্য কোথাও ধারণ করা হয়েছিল— এমন দাবির ভিত্তিও দুর্বল হয়ে পড়েছিল।

ভিডিওটি নিয়েও নতুন বিতর্ক শুরু হয়েছিল। নেতানিয়াহু নিজে ভিডিও প্রকাশ করে মৃত্যুর গুজব উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক থামেনি। বরং নতুন করে দাবি উঠেছিল, কফিশপের ভিডিওটিও এআই দ্বারা তৈরি করা হয়েছিল।

আরও পড়ুন: ইসরাইলের গুপ্তহত্যাচেষ্টা থেকে বাঁচলেন হামাস প্রধানের ছেলে

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি ১৬ মার্চ ‘নেতানিয়াহুর নতুন ভিডিও ভুয়া’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে ভিডিওটির কয়েকটি দৃশ্যকে সন্দেহজনক হিসেবে তুলে ধরা হয়েছিল। একটি এআই শনাক্তকারী ব্যবস্থার ফলাফলও প্রতিবেদনে যুক্ত করা হয়েছিল।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী গ্রককে ব্যবহার করেও ভিডিওটির সত্যতা যাচাইয়ের চেষ্টা করেছিলেন অনেকে। কিন্তু গ্রক বিভিন্ন সময়ে পরস্পরবিরোধী উত্তর দিয়েছিল। কখনো ভিডিওটিকে আসল বলেছিল, আবার কখনো কৃত্রিমভাবে তৈরি বা ডিপফেক বলে চিহ্নিত করেছিল। ভিডিওতে কফির পরিমাণ অপরিবর্তিত থাকা এবং ঠোঁটের নড়াচড়ায় অস্বাভাবিকতা রয়েছে বলেও দাবি করা হয়েছিল।

তবে তথ্য যাচাইকারীরা বলেছিলেন, শুধুমাত্র এআই শনাক্তকারী ব্যবস্থার ফলাফলের ওপর নির্ভর করে কোনো ভিডিওকে ভুয়া বলা যায় না। এসব ব্যবস্থা সম্ভাব্য অসংগতি খুঁজে বের করে। কিন্তু বাস্তব দৃশ্যেও অস্বাভাবিক কিছু দেখা যেতে পারে।

ইউরোনিউজের তথ্য যাচাইকারী দলের বিশেষজ্ঞ তাল হাগিন বলেছিলেন, এ ধরনের সফটওয়্যার অনেক সময় পরিসংখ্যানগত স্বাভাবিকতার ভিত্তিতে সিদ্ধান্ত দেয়। কেউ যদি অস্বাভাবিকভাবে হাত রাখেন, তাহলে সেটিকেও এআই দিয়ে তৈরি বলে শনাক্ত করতে পারে কোনো ব্যবস্থা। অথচ বাস্তবে একজন মানুষ এভাবেও হাত রাখতে পারেন।

আরও পড়ুন: গাজায় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের কথা স্বীকার করল ইসরাইলি সেনারা

তার মতে, কোনো ভিডিও আসল না নকল, তা নির্ধারণে বাস্তব প্রমাণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবি বা এআই শনাক্তকারী ব্যবস্থার ফলাফলকে চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচনা করা ঠিক ছিল না।

পুরোনো ভিডিও বলেও ছড়ানো হয়েছিল গুজব

কফিশপের ভিডিও নিয়ে আরেকটি দাবি ছড়িয়ে পড়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি অ্যাকাউন্ট থেকে বলা হয়েছিল, ভিডিওতে নেতানিয়াহুর নিরাপত্তারক্ষীদের মুখে মাস্ক দেখা গিয়েছিল। তাই এটি করোনা মহামারির সময় ধারণ করা পুরোনো ভিডিও ছিল।

তবে এই দাবিরও সত্যতা পাওয়া যায়নি। ইসরাইলের প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্বে থাকা শিন বেতের বিশেষ নিরাপত্তা ইউনিটের সদস্যরা পরিচয় গোপন রাখতে আগে থেকেই মুখে মাস্ক ব্যবহার করতেন। ফলে নিরাপত্তারক্ষীদের মুখে মাস্ক থাকাকে ভিডিওটি পুরোনো হওয়ার প্রমাণ হিসেবে দেখার সুযোগ ছিল না।

আরও পড়ুন: ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন কেনাকাটা ১৩ বিলিয়ন ডলার ছাড়াবে

এ ছাড়া ভিডিওতে থাকা একটি রসিদের তারিখ ২০২৪ সাল লেখা ছিল বলেও দাবি করেছিলেন অনেকে। কিন্তু উন্নত মানের ভিডিও পরীক্ষা করে দেখা গিয়েছিল, সেখানে ১৫ মার্চ ২০২৬ তারিখ উল্লেখ ছিল। অর্থাৎ নিম্নমানের ভিডিও দেখে তারিখ ভুল পড়ার কারণেও বিভ্রান্তি ছড়িয়েছিল।

যুক্তরাষ্ট্রের বার্তা যাচাইকারী প্রতিষ্ঠান পলিটিফ্যাক্ট জানিয়েছিল, কৃত্রিম ভিডিও শনাক্তকরণ প্রতিষ্ঠান গেটরিয়াল সিকিউরিটি নেতানিয়াহুর কফিশপের ভিডিওর শব্দ ও দৃশ্য পরীক্ষা করেছিল। তাদের বিশ্লেষণে ভিডিওটি এআই দ্বারা তৈরি বা পরিবর্তন করার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

শুধু নেতানিয়াহু নন, অন্য নেতাদের নিয়েও ছড়িয়েছিল গুজব।

ইরান-ইসরাইল যুদ্ধের মধ্যে শুধু নেতানিয়াহুকে নিয়েই নয়, ইসরাইলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়েও মৃত্যুর গুজব ছড়ানো হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছিল, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনিয়া নিহত হয়েছিলেন।

আরও পড়ুন: ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীদের নৌকা ডুবে ১৪ জনের মৃত্যু

এ দাবির পক্ষে একটি ঘটনাস্থলের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছিল। তবে পরে দেখা গিয়েছিল, ভিডিওটি ২০২৪ সালের আগস্টে তেল আবিবে আত্মঘাতী বোমা হামলার পরের দৃশ্য ছিল। হামলার দায়ও স্বীকার করেছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড। ফলে ভিডিওটির সঙ্গে বারনিয়ার মৃত্যুর কোনো সম্পর্ক ছিল না।

কেন বারবার ছড়িয়েছিল মৃত্যুর গুজব?

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের সময় তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করার ঘটনা নতুন নয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সহজলভ্যতা এই প্রবণতাকে আরও শক্তিশালী করেছে।

বিবিসি ভেরিফাইয়ের সাংবাদিক থমাস কোপল্যান্ড বিবিসির ‘দ্য গ্লোবাল স্টোরি’ অনুষ্ঠানে বলেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও তৈরির পেছনে অর্থনৈতিক স্বার্থও কাজ করেছিল। যুদ্ধ নিয়ে কারও ব্যক্তিগত অবস্থান না থাকলেও শুধু বেশি দর্শক, অনুসারী ও আয় পাওয়ার আশায় অনেকে এ ধরনের ভিডিও তৈরি করেছিলেন।

এতে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়েছিল এবং সত্য-মিথ্যা যাচাই করার আগেই লাখ লাখ মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। পরে কেউ সত্য তথ্য প্রকাশ করলেও অনেকে তা বিশ্বাস করতে চাননি।

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধকালীন অপপ্রচারের মূল কৌশল বহু পুরোনো ছিল। প্রতিপক্ষকে দুর্বল দেখানো, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা এবং নিজেদের পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা সব সময়ই ছিল। তবে এআই দিয়ে ছবি ও ভিডিও তৈরি করা সহজ হওয়ায় এসব প্রচারণা আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগরায়ণে হারিয়ে গেছে ভোর, মানবিক নগর গড়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৪ এম


নগরায়ণে হারিয়ে গেছে ভোর, মানবিক নগর গড়ার আহ্বান

এই শহরে ভোর আর আসে না, বরং ভোর হারানোর দীর্ঘশ্বাস শোনা যায়। যে ভোরের কপালে শিশিরের টিপ থাকার কথা ছিল, তার কপালে এখন কালো ধোঁয়ার ছোপ রয়েছে।

আমাদের সকালগুলো প্রকৃতির দান নয়, বরং যন্ত্রের দয়ার ফল। আমরা ঘুম থেকে জাগি ঠিকই, কিন্তু জাগরণের অনুভূতি আর হয় না। অ্যালার্ম বাজে, কিন্তু পাখির ডাক শোনা যায় না। এখানে বসন্তের রঙ নেই। এটি ঋতুরাজ নয়, বরং ঋতুর কারাগার। এখানে আর ফুল ফোটে না, ফুলের বিজ্ঞাপন ফুটে। কোকিলের ডাক শোনা যায় না, হাইড্রোলিক হর্নের ডাক শোনা যায়। মুকুল প্রস্ফুটিত হওয়ার আগেই আত্মহত্যা করে, কারণ সে জানে- ফুটলেই তাকে ঝরে পড়তে হবে। পিচের উত্তপ্ত শয্যায়, ফুল হয়ে ফুটার আগেই তাকে পায়ের তলায় পিষ্ট হতে হবে। এটি ঝরে পড়া ফুলদের একটি নীরব অভিশাপ। সেই অভিশাপে বৃক্ষেরা আজ আর জাগতে চায় না, কারণ জেগে দেখলে তাদের সন্তানরা জীবিত নেই, তাদের ছায়ায় আর কেউ ক্লান্তি জুড়াতে বসে না। বৃক্ষ এখন শুধু সাইনবোর্ডের আড়ালে দাঁড়িয়ে থাকা এক অসহায় প্রহরী।

এই শহরের আকাশ অপহৃত হয়ে গেছে। হাজারো কালো তারের জালে সে বন্দি, অট্টালিকার দম্ভে সে খণ্ডিত। আমরা আকাশ দেখি না, জোছনা দেখি না, দেখি নিয়নের আলো। বাতাস এখানে আর বয় না, বাতাস এখানে হাঁপায়। প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে ঢুকে যায় একমুঠো সিসা, একমুঠো ধুলো এবং একমুঠো না-বলা দীর্ঘশ্বাস। এখানে নদী ছিল, এখন নর্দমা আছে। এখানে মাঠ ছিল, এখন পার্কিং লট আছে। এখানে শৈশব ছিল, এখন স্ক্রিন আছে। এখানে প্রতিবেশী ছিল, এখন সিসি ক্যামেরা আছে। উন্নয়নের এই মহাকাব্যে আমরা সব হারিয়েছি, পেয়েছি কেবল কংক্রিট, ক্লান্তি এবং একরাশ না-পাওয়ার গল্প।

আর মানুষ? এখানে মানুষ আর নেই, আছে শুধু ছায়া ও সংখ্যা। তবে এ থেকে পরিত্রাণের উপায় কী? পরিত্রাণ কোনো রাজপথে নেই, পরিত্রাণ কোনো সরকারি প্রকল্পে নেই, পরিত্রাণ আছে প্রত্যাবর্তনে। আমাদের ফিরতে হবে ইট থেকে মাটিতে, যন্ত্র থেকে মানুষে, দখল থেকে ভালোবাসায়, শব্দ থেকে নীরবতায়, স্বার্থ থেকে সমষ্টিতে। আমাদের আবার মাটির কাছে ফিরতে হবে, মানুষের কাছে ফিরতে হবে। নগরায়ণকে থামানো যাবে না, তবে নগরকে মানবিক করা যায়। সেই উদ্যোগ শুরু করতে হবে এখনই। তা না হলে দ্রুত পরিত্যক্ত হয়ে পড়বে এই নগর। একদিন হয়তো সবাইকে পালাতে হবে, যেমন পরিত্যক্ত হয়েছে অতীতের অনেক নগরসভ্যতা।

লেখক: শিক্ষার্থী, বাংলা বিভাগ, ইডেন মহিলা কলেজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতে গিজার কেনার আগে উপযোগিতা যাচাই করুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৫ এম


শীতে গিজার কেনার আগে উপযোগিতা যাচাই করুন

অন্যদিকে স্টোরেজ গিজার হচ্ছে— একটি বড় ট্যাংকে পানি জমা থাকে ও গরম হয়। যখন একসঙ্গে অনেক পানির প্রয়োজন হয় বা একাধিক বাথরুমে সংযোগ দিতে চাইলে এটি উপযুক্ত হয়ে ওঠে।

শীতের আমেজ শুরু হলেই বাড়িতে গরম পানির চাহিদা বাড়তে থাকে। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে গোসলের সময় ঠান্ডা পানিতে হাত দেওয়া যায় না। এই কারণে, আপনি যদি নতুন গিজার কেনার পরিকল্পনা করেন, তাহলে বাজারে এখন বিভিন্ন ব্র্যান্ডের একাধিক ধরনের গিজার পাওয়া যাচ্ছে। কিছু জায়গায় কম দাম, আবার কিছু জায়গায় আধুনিক প্রযুক্তি ও বিদ্যুৎ সাশ্রয়ের প্রতিশ্রুতি রয়েছে।

শীতে গিজার কেনার আগে ধারণক্ষমতা বা লিটারের মাপকাঠি দেখে নেওয়া উচিত। কারণ গিজারের ধরন আলাদা— ইনস্ট্যান্ট বনাম স্টোরেজ। ইনস্ট্যান্ট গিজার হচ্ছে—আকারে ছোট এবং সুইচ অন করার সঙ্গে সঙ্গেই পানি গরম করে। এটি রান্নাঘর বা ছোট পরিবারের জন্য বেশ সাশ্রয়ী ও সুবিধাজনক।

দাম, ব্র্যান্ড কিংবা ট্যাংকের ধারণক্ষমতা দেখলেই হবে না। ভুল মডেল বেছে নিলে পরে বিদ্যুতের বিল বাড়তে পারে, প্রয়োজনের সময়ে পর্যাপ্ত গরম পানি নাও পাওয়া যেতে পারে। এমনকি নিরাপত্তার সমস্যাও তৈরি হতে পারে। তাই নতুন গিজার কেনার আগে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করে নেওয়া জরুরি।

চলুন জেনে নেওয়া যাক, বিদ্যুৎ সাশ্রয়, নিরাপত্তা, গরম পানি পাওয়ার সময় এবং ওয়ারেন্টি গিজার কেনার আগে যাচাই করা উচিত—

১. পরিবারের সদস্য অনুযায়ী গিজারের ধারণক্ষমতা

গিজার কেনার আগে প্রথমেই হিসাব করুন— বাড়িতে কতজন নিয়মিত গরম পানি ব্যবহার করে থাকেন। পরিবারের সদস্য সংখ্যা এবং দৈনিক পানির চাহিদার সঙ্গে গিজারের ট্যাংকের ধারণক্ষমতা সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। সাধারণভাবে এক বা দুজনের পরিবারের জন্য ১০-১৫ লিটারের স্টোরেজ গিজার প্রয়োজন মেটাতে পারে।

তিন-চারজনের পরিবারের ক্ষেত্রে ১৫-২৫ লিটারের মডেল বিবেচনা করা যায়। বড় পরিবারের জন্য আরও বেশি ধারণক্ষমতার গিজার প্রয়োজন হতে পারে। তাই এগুলো সাধারণ ধারণা। পরিবারের সদস্যরা একসঙ্গে স্নান করেন কিনা, বালতিতে পানি ব্যবহার করেন নাকি শাওয়ারে— এসব বিষয়ও বিবেচনা করতে হবে।

আবার প্রয়োজনের তুলনায় বড় গিজার কিনলে অপ্রয়োজনীয়ভাবে বেশি পানি গরম করতে হতে পারে। আবার খুব ছোট ট্যাংক হলে একাধিক ব্যক্তির ব্যবহারের জন্য বারবার পানি গরম করার অপেক্ষায় থাকতে হবে।

২. কেনার আগে ওয়ারেন্টি জেনে নিন

অনেকেই গিজার কেনার সময় শুধু দাম ও ব্র্যান্ডের দিকে নজর দিয়ে থাকে। কিন্তু পরে কোনো যান্ত্রিক সমস্যা দেখা দিলে ওয়ারেন্টি কাজে আসে। তাই কেনার আগে ওয়ারেন্টির শর্ত ভালোভাবে পড়ে নিন। বিশেষ করে ট্যাংক, হিটিং এলিমেন্ট এবং সম্পূর্ণ গিজারের জন্য কত বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে, তা আলাদা করে জেনে নিন।

৩. দ্রুত পানি গরম, যাচাই করুন

শীতের সকালে গরম পানির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে কারও ভালো লাগে না। তাই গিজার কেনার আগে সেটির হিটিং ক্ষমতা এবং পানি গরম হতে আনুমানিক কত সময় লাগে, তা জেনে নিন। পানি গরম হওয়ার সময় নির্ভর করে ট্যাংকের ধারণক্ষমতা, হিটিং এলিমেন্টের ওয়াট এবং সরবরাহ করা পানির প্রাথমিক তাপমাত্রার ওপর। ছোট ট্যাংকের পানি তুলনামূলক কম সময়ে গরম হয়। অন্যদিকে বেশি ধারণক্ষমতার ট্যাংকে সময় কিছুটা বেশি লাগে।

সে কারণে দ্রুত পানি গরম হওয়ার জন্য প্রয়োজনের তুলনায় ছোট গিজার কেনা ঠিক নয়। এতে একবার পানি ব্যবহারের পর আবার গরম পানির জন্য অপেক্ষা করতে হয়। তাই পরিবারের চাহিদা অনুযায়ী ধারণক্ষমতা ও হিটিং পাওয়ারের মধ্যে ভারসাম্য রাখুন।

৪. নিরাপত্তার ফিচার আছে কিনা

আপনি গিজার কেনার আগে দেখে নিন নিরাপত্তার বিষয়টি। কারণ এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের একটি হচ্ছে— নিরাপত্তা। এটি একই সঙ্গে বিদ্যুৎ ও পানি ব্যবহার করে। তাই গিজার কেনার আগে কয়েকটি সুরক্ষাব্যবস্থা রয়েছে কিনা, তা যাচাই করুন। গিজার বসানোর সময় সঠিক আর্থিং, উপযুক্ত সার্কিট ব্রেকার এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিরাপত্তার ফিচার থাকলেই হবে না, সঠিকভাবে ইনস্টল করাও জরুরি।

৫. বিল কমাতে স্টার রেটিং ও ইনসুলেশন দেখুন

আপনি গিজার নিয়মিত ব্যবহার করলে বিদ্যুতের বিলেও তার প্রভাব পড়ে। তাই কেনার আগে বিইইর এনার্জি এফিশিয়েন্সি স্টার রেটিং দেখে কিনুন। সাধারণভাবে বেশি স্টার রেটিংয়ের গিজার তুলনামূলক কম বিদ্যুৎ খরচে কাজ করে। তবে শুধুমাত্র ৫-স্টার রেটিং দেখেই বিদ্যুতের বিল নির্দিষ্ট পরিমাণ কমবে— এমনটি ভাবা ঠিক নয়। গিজারের ব্যবহার কতক্ষণ হচ্ছে, কতটা পানি গরম করা হচ্ছে এবং কোন তাপমাত্রায় রাখা হচ্ছে— এসবের ওপরও বিদ্যুৎ খরচ নির্ভর করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীর বাড়িতে হামলা, যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদা দাবি করার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৬ এম


প্রবাসীর বাড়িতে হামলা, যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদা দাবি করার অভিযোগ

কক্সবাজারের পেকুয়ায় এক প্রবাসীর জমির সীমানাপ্রাচীর ভাঙচুর ও তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ কার্যক্রমের যুবলীগ নেতার বিরুদ্ধে, যিনি চাঁদা দাবি করেছিলেন। এই ঘটনায় দুই নারী আহত হয়েছেন।

ভুক্তভোগী প্রবাসী আরিফুল ইসলামের বাবা আবদু জব্বার বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একইদিন সকালে উপজেলার বারবাকিয়ার জালিয়াকাটায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি হেলাল উদ্দিন বারবাকিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

আহতদের মধ্যে রয়েছেন আরিফুলের মা রোকেয়া বেগম এবং তার ভাইয়ের স্ত্রী সুমি।

আরিফুলের ভাই সৌদি প্রবাসী শহিদুল ইসলাম জানান, তার প্রবাসী ভাই আরিফুল জমিটি কবির চৌকিদারের ছেলে মোহাম্মদ জাকেরের কাছ থেকে ক্রয় করেন। তিনি বলেন, "দেড়মাস আগে আমি ছুটিতে বাড়ি আসি, এরপর ভাইয়ের অনুরোধে আমি তার জায়গায় সীমানাপ্রাচীরের কাজ শুরু করি। অক্টোবরের ১২ তারিখ জমির মালিক জাকের আহমেদের ভাই সাবের আহমেদের ছেলে হেলাল কিছু লোকজন নিয়ে এসে বললেন, ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা দেওয়া লাগবে। একপর্যায়ে জোরজবরদস্তির মাধ্যমে এমনকি প্রাণে মারার হুমকি দিয়ে আমার মা’র কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করেন। এরপরও হুমকি অব্যাহত থাকায় কিছুদিনের জন্য কাজ স্থগিত রাখি।"

তিনি আরও বলেন, "বৃহস্পতিবার যখন আবার কাজ শুরু করি সকাল সাড়ে ৯টার দিকে হেলালের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন মানুষ এসে আমার বাড়ির সীমানাপ্রাচীর ভাঙচুর করেন। এসময় তারা প্রাচীর নির্মাণে ব্যবহৃত রড সিমেন্ট নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।"

আহত রোকেয়া বেগম বলেন, "তারা ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা চাইলো, আমি ২০ হাজার দিয়েছি, তারপরও অত্যাচার করছে।"

অন্যদিকে, হেলাল উদ্দিন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না। হেলাল উদ্দিন বলেন, "জায়গা সম্পত্তির হিসাব কাগজে কলমে হয়। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা।"

পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে জুলাই স্মৃতি স্তম্ভে গভীর রাতে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৭ এম


নাটোরে জুলাই স্মৃতি স্তম্ভে গভীর রাতে অগ্নিকাণ্ড

নাটোরে শনিবার গভীর রাতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনা শনিবার ভোর চারটার দিকে শহরের ভবানীগঞ্জ এলাকায় সরকারি পাবলিক লাইব্রেরির সামনে ঘটে।

জুলাই যোদ্ধা সাজ্জাদ আহমেদ জানান, নাটোরের জুলাই স্মৃতি স্তম্ভটি একটি উন্মুক্ত স্থানে অবস্থিত। বেস্টনি না থাকার কারণে স্তম্ভটি নিরাপত্তাহীন। প্রশাসনকে নিরাপত্তার বিষয়ে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তিনি আগুন দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, দেশকে একটি গোষ্ঠী অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত সনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। তিনি বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%