মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৩৩ এম
রাজধানী ঢাকা আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ পাঁচে উঠে এসেছে। বায়ুদূষণের সূচক অনুযায়ী মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা ৩৬ মিনিটে ঢাকার অবস্থান ছিল পঞ্চম। এ সময় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৮০, যা অস্বাস্থ্যকর হিসেবে গণ্য হয়। তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে দূষণ স্কোর ২৭৭। দ্বিতীয় স্থানে আফগানিস্তানের রাজধানী কাবুল রয়েছে।
এসব তথ্য সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে জানা যায়। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন শহরের বায়ুমানের তথ্য হালনাগাদ করে, ফলে সময়ের সঙ্গে শহরগুলোর অবস্থান ও দূষণ স্কোর পরিবর্তিত হতে পারে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসকে ভালো বলা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল জনগণের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে তা সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ হলে বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে পড়ে।
ঢাকার ১৮০ স্কোরের অর্থ হলো, রাজধানীর বাতাস বর্তমানে সাধারণ মানুষের জন্যও অস্বাস্থ্যকর। দীর্ঘ সময় এমন দূষিত বাতাসে অবস্থান করলে বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টসহ ফুসফুসের রোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পেতে পারে। দূষিত বায়ুর সূক্ষ্ম বস্তুকণা (পিএম২.৫) শ্বাসের মাধ্যমে ফুসফুসের গভীরে প্রবেশ করে হৃদ্যন্ত্র ও শ্বাসতন্ত্রের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রায়শই ঢাকা, দিল্লি ও লাহোরের নাম উঠে আসে। বিশেষ করে শীত মৌসুমে বৃষ্টিপাত কমে যাওয়া, বাতাসের গতিবেগ ও বায়ুপ্রবাহের পরিবর্তন এবং ধুলাবালু ও দূষিত কণার বিস্তার পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ঢাকার বায়ুদূষণের অন্যতম উৎস হিসেবে যানবাহনের কালো ধোঁয়া, অপরিকল্পিত নির্মাণকাজের ধুলাবালু, ইটভাটা, শিল্পকারখানার নির্গমন ও বর্জ্য পোড়ানোর বিষয়গুলো দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে।
এদিকে, রাজধানীর পরিচ্ছন্নতা ও পরিবেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১৪ নভেম্বর সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে এক পর্যালোচনা সভায় তিনি ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম দ্রুততর করার নির্দেশনা দেন। বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।
এর আগে ৯ সেপ্টেম্বর পরিবেশদূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক পর্যালোচনা সভায় পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার বিজিবি সদর দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মোতায়েন করা বিজিবির জেলাগুলোর মধ্যে রয়েছে— গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্রগুলো সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৫.৪ ছিল। জানা গেছে, সকাল সাড়ে ৭টা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন জানিয়েছেন, ভূমিকম্পের পর জেলার বিভিন্ন স্থানে খবর নিয়ে জানা গেছে, কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘন কুয়াশা এবং কম তাপমাত্রার কারণে মানুষ এ সময় ঘুমিয়ে থাকায় তেমন আতঙ্ক সৃষ্টি হয়নি।
এদিন ভারতের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, ডুয়ার্স এবং সিকিমেও কম্পন অনুভূত হয়েছে।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, নেপালে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশ থেকে ১২ কিলোমিটার দূরে লেলেপে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের চলমান সংঘর্ষের কারণে নেপালে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। গত কয়েক বছরে এই অঞ্চলে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে, যার মধ্যে কয়েকটি ভয়াবহ ভূমিকম্প ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির কারণ হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে অন্যান্য দিনের তুলনায় অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে দেখা গেছে।
কিছু কারখানায় শ্রমিকরা উপস্থিত হলেও কাজ না করায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য ২০টি কারখানা বন্ধ রয়েছে।
শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আশুলিয়ায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টস লি., স্টারলিং ক্রিয়েশন লি., বান্দো ডিজাইন লি. এবং নিউএইজ গ্রুপে। মৌখিকভাবে বন্ধ রয়েছে এম অ্যান্ড এইচ করপোরেশন লি. এবং আজমত গ্রুপ।
অন্যদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের কারণে ১৩(১) ধারা মোতাবেক ২০টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সুসুকা নিট লি., ক্রিস্টাল কম্পোজিট লি., আউটলেট স্টিচ লি., সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া লি., মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট লি., জিম্যাক্স ক্লোথিং লি., টপ টেক্স সোয়েটার লি., ফুটস্টেপস বাংলাদেশ লি., এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লি., মন্ডল নিটওয়্যার লি., আর্টিস্টিক ডিজাইন লি., নেক্সট কালেকশন লি., হামীম গ্রুপ, এনভয় গ্রুপ, আরপি ক্রিয়েশন এ্যাপারেলস লি., হংকুন লেদার কম্পানি লি., ভার্চুয়াল বটমস লি., প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড (গার্মেন্টস ডিভিশন), ইয়াগী বাংলাদেশ লি..
মঙ্গলবার সকালে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকেই তৈরি পোশাক শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। কিছু কারখানায় শ্রমিকরা ভেতরে প্রবেশ করলেও কাজ না করায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং মৌখিকভাবে বন্ধ দুটি কারখানা। শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২০টি কারখানা বন্ধ রয়েছে।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা এবং জ্যামাইকায়। অপরদিকে, ২০৩৫ সালের নারী বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডকে।
এই অনুমোদনটি সোমবার ফিফার বিশেষ কংগ্রেসে গৃহীত হয়।
দুই আসরের বিড ছিল প্রতিদ্বন্দ্বিতাহীন এবং সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। পূর্বে, ফিফা ২০৩১ বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য আফ্রিকা এবং কনকাকাফ অঞ্চলের সদস্য দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ রেখেছিল। ২০৩৫ আসরের জন্য যোগ্যতা ছিল আফ্রিকা ও ইউরোপীয় সদস্য দেশগুলোর জন্য।
২০৩১ সালের টুর্নামেন্টটি হবে নারী বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো চারটি দেশ যৌথভাবে আয়োজন করবে। এটি উত্তর আমেরিকায় অনুষ্ঠিত তৃতীয় নারী বিশ্বকাপও হবে। এর আগে যুক্তরাষ্ট্র ১৯৯৯ ও ২০০৩ সালে এবং কানাডা ২০১৫ সালে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল।
মার্কিন ফুটবল ফেডারেশনের সভাপতি সিন্ডি পারলো কন মন্তব্য করেন, “ফিফার সঙ্গে আমরা বিশ্বমানের একটি টুর্নামেন্ট আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে নারী ফুটবলের বিকাশ আরও ত্বরান্বিত করতে চাই।”
অন্যদিকে, ২০৩৫ সালের আসরটি যুক্তরাজ্যে অনুষ্ঠিত প্রথম নারী বিশ্বকাপ হিসেবে চিহ্নিত হবে।
ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডেবি হিউইট বলেন, “আমরা শুরু থেকেই বলেছি, এটি হবে সবার নারী বিশ্বকাপ। একসঙ্গে আমরা নারী ফুটবলের শক্তিকে উদযাপন করব, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করব এবং বিশ্বের সব প্রান্তের সমর্থকদের একত্রিত করব।”
২০৩১ নারী বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশগ্রহণ করবে। ২০৩৫ আসরেও একই ফরম্যাট বজায় থাকবে। সেখানে ১২টি গ্রুপে চারটি করে দল খেলবে এবং পরে শেষ ৩২ থেকে নকআউট পর্ব শুরু হবে।
এদিকে, ২০২৭ নারী বিশ্বকাপ, যা হবে প্রতিযোগিতাটির দশম আসর, আগামী বছর ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত ব্রাজিলে অনুষ্ঠিত হবে। এটি দক্ষিণ আমেরিকায় আয়োজিত প্রথম নারী বিশ্বকাপ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ