০৩:৫৩ পি.এম
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় অভিনেতা আলমগীর ও উজ্জ্বল সবার নজর কাড়েন। জুমার নামাজের বিরতির পর তারা একসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ভোটকেন্দ্রে হাজির হন।
ভোটাধিকার প্রয়োগ শেষে, এ দুই শিল্পী কোনো বক্তব্য না দিয়েই কেন্দ্র ত্যাগ করেন।
দীর্ঘদিনের সহকর্মী দুই তারকাকে একসঙ্গে দেখে উপস্থিত শিল্পী ও ভোটাররা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। অনেকেই এগিয়ে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন, কেউ আবার স্মৃতি ধরে রাখতে ছবি তোলেন। ভোট দেওয়ার আগে ও পরে তাদের ঘিরে ছোটখাটো ভিড় তৈরি হয়।
আরও পড়ুন: তামাকবিরোধী জোটের স্বাগত: সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত’ ঘোষণার সিদ্ধান্ত
বর্তমান সভাপতি মিশা সওদাগর তাদের ভোটকেন্দ্রে নিয়ে যান। এরপর আলমগীর ও উজ্জ্বল একসঙ্গেই ভোট দেন এবং নীরবে বেরিয়ে যান। গণমাধ্যমের সঙ্গে এদিন তারা কোনো কথাই বলেননি।
সকালের পর থেকেই এফডিসি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ ছিল। শিল্পীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়। জুমার নামাজের জন্য সাময়িক বিরতির পর আবারও ভোটগ্রহণ শুরু হয়।
তবে নামাজের বিরতির সময় ভোটকেন্দ্রের গেটে তালা দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলে আরমান–মুক্তি প্যানেলের সমর্থকেরা হট্টগোল করেন। তাদের দাবি ছিল, ভোটকেন্দ্রের ভেতরে লোক রেখে বাইরে তালা লাগানো হয়েছিল, যা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।
যদিও নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু এ অভিযোগ নাকচ করে দেন। তিনি জানান, এমন কোনো অনিয়মের সুযোগ ছিল না।
আরও পড়ুন: এফডিসির কর্মচাঞ্চল্য হারিয়ে যাচ্ছে কি?
তার কথায়, প্রজেক্টরের মাধ্যমে সার্বক্ষণিক ভোটকেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়েছে এবং পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবেই পরিচালিত হচ্ছে। এবারের নির্বাচনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক উৎসাহ ছিল। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। সকাল থেকেই নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে এফডিসিতে ভিড় করেন প্রবীণ ও নবীন শিল্পীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন