ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জৈন্তাপুরে আসামি ছিনতাইয়ের ঘটনায় রাতভর অভিযান, যুবলীগ সভাপতিসহ ৩ জন গ্রেফতার


জৈন্তাপুরে আসামি ছিনতাইয়ের ঘটনায় রাতভর অভিযান, যুবলীগ সভাপতিসহ ৩ জন গ্রেফতার

সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ রাতভর অভিযান পরিচালনা করে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার হরিপুর এলাকায় পৃথক অভিযানের মাধ্যমে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাদ উদ্দিন (৪৮), ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজিজুর রহমান (৪৫) এবং নিষিদ্ধ ঘোষিত জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য ও ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফাহিম আহমদ (২৫)।

পুলিশের সূত্রে জানা গেছে, শাদ উদ্দিন হরিপুর ধলইপাড়া গ্রামের কবির আহমদের ছেলে। আজিজুর রহমান উত্তর বাগেরখাল গ্রামের আব্দুর রহমান ওরফে ময়না মিয়ার ছেলে। ফাহিম আহমদ শিকারখা গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে।

আরও পড়ুন: দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া

এর আগে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার হরিপুর বাজারের স্বাদ মিষ্টি বিপণির সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা কমিটির সহদপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদকে আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

পুলিশের হেফাজতে তাঁকে থানায় নিয়ে যাওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় একটি ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। এ সময় একদল ব্যক্তি পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেয়। একই সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

এ ঘটনার পরপরই হরিপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গভীর রাতে হরিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের গাড়ি ভাঙচুর ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী রামা দে গ্রেপ্তার

পুলিশের হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাঙচুরের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অফ ফর্মে থাকা বাবরকেও ছুঁতে পারছে না কেউ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


অফ ফর্মে থাকা বাবরকেও ছুঁতে পারছে না কেউ

বাবর আজম বর্তমানে অফ ফর্মে রয়েছেন। তার টেস্টে সর্বশেষ সেঞ্চুরির বয়স প্রায় ৪ বছর হতে চলেছে। তবে, চলতি বছরে তিনি যেভাবে ব্যাটিং করছেন, তাতে তার ধারেকাছে পৌঁছাতে পারছেন না অন্য কোনো ব্যাটার। দারুণ ফর্মে থাকা সত্ত্বেও, বাবরকে ছুঁতে পারছে না কেউ।

২০২৬ সালে তিনি কোনো সেঞ্চুরি পাননি। তবে ১১ ইনিংসে ব্যাট করে ৫০ রানের মাইলফলক তিনি ৫ বার স্পর্শ করেছেন। তার সর্বোচ্চ রান ৮৮। মোট রান ৪৫৫, এবং গড় ৫০.৫৫। নিদেনপক্ষে ১০ ইনিংসে ব্যাট করা ব্যাটারদের মধ্যে ২০২৬ সালে তার গড় সর্বোচ্চ।

দ্বিতীয় স্থানে রয়েছেন হ্যারি ব্রুক। ১২ ইনিংসে তার রান ৫৫৮, এবং গড় ৪৬.৫।

তালিকার তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। ১৩ ইনিংসে তার রান ৫৩০, এবং গড় ৪৪.১৬।

যদিও তিনি সেঞ্চুরি পাননি, চলতি বছরে ফর্মে ফেরার ইঙ্গিত তিনি দিচ্ছেন। ৫টি ফিফটি করেছেন এবং অন্তত ২ বার সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেছেন।

তার সর্বশেষ ইনিংসেও তিনি ফিফটি ছুঁয়েছেন। সব মিলিয়ে তার ব্যাটিং ইঙ্গিত দিচ্ছে যে, অন্তত টেস্টে তিনি আবার পুরোনো ছন্দে ফেরার খুব কাছাকাছি আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৫ পি.এম


কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইন সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে অমেদুল ইসলাম (৫০) নামের একজন আওয়ামী লীগ নেতাকে। পুলিশ সোমবার (৯ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানার একটি বিশেষ দলের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে আটক করে।

কোটচাঁদপুর মডেল থানার ওসি মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার লক্ষীকুন্ডু গ্রামের মৃত এলাহী মুন্সির পুত্র।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি সাফদারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। কোটচাঁদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১১ জনের নাম উল্লেখ, অজ্ঞাতনামা ১৫০ জন আসামি; গ্রেপ্তার ৪**

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে ঝটিকা আনন্দ মিছিল বের করার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ মামলায় বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (৮ নভেম্বর) রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৯, ১১ ও ১২ ধারায় মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

মামলায় নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন—বরিশাল জেলা ছাত্রলীগের সদস্য গোলাম কিবরিয়া রিজন, রাসেল, আব্দুল মান্নান সন্যামত, সুমন হাওলাদার ওরফে ‘কবুতর সুমন’, লিটন মিত্র, জোবায়ের রহমান, জিন্নাহ মীর, সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুম, হাদিস মীর ও জামাল হাওলাদার।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর বিকেল আনুমানিক ৩টার দিকে নগরীর পুলিশ লাইন্স রোডের এন হোসেন ভবনের সামনে থেকে একদল ব্যক্তি ঝটিকা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তবে মিছিলটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্রুত কর্মসূচি শেষ করে অংশগ্রহণকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিছিলকারীদের ধাওয়া করে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে।

পুলিশের দায়ের করা মামলায় মিছিলের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের নির্দিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

এদিকে, মামলায় নাম উল্লেখ করা ব্যক্তিদের বক্তব্য এবং পুলিশের বিস্তারিত তদন্ত-তথ্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযুক্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারাগুয়ের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বাড়িতে ব্যাংক ধসের তদন্তে অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


প্যারাগুয়ের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বাড়িতে ব্যাংক ধসের তদন্তে অভিযান

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : ডিজিটাল ব্যাংক উয়েনোর পতনের ফলে নিখোঁজ অর্থের অনুসন্ধানে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়ার পাশাপাশি সোমবার প্যারাগুয়ের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার বাসভবনে অভিযান পরিচালনা করেছেন দেশটির সরকারি কৌঁসুলিরা। ব্যাংকটির পতন দেশটিতে আর্থিক ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে।

প্রায় এক সপ্তাহ আগে উয়েনো ব্যাংকের আকস্মিক ধসের কারণে বিপাকে পড়া প্যারাগুয়ের কিছু গ্রাহক তাদের অর্থ ফেরত পেতে শুরু করেছেন। এদিকে, সদ্য দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট মন্ত্রিসভায় রদবদলের উদ্যোগ গ্রহণ করেছেন।

আসুনসিওন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে অভিশংসিত পেনার আসুনসিওনের বাসভবনে সোমবার প্রায় পাঁচ ঘণ্টা ধরে অভিযান চালানো হয়। অভিযানের সময় বিভিন্ন নথিপত্র, মোবাইল ফোন, সিসিটিভি ফুটেজ, ট্যাবলেট ও কম্পিউটার জব্দ করা হয়।

সরকারি কৌঁসুলি এলেনা ফিওরে এএফপিসহ সাংবাদিকদের বলেন, ‘এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিপুল পরিমাণ নথিপত্র উদ্ধার হওয়ায় আমরা এটিকে ইতিবাচক হিসেবে দেখছি।’

সরকারি কৌঁসুলিরা সোমবার উয়েনো ব্যাংকের একটি শাখায়ও অভিযান চালান। সেখানে পেনার বিনিয়োগসংক্রান্ত নথিপত্র জব্দ করা হয়। এসব নথির ভিত্তিতে লুক্সেমবার্গে থাকা ক্রিপ্টো সম্পদ জব্দ করতে সহযোগিতা চাওয়া হয়েছে বলে সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে।

ব্যাংকটির পতনের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে পেনা বর্তমানে বিচার-পূর্ব আটক রয়েছেন। ব্যাংকটির ধসে দেশটির প্রায় অর্ধেক মানুষ নিজেদের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলনের সুযোগ হারান। এর ফলে সাধারণত স্থিতিশীল হিসেবে পরিচিত দেশটির অর্থনৈতিক পরিস্থিতি ওলটপালট হয়ে যায়।

আর্থিক সক্ষমতা নিয়ে উদ্বেগের কারণে কেন্দ্রীয় ব্যাংক উয়েনোর নিয়ন্ত্রণ নেওয়ার পর আমানত সুরক্ষা তহবিলের মাধ্যমে গত বৃহস্পতিবার ও শুক্রবার প্রায় ১২ লাখ গ্রাহককে ১৬ কোটি ডলার ফেরত দেওয়া হয়।

সোমবার আরও এক শ্রেণির গ্রাহককে এই অর্থ ফেরত দেওয়ার কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

তবে আমানত সুরক্ষা তহবিল থেকে প্রতি ব্যাংক হিসাবে ৩৬ হাজার ডলারের বেশি ফেরত দেওয়া হয় না। এর ফলে উয়েনো ব্যাংকে জমা রাখা সরকারি তহবিলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এদিকে, পেনশন তহবিল ফেরতের দাবিতে সোমবার আসুনসিওনে মিছিল করেছেন কয়েকশ শ্রমিক ও শিক্ষক। তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

‘পূর্ণ স্বাভাবিকতা’

শুক্রবার পেনা অভিশংসিত হওয়ার পরপরই তার সাবেক ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া ৬২ বছর বয়সী মারিয়া ফার্নান্দেজ এএফপিকে বলেন, ‘আমরা আশা করি, তিনি বিষয়টি নিজের হাতে নেবেন এবং আমাদের অবসরকালীন চাঁদার অর্থ যারা চুরি করেছে, সেই অপরাধীদের সবাইকে সরিয়ে দেবেন।’

এদিকে উয়েনো ব্যাংকের পতনের ঘটনায় আলিয়ানারও জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে তার বিরুদ্ধে পৃথক অভিশংসন প্রক্রিয়া শুরুর জন্য প্রয়োজনীয় সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছেন বিরোধী দলের আইনপ্রণেতারা।

সোমবার আলিয়ানা মন্ত্রী, সচিব এবং আস্থাভাজন হিসেবে নিয়োগ পাওয়া রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগপত্র জমা দিতে বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘সরকারের অভ্যন্তরীণ সমন্বয় জোরদার করা এবং আরও দক্ষতার সঙ্গে প্রশাসন পরিচালনা নিশ্চিত করাই আমার লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘সব সরকারি প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাবে।’

এদিকে সিনেটররা সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী প্রধান হিসেবে হোর্হে শ্রেইনারকে অনুমোদন দিয়েছেন।

প্যারাগুয়ের সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, ধসে পড়া ব্যাংকটির সঙ্গে সংশ্লিষ্ট সম্পদের সন্ধান ও তা উদ্ধারে যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনার সহযোগিতাও চাওয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিদেশে থাকা সম্পদের সন্ধান ও সেগুলো সুরক্ষিত করার কাজ চলছে। এসব সম্পদ দেশে ফিরিয়ে এনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়াই এর উদ্দেশ্য।’

রোববার আলিয়ানা জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে ফোন করে দেশটির মিত্র প্যারাগুয়ের প্রতি ওয়াশিংটনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

প্রাসাদ ও ভল্ট-

ডিজিটাল প্রযুক্তিনির্ভর ক্ষুদ্র আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে উয়েনোর যাত্রা শুরু। এটি স্বল্প আয়ের বহু গ্রাহককে আকৃষ্ট করতে সক্ষম হয়।

মাত্র তিন বছরের মধ্যে এটি বড় একটি ব্যাংকে পরিণত হয়। ব্যাংকটি সরকারি পেনশন তহবিল এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের হিসাব পরিচালনা করত।

গত বছর বিক্রি করার আগ পর্যন্ত পেনার ওই ব্যাংকের মালিকানা প্রতিষ্ঠানে শেয়ার ছিল।

অভিযোগ রয়েছে, প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে তিনি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কোটি কোটি ডলারের আমানত উয়েনো ব্যাংকে স্থানান্তরের ব্যবস্থা করেছিলেন। পাশাপাশি সন্দেহজনক ঋণ বিতরণ ও ব্যাংকের আর্থিক সক্ষমতা নিয়ে সতর্কবার্তা থাকা সত্ত্বেও তিনি ব্যাংকটির আর্থিক সংকটের বিষয়টি গোপন করেছেন অথবা গুরুত্ব কমিয়ে দেখিয়েছেন।

তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন পেনা।

ব্যাংক ধসের তদন্তের অংশ হিসেবে কর্তৃপক্ষ গত সপ্তাহের শেষে হ্রদপাড়ের শহর সান বার্নারদিনোতে পেনার অবকাশ যাপন কেন্দ্রেও অভিযান চালায়। সেখানে একটি ভল্ট খোলার চেষ্টা করা হচ্ছিল।

তদন্তে দেখা গেছে, উয়েনো ব্যাংকের ঋণের একটি অংশ দিয়ে ওই প্রাসাদ নির্মাণের ব্যয় মেটানো হয়েছিল।

তদন্তে আরও দেখা গেছে, প্রাসাদটির মাসিক ঋণের কিস্তির পরিমাণ ছিল প্রেসিডেন্ট হিসেবে পেনার বেতনের ছয় গুণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%