০৩:৩৬ পি.এম
বরিশালের উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধের উদ্দেশ্যে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদের উদ্যোগে এবং উজিরপুর পৌরসভার সহযোগিতায় এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় ইচলাদী বাজার, ইচলাদী বাসস্ট্যান্ড ও আশপাশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রমও সম্পন্ন হয়।
এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জমে থাকা পানি অপসারণ, বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে তুলাতলি তীরের বেদে পল্লীতে গুড়ি গুড়ি বৃষ্টিতে বিপর্যয়
অভিযান চলাকালীন ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম, বালতি, বোতল, টায়ার ও নারিকেলের খোসাসহ যেসব স্থানে পানি জমে এডিস মশার প্রজনন হতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক উম্মে সালমা খানুন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান খান, উজিরপুর পৌর বিএনপির সভাপতি শহীদুল ইসলাম খান, সোহেল হাওলাদারসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা উল্লেখ করেন, শুধুমাত্র মশক নিধন কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য প্রতিটি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে আগামী তিন মাস প্রতি শনিবার ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
আরও পড়ুন: গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩৩৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন