১২:৪০ এম
রাজধানীর উত্তর মুগদার আহমদবাগের একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তানভীর হোসাইন শুভ (৪৫) এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) রাতে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, তানভীর হোসাইন এর বাবার নাম তবারক হোসেন। তাদের স্থায়ী বাসা সেগুনবাগিচায়, তবে সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি উত্তর মুগদার ওই ফ্ল্যাটে একা থাকতে শুরু করেন।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি
বাড়ির মালিক গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদের দিন তিনি শেষবারের মতো তানভীরকে জীবিত দেখেছিলেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ বা সাড়া-শব্দ পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে তার ঘর থেকে তীব্র ও অসহ্য দুর্গন্ধ বের হতে থাকলে বাড়ির অন্যান্য ভাড়াটিয়া ও মালিকের মনে সন্দেহ জাগে। পরে তারা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে আমরা আহমদবাগের ওই বাসাটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। সেখানে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত মরদেহটি দেখতে পাই। ধারণা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে।’
এসআই আরও জানান, ঘটনার পর নিহতের সহকর্মী ও আত্মীয়-স্বজনদের খবর দেয়া হয়েছে। তাদের উপস্থিতিতেই পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি ও মরদেহ উদ্ধারের কাজ সম্পন্ন করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।
আরও পড়ুন: সংবিধান সংশোধনসহ চার কমিটি পুনর্গঠন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন