১০:০০ পি.এম
সংসদ ভবন, ৯ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদে ‘সরকারি ক্রয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে, যার উদ্দেশ্য হলো সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহি, সমান সুযোগ এবং উন্মুক্ত প্রতিযোগিতা বৃদ্ধি করা।
বিলটি উত্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে এটি সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়, যাতে দুই কার্যদিবসের মধ্যে অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা করা হয়।
মন্ত্রী উত্থাপনের সময় বলেন, প্রস্তাবিত আইনের মাধ্যমে স্থানীয় শিল্পের সুরক্ষা, সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ক্রয়চুক্তির প্রশাসন ও ব্যবস্থাপনার বিধান সম্প্রসারণ এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতির আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: শাপলা চত্বরে গণহত্যার মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
আইনে টেকসই ক্রয় কার্যক্রম উৎসাহিত করতে পণ্য, কার্য ও ভৌত সেবার মূল্যায়নে অনুপাতভিত্তিক মানদণ্ড বা আন্তর্জাতিকভাবে পরিচিত ‘রেটেড ক্রাইটেরিয়া’ ধারণা অন্তর্ভুক্ত করার বিধান রাখা হয়েছে।
এছাড়া, সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ, পেশাগত অসদাচরণ সম্পর্কিত বিধান স্পষ্ট করা এবং দেশের জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয়ব্যবস্থা চালুর প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হয়েছে।
অধ্যাদেশ জারির বিরোধিতা করে পাবনা-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান প্রশ্ন করেন, সংসদ কার্যকর থাকা অবস্থায় সংসদ সদস্যদের পাশ কাটিয়ে রাষ্ট্রপতি কোন পরিস্থিতিতে অধ্যাদেশ জারি করেছেন।
এ বিষয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়েই বিলটি পাস হবে। অধ্যাদেশ জারি সংবিধানের একটি অংশ।
আরও পড়ুন: আওয়ামী লীগের ছত্রছায়ায় এস আলম গ্রুপ মাফিয়া কার্যক্রমে লিপ্ত
‘সরকারি ক্রয় আইন, ২০০৬’ সরকারি ক্রয়ের প্রধান আইনি কাঠামো হিসেবে বিবেচিত, যা এ পর্যন্ত ছয়বার সংশোধন করা হয়েছে। সর্বশেষ ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ‘সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারির মাধ্যমে আইনটি সংশোধন করা হয়।
স্থানীয় শিল্প সুরক্ষা এবং ক্রয় কার্যক্রমে অধিকতর প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে হালনাগাদ বিধান প্রবর্তনের জন্য অধ্যাদেশটি জারি করা হয়েছিল।
প্রস্তাবিত সংশোধনীতে নতুন, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র, নারী এবং সুবিধাবঞ্চিত দরদাতাদের সরকারি ক্রয়ে অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি উন্মুক্ত দরপত্র পদ্ধতির আধুনিকায়ন এবং সম্পদের আরও সুষম বণ্টন নিশ্চিত করতে সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে।
পেশাগত অসদাচরণ সম্পর্কিত বিধান স্পষ্ট করা এবং রাষ্ট্রের জরুরি প্রয়োজন মেটাতে বিকল্প ক্রয়ব্যবস্থা চালুর বিষয়টিও খসড়া আইনে অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘সরকারি ক্রয় (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া জনমত গ্রহণের জন্য বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল।
এর আগে, ৯ নভেম্বর সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের অধীনে জারি করা অধ্যাদেশটি ৯৩(২) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংসদে উপস্থাপন করা হয়।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ কর্তৃক ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভা খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন দেয়।
২ নভেম্বর বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের ২৬তম মন্ত্রিসভা বৈঠকে বিলটির নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন: রাজশাহীতে স্ত্রীর মুখ ও শরীর অ্যাসিডে ঝলসে দিল স্বামী শহিদুল ইসলাম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন