০৫:৩০ পি.এম
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামে জমি নিয়ে বিরোধের কারণে আলী আশরাফ শিমুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি চলাচলের পথে কাঁটাতারের বেড়া দিয়ে একটি বাড়ির বাসিন্দাদের অবরুদ্ধ করেছেন।
শনিবার (২১ নভেম্বর) সকালে অভিযোগ করা হয়েছে যে, ওই বাড়ির বাগান থেকে অসংখ্য সুপারি গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কাটায় বাধা দিতে গেলে প্রতিপক্ষের হামলায় রোকেয়া বেগম (৬৫) ও আমেনা আক্তার শিউলী (৩৮) গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে সম্প্রতি আলী আশরাফ শিমুল দায়চারা গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দাদের চলাচলের পথে কাঁটাতারের বেড়া দেন। প্রশাসন যাতে ওই বেড়া সরাতে না পারে, সে জন্য তিনি নিজেই আদালতে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে মামলা করেন।
আরও পড়ুন: বরগুনার তালতলীতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন
শনিবার (২১ নভেম্বর) সকালে বাগান থেকে অসংখ্য সুপারি গাছ কেটে ফেলা হয়। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত হন।
আমেনা আক্তার শিউলী জানান, দীর্ঘদিন ধরে চলাচলের পথে কোনো কারণ ছাড়াই গত ৬ সেপ্টেম্বর আলী আশরাফ শিমুল কাঁটাতারের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন। এতে তাদেরসহ পুরো বাড়ির লোকজন অবরুদ্ধ হয়ে পড়েন।
প্রতিকার পেতে তিনি সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে লিখিত আবেদন করেন। ভূমি অফিস কর্তৃপক্ষ সরেজমিন পরিদর্শন করে তাদের পক্ষে রায় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে এবং কাঁটাতারের বেড়া যাতে সরানো না যায়, সে জন্য আলী আশরাফ শিমুল চাঁদপুর আদালতে মামলা করেন বলে অভিযোগ করেন তিনি।
শিউলী আরও জানান, শনিবার তাদের সম্পত্তির বাগান থেকে সুপারি গাছ কেটে নেওয়ার সময় বাধা দিলে তার ও তার শাশুড়ির ওপর হামলা করা হয়। এ ঘটনায় তার শাশুড়ি বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে গ্রাম পুলিশকে জিরো টলারেন্স নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী
এদিকে ভূমি অফিস থেকে একাধিকবার শুনানির নোটিশ পাঠানো হলেও আলী আশরাফ শিমুল উপস্থিত হননি বলে জানা গেছে। পরে গত ১১ নভেম্বর তিনি নিজেই চাঁদপুর দেওয়ানি আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করেন।
এ বিষয়ে আলী আশরাফ শিমুল বলেন, "এই সম্পত্তির ওপর আদালতের নিষেধাজ্ঞা জারির জন্য মামলা করা হয়েছে।"
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের তারিখ ২ ডিসেম্বর পরিবর্তন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন