০৫:৫৮ পি.এম
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি পরিচালনা করে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই ঘটনায় দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজায় এই অভিযানটি সম্পন্ন হয়।
গ্রেপ্তারকৃতদের নাম হলো— চিয়উছা চাকমা (২৩) ও কালো চাকমা (২২)।
আরও পড়ুন: ৯ জেলার নিরাপত্তায় মোতায়েন ৫৩ প্লাটুন আনসার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাগড়াছড়ি থেকে ঢাকাগামী একটি বাসে ইয়াবার বড় চালান আনা হচ্ছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। টোল প্লাজার ৪ নম্বর লাইনের পশ্চিম পাশে অবস্থিত শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালান অধিদপ্তরের সদস্যরা। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৮৯৯৮।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাসে থাকা দুই যাত্রীর দেহ তল্লাশি করে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান।
এ সময় গ্রেপ্তার দুই তরুণের কাছ থেকে একটি মুঠোফোনও জব্দ করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: হযরত শাহজালাল বিমানবন্দরে ৭.৫ কেজি স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন