১০:০৩ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন স্থানে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিনজনের পরিচয় প্রকাশিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আটককৃতদের মধ্যে রয়েছেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) এবং নাজমুস সাদ (৩৩)।
আরও পড়ুন: বড় ভাইকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৪
রেজাউল করিম নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলকাঠোর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত কফিরউদ্দিন প্রামানিক। বর্তমানে তিনি ঢাকার ফকিরাপুল এলাকায় বসবাস করছেন।
সোহেল রানার স্থায়ী ঠিকানা রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার খুটিপাড়া গ্রামে অবস্থিত। তার বাবার নাম মো. ইদ্রিস আলী।
অন্যদিকে, নাজমুস সাদ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কচাপাড়া গ্রামের নিজামুল হকের পুত্র।
পুলিশের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: জ্যোতিকা জ্যোতির পরে এবার আটক বাংলাদেশের টেলিভিশন অভিনেতা তমাল মাহবুব
এর আগে, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের পৃথক পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নীলক্ষেত, সিনেট ভবনের সামনে, টিএসসি এলাকায় দুটি এবং শাহবাগ মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হওয়ার খবর পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন দুই ব্যক্তি। মেট্রোরেল স্টেশন-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় উপস্থিত লোকজন তাদের আটক করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সভাপতি গণেশ চদ্র রায় সাহস মন্তব্য করেন, "নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের এ ধরণের কর্মকাণ্ডে প্রতিহত করতে কর্মসূচি ঘোষণা করবে ছাত্রদল। সাধারণ মানুষ যেন নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে সেজন্য ছাত্রদল সর্বদা সোচ্চার থাকবে।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানান, ক্যাম্পাসের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের তথ্য তারা পেয়েছেন। টিএসসি এলাকা থেকে দুজন এবং জগন্নাথ হল এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, "কেউ গুরুতর আহত হননি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার বিষয়ে জানার চেষ্টা চলছে।"
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের প্রভাবে কতদিন ঝরবে বৃষ্টি?
আটক ব্যক্তিদের শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ ও অধিকতর তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন