০৯:৩০ এম
বিশ্ববাজারে সোনার দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম হ্রাস পেয়েছে।
গতকাল সোনার দাম ২ শতাংশের বেশি কমেছিল। বর্তমানে বিনিয়োগকারীদের দৃষ্টি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্যের দিকে রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টা ২৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম দশমিক ৩ শতাংশ কমে ৩ হাজার ৫৪৪ ডলার ৫৪ সেন্টে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসের সরবরাহের জন্য সোনার ফিউচার মূল্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৪২ ডলার ৬০ সেন্টে নেমে এসেছে।
আরও পড়ুন: বাংলাদেশে ১৩০ লাখ কোটি টাকার কয়লা মজুত
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে সুদের হার বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেছে। বিনিয়োগকারীরা ধারণা করছেন, আগামী ডিসেম্বরে সুদের হার বাড়তে পারে। বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, ডিসেম্বরে ফেডের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধির সম্ভাবনা ৯৬ দশমিক ৪ শতাংশ। আর ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধির সম্ভাবনা ৩ দশমিক ৬ শতাংশ।
সাধারণত, সুদের হার বৃদ্ধি পেলে সোনার মতো মুনাফাবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। কারণ, তখন সুদ পাওয়া যায় এমন সম্পদে বিনিয়োগ করে বেশি মুনাফার সুযোগ তৈরি হয়। ফলে সোনার দামের ওপর চাপ সৃষ্টি হয়।
বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) তথ্যের জন্য অপেক্ষা করছেন। বুধবার প্রকাশিত হতে যাওয়া এই সূচক দেশটির মূল্যস্ফীতির পরিস্থিতি বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফেডারেল রিজার্ভও সুদের হার নির্ধারণের ক্ষেত্রে এই সূচককে বিশেষ গুরুত্ব দেয়। কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ২ শতাংশ।
এদিকে, সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। বুধবার স্পট মার্কেটে রুপার দাম দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ ডলার ৭৯ সেন্টে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ২৬৭ ডলার ৬৫ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম দশমিক ৩ শতাংশ কমে ৮৫১ ডলার ২৫ সেন্টে নেমে এসেছে।
আরও পড়ুন: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন