ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নেগরেইরা তদন্তের শেষ ধাপে, শিগগিরই বার্সেলোনার ভবিষ্যৎ নির্ধারণ হবে


নেগরেইরা তদন্তের শেষ ধাপে, শিগগিরই বার্সেলোনার ভবিষ্যৎ নির্ধারণ হবে

স্প্যানিশ ফুটবলের আলোচিত নেগরেইরা-কাণ্ডের তদন্তের সাক্ষ্যগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। এখন বার্সেলোনার জমা দেওয়ার অপেক্ষায় রয়েছে আর্থিক প্রতিবেদন। সেগুলো হাতে পাওয়ার পর ২০২৭ সালের শুরুতে মামলার ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন বিচারক আলেহান্দ্রা গিল। বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বিচার শুরু হবে, নাকি মামলাটি বন্ধ করে দেওয়া হবে—এমন অবস্থায় রয়েছে স্প্যানিশ ফুটবল।

২০২৩ সালে প্রকাশ্যে আসা এই ঘটনায় ১৭ বছর ধরে স্পেনের রেফারি কমিটির সাবেক সহসভাপতি হোসে মারিয়া এনরিকেস নেগরেইরা ও তাঁর ছেলেকে অর্থ দেওয়ার অভিযোগ উঠেছিল বার্সেলোনার বিরুদ্ধে। সম্ভাব্য অনিয়ম, নথি জালিয়াতি ও ক্রীড়া দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে বিচার বিভাগ। তবে বার্সেলোনা বরাবরই দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেছে, অর্থ দেওয়া হয়েছিল বৈধ কারিগরি পরামর্শ ও রেফারি-সংক্রান্ত বিশ্লেষণ পাওয়ার জন্য।

মামলায় সর্বশেষ সাক্ষ্য দিয়েছেন বার্সেলোনা আতলেতিকের সাবেক কোচ জেরার্দ লোপেজ। তিনি ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্লাবটির রিজার্ভ দলের দায়িত্বে ছিলেন। বিচারক গিলের কাছে দেওয়া সাক্ষ্যে নেগরেইরার ছেলে হাভিয়ের এনরিকেসের তৈরি রেফারি-সংক্রান্ত প্রতিবেদনকে বেশ কার্যকর বলে বর্ণনা করেছেন লোপেজ।

আরও পড়ুন: বাংলাদেশ ‘এ’ দল আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়ে সেমিফাইনালে

তাঁর মতে, বিশেষ করে দ্বিতীয় বিভাগের ফুটবলে টেলিভিশন সম্প্রচার ও ভিডিও বিশ্লেষণের সুযোগ সীমিত থাকায় প্রতিপক্ষ ও রেফারিদের সম্পর্কে ধারণা পেতে এসব প্রতিবেদন কাজে আসত। ম্যাচের আগে পাওয়া তথ্যগুলো ছিল হালনাগাদ ও নির্ভুল বলেও দাবি করেছেন তিনি।

এর আগে বার্সেলোনা আতলেতিকের ৩২ বছর দায়িত্ব পালন করা সাবেক প্রতিনিধি তনি আলোনসোও সাক্ষ্য দিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, কোচভেদে এসব প্রতিবেদন ব্যবহারের ধরন আলাদা ছিল। জেরার্দ লোপেজ সেগুলো কাজে লাগালেও লুইস এনরিকে তা এড়িয়ে চলতেন। এনরিকের মনোযোগ ছিল মাঠে নিজেদের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলোর ওপর; রেফারির সিদ্ধান্তকে তিনি নিজেদের নিয়ন্ত্রণের বাইরে বলে মনে করতেন।

সাক্ষ্যগ্রহণ শেষ হলেও তদন্তের গুরুত্বপূর্ণ একটি অংশ এখনো বাকি। রিয়াল মাদ্রিদের আবেদনের পরিপ্রেক্ষিতে বার্সেলোনার কাছে ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ের অডিট ও আর্থিক প্রতিবেদন চাওয়া হয়েছে। শুরুতে বিচারক গিল সেই আবেদন নাকচ করেছিলেন। পরে বার্সেলোনা প্রাদেশিক আদালত আংশিকভাবে আবেদনটি মঞ্জুর করে। এখন ক্লাবের কাছ থেকে প্রয়োজনীয় আর্থিক তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছেন বিচারক।

সব তথ্য পর্যালোচনার পর বিচারক সিদ্ধান্ত নেবেন, নেগরেইরাকে দেওয়া অর্থ বৈধ সেবা গ্রহণের বিনিময়ে ছিল কি না, নাকি অভিযোগের পক্ষে বিচার শুরু করার মতো যথেষ্ট ভিত্তি রয়েছে। প্রথম ক্ষেত্রে মামলাটি বন্ধ হয়ে যেতে পারে। আর দ্বিতীয় ক্ষেত্রে বিচারের মুখোমুখি হতে পারে বার্সেলোনা।

আরও পড়ুন: একজন পেসার কম খেলানোয় হতবাক ডোনাল্ড

তদন্তের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ায় নেগরেইরা-কাণ্ড এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। ২০২৭ সালের শুরুতে বিচারকের সিদ্ধান্তেই স্পষ্ট হবে, স্প্যানিশ ফুটবলের অন্যতম আলোচিত এই বিতর্কের পরিণতি কী হতে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ সিরাজগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ সিরাজগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ এই মূল প্রতিপাদ্যকে কেন্দ্র করে সিরাজগঞ্জে গতকাল শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, ইনসুলিন বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সকালবেলা সিরাজগঞ্জ ডায়াবেটিস সমিতির উদ্যোগে সমিতির চত্বর থেকে একটি র‍্যালি বের হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

র‍্যালির পর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মো. আরমান আলীর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ডায়াবেটিস সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক হাসান বুলবুল, ডায়াবেটিস বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মীর শাখাওয়াত আলী, ডা. এ কে এম জিয়াউর কবীর, ডা. এহিয়া সরকার এবং নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশে অতিরিক্ত চিনি, লবণ এবং সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ব্যবহারের বৃদ্ধি ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়িয়ে তুলছে। তাই ডায়াবেটিস রোগকে অবহেলা না করে নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত হাঁটা, সুষম খাদ্য গ্রহণ এবং সুশৃঙ্খল জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলীতে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি পরিচয় দেওয়া অ্যাডভোকেট মো. কামাল উদ্দিনকে তার বাসা থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মইজ্জারটেক এলাকায় তার বাসা ঘেরাও করেন বেশ কয়েকজন ব্যক্তি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কর্ণফুলী থানার ওসি নূর আহমদ আমার দেশকে জানান, ‘পলাতক আওয়ামী লীগ সভাপতি’ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অ্যাডভোকেট কামাল উদ্দিনের বাসা কিছু লোক ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি হিসেবে পরিচিতি পাওয়ার পর দুই বছর ধরে আলোচনায় আসেন কামাল উদ্দিন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি দলটির পলাতক নেতাদের সমালোচনা করে আসছিলেন। বিশেষ করে বিদেশে অবস্থানরত নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ফেসবুকে নিয়মিত পোস্ট ও ভিডিও প্রকাশ করতেন তিনি।

গত ৮ অক্টোবর ফেসবুকে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ঘোষণা করেন কামাল উদ্দিন। একই সঙ্গে দেশের ৬৪ জেলায় এই প্ল্যাটফর্মের কমিটি গঠনের উদ্যোগ নেন তিনি। কমিটিতে যুক্ত হতে আগ্রহীদের হোয়াটসঅ্যাপে জীবনবৃত্তান্ত পাঠানোর আহ্বানও জানান তিনি। এরপর বিভিন্ন ব্যক্তিকে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন পদে মনোনয়ন দেওয়ার কথা ফেসবুকে প্রকাশ করেন।

কামাল উদ্দিন আমার দেশকে বলেছিলেন, আওয়ামী লীগের অনেক নেতা বিদেশে পালিয়ে থাকায় দলটির সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিদেশে অবস্থানরত নেতারা দেশে কর্মীদের আন্দোলন-সংগ্রামে নামার আহ্বান জানালেও বিপদে পড়া কর্মীদের খোঁজ নেন না। এ পরিস্থিতিতে দেশে থাকা কর্মীদের সংগঠিত করতেই তার এই উদ্যোগ।

কামাল উদ্দিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। চট্টগ্রাম জেলা আদালতে আইন পেশায় যুক্ত থাকার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক ছিলেন। ২০২২ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

এর আগে আওয়ামী লীগের পলাতক নেতাদের সমালোচনা করায় প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগও করেছিলেন কামাল উদ্দিন। গত ২২ সেপ্টেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি ভিডিওতে তিনি কয়েকজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তোলেন। এ ঘটনায় তিনি নিরাপত্তা চেয়েছিলেন।

এ ছাড়া ২০২২ সালে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে ১৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন কামাল উদ্দিন। তার অভিযোগ ছিল, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুসেন কবির চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মোছলেম উদ্দিন আহমদের নাম ব্যবহার করে তার কাছ থেকে ওই টাকা নিয়েছিলেন। তবে মনোনয়ন না পাওয়ায় তিনি টাকা ফেরত চেয়েছিলেন। ওই অভিযোগের পর মোছলেম উদ্দিন আহমদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল।

তবে শনিবার তাকে বাসা থেকে উদ্ধারের ঘটনার পেছনে কী অভিযোগ রয়েছে, কারা তার বাসা ঘেরাও করেছিলেন এবং তাদের সঙ্গে তার কোনো বিরোধ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো যাচাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় ক্রেডিট কার্ডের মাধ্যমে চাঞ্চল্যকর জালিয়াতি, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


নওগাঁয় ক্রেডিট কার্ডের মাধ্যমে চাঞ্চল্যকর জালিয়াতি, গ্রেফতার ২

নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের বুথ থেকে ৪ কোটি ৫৮ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পুলিশ অভিযানের মাধ্যমে প্রতারক চক্রের মূল হোতা এবং তার সহযোগীকে গ্রেফতার করেছে, মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে আত্মসাৎকৃত ১৫ লাখ টাকাসহ বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং চেক বই উদ্ধার করা হয়েছে।

মামলার বিবরণ অনুসারে, নওগাঁ সদর উপজেলার আকেল্পপুর মধ্যপাড়া এলাকার মো. শহিদুল ইসলাম (রিপল) (৩৭)—যিনি উক্ত শাখার একজন হিসাবধারী গ্রাহক, ২০১৫ সালে চলতি হিসাবের বিপরীতে ১ লাখ টাকা সীমানায় ‘মিডমাহ’ ক্রেডিট কার্ড ইস্যু করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিকলীতে কোটি টাকার শুঁটকি উৎপাদন সংকটে, বিলুপ্তির পথে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


নিকলীতে কোটি টাকার শুঁটকি উৎপাদন সংকটে, বিলুপ্তির পথে

কিশোরগঞ্জের হাওরাঞ্চল নিকলীর ঐতিহ্যবাহী শুঁটকি উৎপাদন শিল্প বর্তমানে দেশি মাছের সংকট এবং আধুনিক সুবিধার অভাবের কারণে প্রায় বিলুপ্তির পথে রয়েছে। প্রাকৃতিক পরিবেশের অবনতি এবং বিভিন্ন সংকটের কারণে জেলেপল্লীর মানুষ বাপ-দাদার এই পেশা ছেড়ে অন্য পেশায় যুক্ত হচ্ছেন। এক সময় এই অঞ্চলের শুঁটকি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হতো।

খোঁজ নিয়ে জানা যায়, কার্তিক মাস এলেই নিকলীর রূপসী হাওর অঞ্চলের ডুবি, বরাটিয়া, সিংপুর, দামপাড়া, নিকলী সদর ও গুরুই গ্রামের জেলেপল্লীতে শুঁটকি শুকানোর আঞ্চলিক ভাষায় পরিচিত ‘ঢাংগি’র চারপাশ মুখরিত হয়ে উঠত। এক সময় এই এলাকায় ৫০ থেকে ৬০টির বেশি ঢাংগি ছিল, কিন্তু বর্তমানে তা কমে মাত্র ১০টিতে এসে দাঁড়িয়েছে। জেলা শহরের বড় বাজারের শুঁটকির হাটে প্রতিদিন কোটি টাকার শুঁটকি বিক্রি হলেও, তার একটি বড় অংশ নিকলী থেকে আসত। বর্তমানে তা নেমে এসেছে মাত্র দুই থেকে আড়াই হাজার মণে।

শুঁটকি ব্যবসায়ীরা জানান, জলমহাল ইজারা প্রথার কারণে ব্যবসায় ধস নেমেছে। ইজারাদারের কাছ থেকে চড়া দামে কাঁচা মাছ কিনতে হওয়ায় এবং বাজারে খরচ ও বিক্রয়মূল্যের হিসাব মেলাতে গিয়ে ব্যবসায় লাভের চেয়ে লোকসানের পরিমাণই বেশি হচ্ছে। উদাহরণস্বরূপ, ১ কেজি পুঁটি মাছ ৩০০ টাকা দিয়ে কিনে, শ্রমিকদের মজুরি ও লবণ খরচ বাদ দিলে শুঁটকি বিক্রির দাম উঠছে না। মাছের দাম বেশি হওয়ায় এবং হাওরে আগের মতো দেশি মাছ না পাওয়ায় অনেকে এই ব্যবসা ছেড়ে দিয়েছেন।

দামপাড়ার ঢাংগির মালিক মাসুদ মিয়া ও আড়তদার শিশির কুমার সরকার জানান, কাঁচা মাছের অপর্যাপ্ততা, মাছ সংগ্রহের উচ্চ ব্যয়, শ্রমিকের মজুরি এবং সংরক্ষণ খরচ বৃদ্ধির কারণে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া, প্রাকৃতিক জলাশয়ের পরিবেশগত পরিবর্তন, মাছের প্রজননক্ষেত্র সংকোচন, অবৈধ জালের ব্যবহার এবং জমিতে কীটনাশকের প্রভাবে হাওরের মৎস্যসম্পদ মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। স্থানীয় বিশিষ্টজনদের মতে, সহজ শর্তে ঋণ সুবিধা ও আধুনিক প্রক্রিয়াজাতকরণের অভাবও এই শিল্প টিকিয়ে রাখার ক্ষেত্রে বড় বাধা।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম জানান, হাওরে দেশি মাছের উৎপাদন কমে যাওয়ায় এবং স্থানীয় মাছ ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বড় বাজারে চলে যাওয়ায় নিকলীতে আগের মতো বড় স্কেলে শুঁটকি উৎপাদন হচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%