ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

একজন পেসার কম খেলানোয় হতবাক ডোনাল্ড


একজন পেসার কম খেলানোয় হতবাক ডোনাল্ড

জোহানেসবার্গে বাংলাদেশের হারের ঘটনা ইতোমধ্যে অতীতের খাতায় নাম লিখিয়েছে। তবে কিছুটা আঁচ রয়ে গেছে। বিশেষ করে প্রথম ইনিংসে পার্টটাইমার মুমিনুল হকের ১৬ ওভার হাত ঘোরানোর বিষয়টি সামনে আসছে। দক্ষিণ আফ্রিকার ৫৫৭ রানের ইনিংসে বাংলাদেশের বোলারদের ক্লান্তি এবং বিকল্পের অভাব স্পষ্ট হয়ে উঠেছিল। একজন বাড়তি পেসার থাকলে ম্যাচের চিত্র বদলাতেও পারত। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের চোখেও বড় হয়ে ধরা দিয়েছে তিন পেসার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশ খেলিয়েছিল তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেনকে। সঙ্গে ছিলেন একমাত্র বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজ। কিন্তু স্বাগতিকদের ব্যাটিংয়ের সামনে এই আক্রমণ যথেষ্ট হয়নি। বিশেষ করে মিরাজকে আক্রমণে পেয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা রান তুলেছেন দ্রুত। এতে বিশ্রামের সুযোগ কমেছে পেসারদের, বেড়েছে তাদের ওপর চাপ। শেষ পর্যন্ত চোটের কারণে সিরিজের বাকি অংশ থেকেই ছিটকে গেছেন হাসান।

অ্যালান ডোনাল্ডের মতে, দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন পেসার নিয়ে খেলা যায় না। এটি ছিল রক্ষণাত্মক সিদ্ধান্ত, যা মূল বোলারদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। তার ভাষায়, “দক্ষিণ আফ্রিকায় তিন পেসার নিয়ে খেলা যায় না। আমি দুঃখিত, এটা রক্ষণাত্মক সিদ্ধান্ত। ওই তিনজনের ওপর অনেক বেশি চাপ পড়ে।”

আরও পড়ুন: গ্রিন ইউনিভার্সিটির মার্স রোভার টিম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

ডোনাল্ডের পছন্দের আক্রমণে ছিলেন চার পেসার—হাসান, শরীফুল, তাসকিন ও এবাদত। বিশেষ করে ওয়ান্ডারার্সের মতো মাঠে শরীফুলের উচ্চতা এবং তুলনামূলক ফুলার লেংথ কার্যকর হতে পারত বলে মনে করেন তিনি। তার ভাষায়, “মাত্র তিন পেসার নিয়ে বাংলাদেশকে খেলতে দেখে আমি হতবাক।”

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার ইনিংসে কাইল ভেরেইনা, টনি ডি জর্জি ও অন্য ব্যাটারদের পাশাপাশি শেষদিকে কাগিসো রাবাদা এবং রায়ান রিকেলটনের ১১৭ রানের জুটি বাংলাদেশের বোলিং আক্রমণকে আরো চাপে ফেলে। সেই ইনিংসে মুমিনুলের ১৬ ওভার করাটাও দেখিয়েছে মূল বোলারদের বিকল্প কতটা সীমিত ছিল।

ডোনাল্ডের মতে, ব্যাট হাতে বাংলাদেশ উন্নতি দেখিয়েছে; বিশেষ করে তাওহিদ হৃদয় ও লিটন দাসের আগ্রাসী ব্যাটিং ছিল ইতিবাচক। কিন্তু সেঞ্চুরিয়নে একই ভুলের পুনরাবৃত্তি হলে বিপদ বাড়বে। সেখানে চার পেসার নিয়ে আক্রমণ সাজানোই হতে পারে বাংলাদেশের জন্য বড় শিক্ষা।

আরও পড়ুন: লাল কার্ড পেয়ে রেফারির মুখে জার্সি ছুড়লেন মেজর হাফিজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে টানা বৃষ্টিতে ধান ক্ষেত তলিয়ে গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


রাজবাড়ীতে টানা বৃষ্টিতে ধান ক্ষেত তলিয়ে গেল

রাজবাড়ী, ২১ নভেম্বর ২০২৬ : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে জেলার সদর বানিবহ, রাজধরপুর ও মূলঘরের প্রায় ৫০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে।

আজ শনিবার দুপুরের পর থেকে বৃষ্টি বন্ধ হওয়ায় জনসাধারণের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এনামুল হক জানান, ‘আকভান’ -এর প্রভাবে গত দু’দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবাহ অব্যাহত ছিল। বৃষ্টি বন্ধ হওয়ায় পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

তিনি আরো বলেন, আগামী কয়েকদিনের মধ্যে পুরোদমে আমন ধানকাটা ও মাড়াইয়ের কাজ শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ জারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ জারি

জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) তারিখে সিলেট মহানগর পুলিশের একটি গণবিজ্ঞপ্তিতে এই বিধিনিষেধ আরোপের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যুক্তিসংগত কারণ ছাড়া রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে। এ সময়ের মধ্যে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল ব্যবহারকারীদের হালনাগাদ কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত প্রতিদিন এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের মোবাইল আসক্তি দূর করতে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য: জোনায়েদ সাকি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


শিক্ষার্থীদের মোবাইল আসক্তি দূর করতে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য: জোনায়েদ সাকি

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি মন্তব্য করেছেন যে, শিক্ষার্থীদের মোবাইল আসক্তি এবং বিভিন্ন অনিয়ম থেকে দূরে রাখতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, "শিক্ষা কার্যক্রম ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ হতে হবে আনন্দময়।" এই উদ্দেশ্যে বাঞ্ছারামপুরের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হবে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের সঙ্গে শিক্ষকদের মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, তরুণ ও কিশোর শিক্ষার্থীরা বিভিন্ন অনিয়ম ও মোবাইল আসক্তির সঙ্গে জড়িয়ে পড়ছে। শিক্ষকদের কার্যকর ভূমিকা রাখতে হবে তাদের এই অবস্থা থেকে ফিরিয়ে আনতে। তিনি বলেন, "বাঞ্ছারামপুরের শিক্ষার মান সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।" এ উপজেলাকে শিক্ষা ক্ষেত্রে সারা দেশে একটি মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, শিক্ষার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, সুন্দর শিক্ষার পরিবেশ এবং আধুনিক ও কার্যকর পাঠদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করতে চান। শিক্ষার অগ্রগতিতে শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ জরুরি। বাঞ্ছারামপুরের শিক্ষাব্যবস্থাকে আরো উন্নত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খান। সভায় উপস্থিত ছিলেন মেহেদী হাসান পলাশ, বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর সাঈদ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস, গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর সমন্বয়ক শামীম শিবলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মূসা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য নাজমুল হুদা।

সভায় উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার কয়েক শ শিক্ষক অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে আগ্রহ বৃদ্ধি, শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতির কার্যকারিতা, শিক্ষার পরিবেশ এবং শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

শিক্ষকদের দায়িত্বশীলতা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, পাঠদানে নতুন কৌশল প্রয়োগ এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে আরো কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঠোর নিয়ম করল সৌদি, ১৫ শতাংশ করের আওতায় পড়বে যারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


কঠোর নিয়ম করল সৌদি, ১৫ শতাংশ করের আওতায় পড়বে যারা

সৌদি আরবের সরকার ব্যবসা পরিচালনাকারী বড় বহুজাতিক কোম্পানিগুলোর জন্য ন্যূনতম ১৫ শতাংশ কর বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন করব্যবস্থা আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে, সৌদিতে ব্যবসা করা সব প্রতিষ্ঠান এই নিয়মের আওতায় আসবে না। এটি নির্দিষ্ট আয়ের সীমা পূরণকারী বহুজাতিক কোম্পানিগুলোর জন্য প্রযোজ্য হবে।

খালিজ টাইমসের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে, সৌদি আরবের জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ (জেডএটিসিএ) নতুন করব্যবস্থার আওতা এবং শর্তাবলি প্রকাশ করেছে। কর্তৃপক্ষের ঘোষণায় বলা হয়েছে, যেসব বহুজাতিক প্রতিষ্ঠানের সম্মিলিত বার্ষিক আয় কমপক্ষে ৭৫ কোটি ইউরো, কেবল সেসব প্রতিষ্ঠানকে নতুন কর দিতে হবে। ইউরোর পাশাপাশি সৌদি রিয়ালে সমপরিমাণ আয়ের হিসাবও বিবেচনায় নেওয়া হবে।

তবে, নির্ধারিত আয়ের সীমা একবার পূরণ করলেই কোনো প্রতিষ্ঠান এই করের আওতায় আসবে না। নতুন নিয়ম কার্যকর হওয়ার আগের চার অর্থবছরের মধ্যে অন্তত দুই বছর ওই আয়সীমা অর্জন করতে হবে। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট বহুজাতিক গোষ্ঠীর মূল প্রতিষ্ঠানের সম্মিলিত আর্থিক বিবরণীকে ভিত্তি হিসেবে ধরা হবে।

জেডএটিসিএ জানিয়েছে, এই কর মূলত আন্তর্জাতিকভাবে কার্যক্রম পরিচালনাকারী বহুজাতিক গোষ্ঠীর আওতাভুক্ত যোগ্য প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত। যেসব স্থানীয় প্রতিষ্ঠান আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে যুক্ত নয় কিংবা কোনো বহুজাতিক গোষ্ঠীর অংশ নয়, তাদের ওপর নতুন এই নিয়ম কার্যকর হবে না।

নতুন ব্যবস্থায় সৌদি আরবে অর্জিত মুনাফার ওপর কার্যকর করের হার ন্যূনতম ১৫ শতাংশ নিশ্চিত করা হবে। কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে করের কার্যকর হার এর চেয়ে কম হলে ঘাটতি পূরণে অতিরিক্ত কর আরোপ করা হতে পারে। তবে, এই কর প্রতিষ্ঠানের মোট আয়ের ওপর ধার্য করা হবে না; বরং মুনাফার বিপরীতে কার্যকর করের হার ১৫ শতাংশে উন্নীত করাই এর লক্ষ্য।

বৈশ্বিক করব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য

বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকি দেওয়া এবং কম করের দেশে মুনাফা স্থানান্তরের প্রবণতা ঠেকাতে আন্তর্জাতিক পর্যায়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সৌদি আরবের নতুন করব্যবস্থা তারই অংশ।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এবং জি-২০-এর উদ্যোগে প্রণীত বৈশ্বিক ন্যূনতম কর কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর মূল উদ্দেশ্য হলো, বহুজাতিক প্রতিষ্ঠানগুলো যেন বিভিন্ন দেশের করব্যবস্থার সুযোগ নিয়ে প্রকৃত করের পরিমাণ কমিয়ে ফেলতে না পারে, তা নিশ্চিত করা।

নতুন নিয়মের আওতায় পড়তে পারে এমন বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে করসংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে জেডএটিসিএ।

সূত্র: গালফ বিজনেস

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%