০৬:৩৪ পি.এম
ফেনীর পাগলা মিয়া সড়কের একটি বহুতল ভবনের ছয়তলার কার্নিশ থেকে ফায়ার সার্ভিস একটি শিশু শিক্ষার্থীকে উদ্ধার করেছে।
এটি ঘটেছে শনিবার (৮ আগস্ট) সকালে ‘মা ভিলা’ নামের একটি ভবনে। শিশুটির দাবি, বাবা-মা তাকে জোর করে মাদরাসায় রেখে যাওয়ায় সে এমন কাজটি করেছিল।
উদ্ধার হওয়া শিশুটির নাম ইয়াসমিন আক্তার (১০)। সে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বাসিন্দা।
আরও পড়ুন: তিস্তা মহাপ্রকল্প শুরুর বিলম্বে ক্ষুব্ধ মানুষ, বিএনপির আন্দোলন তীব্র
ইয়াসমিন ওই ভবনের চতুর্থ থেকে ষষ্ঠ তলা পর্যন্ত পরিচালিত ‘দারুন নাজাত মহিলা মাদরাসা’র চতুর্থ শ্রেণির আবাসিক শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানায়, সকালে শিশুটি ভবনের বাইরের অংশে জানালার কার্নিশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসে ছিল। তাকে ওই অবস্থায় দেখার মুহূর্তে উৎসুক জনতা ভিড় করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে প্ল্যাটফর্ম ব্যবহার করে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
স্থানীয়দের অনেকের মতে, শিশুটির কোনোরকম ক্ষয়ক্ষতি না হওয়া একটি ‘অলৌকিক’ ঘটনা।
উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু ইয়াসমিন বলেছে, মাদরাসায় পড়াশোনা করতে তার ভালো লাগে না। আজ সকালেও তার বাবা-মা জোর করে তাকে রেখে গেছেন। মাদরাসা থেকে বের হওয়ার কিংবা বাড়িতে ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না, তাই সে এই পথটি বেছে নিয়েছিল।
আরও পড়ুন: কালীগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক গ্রেপ্তার
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ হারুন পাশা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। শিশুটিকে কোনো ক্ষতি ছাড়াই নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, শিশুটিকে তার পরিবারের জিম্মায় নেওয়ার প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন