১২:১৬ এম
অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের উত্তর-পশ্চিমে বুরকা গ্রামে অভিযান চালিয়ে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার ফিলিস্তিনি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। মিডল ইস্ট আইয়ের খবর অনুযায়ী, এ ঘটনা ঘটেছে।
নিহত কিশোরের নাম মোতাজ ইয়াদ বলে শনাক্ত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইসরাইলি কর্তৃপক্ষ তার লাশ হস্তান্তর করছে না। এ ঘটনায় আরো দুই কিশোর আহত হয়েছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, আহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরের পেট ও তলপেটের নিচের হাড়ে এবং ১৯ বছর বয়সী আরেকজনের হাতে গুলি লেগেছে।
আরও পড়ুন: সিএনএনের বিশ্লেষণ: ট্রাম্প-শি-পুতিনের ঘোষণায় পুরোনো আশার প্রতিধ্বনি
ওয়াফার প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে, ইসরাইলি সেনারা নিহত কিশোরের বাবাকে আটক করেছে। এছাড়া, আহতদের কাছে অ্যাম্বুলেন্সকে পৌঁছাতে বাধা দেওয়া হয়েছে এবং ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির তিন স্বেচ্ছাসেবক প্যারামেডিককেও আটক করে রাখা হয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী ওই এলাকায় তাদের সেনাদের গুলি চালানোর বিষয়টি স্বীকার করেছে। তারা এক বিবৃতিতে জানায়, ‘হুমকি নিষ্ক্রিয় করতে সেনারা গুলি চালায় এবং এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।’
পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অভিযান ও ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটেছে। এসব হামলায় ফিলিস্তিনিরা নিহত ও আহত হওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকার বাসিন্দারা বাস্তুচ্যুত হচ্ছেন।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে ১২ অক্টোবর পর্যন্ত পশ্চিম তীরের প্রায় ৩০০টি এলাকায় বসতি স্থাপনকারীদের দুই হাজার ৬০টির বেশি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এসব হামলায় ফিলিস্তিনিরা হতাহত হয়েছেন অথবা তাঁদের সম্পত্তির ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: আফগানিস্তানের পাহাড়ে ৩ লাখ কোটি ডলারের গুপ্তধন লুকিয়ে আছে
এদিকে, পশ্চিম তীরে এই হত্যাকাণ্ডের মধ্যেই গাজা উপত্যকায় নতুন করে ইসরাইলি হামলার খবর পাওয়া গেছে। ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও মঙ্গলবার দক্ষিণ গাজায় ইসরাইলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি আহত হয়েছেন।
আনাদোলু এজেন্সিকে চিকিৎসা ও স্থানীয় সূত্র জানায়, আহতদের একজন খান ইউনিস উপকূলে মাছ ধরছিলেন। অন্যজন বাতন আল-সামিন এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরের কাছে থাকা এক কিশোর।
ওয়াফার পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিস উপকূলে মাছ ধরার নৌকাগুলো লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরাইলি নৌবাহিনী। এতে এক জেলে আহত হয়েছেন এবং দুটি নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমএমআর
আরও পড়ুন: ইউক্রেনে রাশিয়ার হামলার মধ্যে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্রের আঘাত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন