ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘আত্মতুষ্টিতে না ভুগে নতুন লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে’


‘আত্মতুষ্টিতে না ভুগে নতুন লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে’

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি রাউজান উত্তর সর্তা দায়রা শাখার উদ্যোগে দাখিল, আলিম, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের, হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ীদের এবং এলাকার কৃতী সন্তানদের পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার দুপুরে উত্তর সর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন গাউছিয়া হক কমিটি রাউজান ‘ক’ জোনের সমন্বয়ক মাস্টার মো. আলী।

অনুষ্ঠানের যৌথ সঞ্চালনা করেন সংগঠক মো. মোশাররফ হোসেন ও কাজী মো. মোরসেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন।

আরও পড়ুন: ১৪৮ দিনে ৫০৩ উপজেলা ঘুরে পরিবেশ সচেতনতার বার্তা ছড়ালেন খাইরুল

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে আগামীতে আরও এগিয়ে যেতে হবে। তাঁরা আরও উল্লেখ করেন, সাফল্যের পেছনে যাঁদের অবদান সবচেয়ে বেশি, তাঁরা হলেন শ্রদ্ধেয় শিক্ষক ও প্রিয় অভিভাবক। সঠিক দিকনির্দেশনা, ধৈর্য ও ভালোবাসা দিয়ে তাঁরা শিক্ষার্থীদের এগিয়ে চলার পথ তৈরি করে দিয়েছেন।

বক্তারা আরও বলেন, সামনের পথ আরও বড় এবং চ্যালেঞ্জিং। তাই আত্মতুষ্টিতে না ভুগে নতুন লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল করা নয়, বরং একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠা। সমাজের নানা অসংগতি ও ক্ষতিকর প্রভাব থেকে দূরে থেকে ইতিবাচক কাজে যুক্ত থাকতে হবে। অর্জিত জ্ঞান যেন পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগে, সে অঙ্গীকার শিক্ষার্থীদের করতে হবে।

এ সময় অতিথিরা প্রত্যেক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন: বৃষ্টিতে কাদায় বিপর্যস্ত ঝিনাইদহের নতুন হাটখোলা বাজার, জনদুর্ভোগ চরম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পাকিস্তানের মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পাকিস্তানের মন্ত্রী

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে পাকিস্তানের একজন মন্ত্রী পৌঁছেছেন।

গত বছর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে সংঘাতের পর, পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের প্রথম প্রতিনিধি হিসেবে ভারত সফরে গেলেন তিনি।

এটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানা গেছে।

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে ভারত ও পাকিস্তান একাধিক যুদ্ধে জড়িয়েছে। এই সংঘাতের মূল কারণ হলো দুই দেশের মধ্যে বিভক্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চল। ভারত ও পাকিস্তান উভয় দেশই পুরো কাশ্মীরের মালিকানা দাবি করে।

পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) একটি সাংস্কৃতিক সম্মেলনে প্রতিনিধিত্ব করছেন। এই তথ্য ভারতীয় রাজধানীতে অবস্থিত পাকিস্তান হাইকমিশন নিশ্চিত করেছে।

২০২৩ সালের মে মাসে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের গোয়া রাজ্যে এসসিওর বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। এরপর থেকে পাকিস্তানের কোনো মন্ত্রী প্রথমবারের মতো ভারত সফর করছেন।

অন্যদিকে, ২০২৪ সালে এসসিওর বৈঠকে যোগ দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর করেছিলেন।

১০ সদস্যের এই আঞ্চলিক জোটের ‘সভ্যতাভিত্তিক সংলাপ ফোরামে’ বক্তব্য রাখার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

চার দিনব্যাপী এই সম্মেলনের উদ্দেশ্য হলো, অঞ্চলটির সমৃদ্ধ ও পরস্পর সংযুক্ত সভ্যতাগত ঐতিহ্য উদযাপন করা। পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদার এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে সংলাপ ও সহযোগিতা বাড়ানোও সম্মেলনের অন্যতম লক্ষ্য।

২০২৫ সালে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনব্যাপী সংঘাত ছড়িয়ে পড়ে।

ভারত ওই হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে অভিযোগ করে। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে। এর পর দুই দেশের মধ্যে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলন্দাজ অস্ত্রের ব্যাপক পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এতে উভয় দেশের অন্তত ৭০ জন নিহত হন।

পাকিস্তানের মন্ত্রী মালিকের এই সফরের মাত্র দুই দিন আগে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর-ই-তৈয়বার কমান্ডার লতিফ ভাট নিহত হন। ভারত লস্কর-ই-তৈয়বাকে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

দুই দেশের বৈরিতার প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। চলতি বছর ভারতে আয়োজিত একটি এশীয় হকি টুর্নামেন্ট থেকে নিরাপত্তার কারণে নিজেদের জাতীয় দল প্রত্যাহার করে নেয় পাকিস্তান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ ওমর ফারুক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ ওমর ফারুক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে নবীনগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আলমনগর মধ্য পাড়া জামে মসজিদে নামাজ শেষে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, "ওমর ফারুকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে।" তিনি জানান, ওমর ফারুক নবীনগর থানার রাজনৈতিক নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি। তাকে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে চালান করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উন্নয়ন থমকে যাবে, বাংলাদেশকে সতর্ক: বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


উন্নয়ন থমকে যাবে, বাংলাদেশকে সতর্ক: বিশ্বব্যাংক

বাংলাদেশে উন্নয়ন বিনিয়োগ কমে যাওয়ার পেছনে রয়েছে কম রাজস্ব আদায়, বাড়তি অনুন্নয়ন ব্যয় এবং জ্বালানি খাতের ভর্তুকির চাপ। বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদনে এ বিষয়ে সতর্কবার্তা প্রকাশিত হয়েছে। প্রতিবেদনের শিরোনাম ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’। বৃহস্পতিবার এটি প্রকাশিত হয়।

সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা। বিশ্বব্যাংক জানাচ্ছে, এই লক্ষ্য অর্জনের জন্য রাজস্ব সংস্কারকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে, ঢালাও ভর্তুকির পরিবর্তে দরিদ্র ও ঝুঁকিতে থাকা জনগণের জন্য সহায়তা প্রদান করতে হবে।

প্রতিবেদনে অর্থনীতির কিছু বড় দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। প্রথম দুর্বলতা হলো কর্মসংস্থানে স্থবিরতা। তরুণ ও বাড়তি শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। কর্মক্ষম নারীদের মধ্যে প্রতি পাঁচজনের তিনজন শ্রমবাজারের বাইরে রয়েছেন। মোট শ্রমশক্তির ৮৪ শতাংশ কাজ করছেন অনানুষ্ঠানিক খাতে।

দ্বিতীয় দুর্বলতা হলো রাজস্ব আয়। ২০২৪-২৫ অর্থবছরে কর আদায় ছিল জিডিপির মাত্র ৬.৮ শতাংশ, যা সমান পর্যায়ের অন্যান্য দেশের তুলনায় অর্ধেকেরও কম।

তৃতীয় দুর্বলতা হচ্ছে উন্নয়ন ও শিক্ষায় কম ব্যয়। ২০২১-২২ অর্থবছরে উন্নয়ন খাতে মূল ব্যয় ছিল জিডিপির ৪.৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ২.৮ শতাংশে নেমে এসেছে। শিক্ষায় ব্যয়ও কমে গিয়ে জিডিপির মাত্র ১.৫ শতাংশে দাঁড়িয়েছে।

চতুর্থ দুর্বলতা হলো ঋণের সুদের চাপ। ২০১৬-১৭ অর্থবছরে সুদ পরিশোধে খরচ ছিল জিডিপির ১.৫ শতাংশ, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে ২.৬ শতাংশ হবে। সরকার দেশের ব্যাংক থেকে অধিক ঋণ নিচ্ছে, যা বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমিয়ে দিতে পারে।

পঞ্চম দুর্বলতা হলো জ্বালানি ভর্তুকি। বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকির পরিমাণ ২০১৭-১৮ অর্থবছরে ছিল জিডিপির ০.৩ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে ১.৫ শতাংশে পৌঁছাবে। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লে এই চাপ আরও বাড়তে পারে।

রাজস্ব বাড়ানোর জন্য বিশ্বব্যাংক পাঁচটি জরুরি পদক্ষেপের সুপারিশ করেছে। প্রথমত, কর প্রশাসনকে আধুনিকীকরণ করতে হবে। করনীতি তৈরির কাজ থেকে কর প্রশাসনকে পৃথক করা প্রয়োজন। ডিজিটাল ব্যবস্থাগুলোকে একত্রিত করতে হবে এবং একটি একক করদাতা শনাক্তকরণ নম্বর চালু করতে হবে।

দ্বিতীয়ত, কর ছাড় কমাতে হবে। ২০২১-২২ অর্থবছরে কর ছাড়ের পরিমাণ ছিল জিডিপির ৬.৯ শতাংশ, যা মোট আদায় হওয়া কর রাজস্বের সমান। তাই ভ্যাট ও বাণিজ্য শুল্কে সংস্কার আনতে হবে এবং অপ্রয়োজনীয় কর ছাড়ও কমাতে হবে।

তৃতীয়ত, জ্বালানির দাম নির্ধারণের পদ্ধতি পরিবর্তন করতে হবে। এ জন্য একটি স্বাধীন ও শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা প্রয়োজন। দাম নির্ধারণের ক্ষেত্রে উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে।

চতুর্থত, ভর্তুকি আরও সুনির্দিষ্ট করতে হবে। ২০২২ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ১৮.৭ শতাংশ, যা ২০২৬ সালে বেড়ে ২২.৫ শতাংশে পৌঁছাবে। তাই ঢালাও ভর্তুকির পরিবর্তে শক্তিশালী সামাজিক নিবন্ধন ও ‘ফ্যামিলি কার্ড’ প্ল্যাটফর্ম ব্যবহার করে দরিদ্র পরিবারকে সরাসরি সহায়তা প্রদান করা উচিত।

পঞ্চমত, বাড়তি অর্থকে কার্যকরভাবে ব্যবহার করতে হবে। সংস্কারের মাধ্যমে যে বাড়তি টাকা আসবে, তা স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামোতে বিনিয়োগ করতে হবে।

বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, এসব সংস্কার সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে উন্নীত হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় ধূমপানের ভিডিও দেওয়ার কথা বলে টাকা দাবি, স্কুলছাত্র গালিব খুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


বগুড়ায় ধূমপানের ভিডিও দেওয়ার কথা বলে টাকা দাবি, স্কুলছাত্র গালিব খুন

বগুড়ায় ৫০০ টাকা দাবি করে ধূমপানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর ঘটনায় মনিরুল ইসলাম গালিব (১৫) নামের এক স্কুলছাত্র খুন হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের খান্দার এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু ঘটে।

নিহত গালিব বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এবং শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার মাহবুব হোসেনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারাম খেলছিল গালিব। এ সময় সে ধূমপান করছিল। স্থানীয় মিশু (২১) নামের এক যুবক গালিবের ধূমপানের ভিডিও মুঠোফোনে ধারণ করে। পরে, সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে ৫০০ টাকা দাবি করে মিশু।

এ নিয়ে গালিবের সঙ্গে মিশু ও তার বন্ধু রোহিত বাবুর (২১) মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে মিশু ও রোহিত বাবু গালিবের বুক ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, এ ঘটনায় জড়িত মিশু, বাবু ও জিসান নামের তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে গালিবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%