১১:৫৪ পি.এম
ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের বড় ধরনের বিক্ষোভ প্রতিরোধের লক্ষ্যে পাকিস্তান সরকার এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মধ্যে আলোচনা রোববার অচলাবস্থায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে ইমরানের সমর্থকরা তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
ইসলামাবাদে সম্ভাব্য বিক্ষোভকারীদের আগমন প্রতিরোধের জন্য কর্তৃপক্ষ কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছে। পিটিআইয়ের সমর্থকদের পরিকল্পিত মিছিলের তারিখ প্রথমে ২৭ সেপ্টেম্বর নির্ধারিত ছিল, পরে তা রোববারের জন্য পুনঃনির্ধারণ করা হয়।
এএফপি জানায়, পিটিআই-শাসিত খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি রোববার ভোরে এক্সে দেওয়া একটি পোস্টে জানান, ইমরানের সমর্থনে ‘লং মার্চ’ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: স্পেসএক্সের নতুন ইতিহাস: রকেট ধরার এমন দৃশ্য আগে দেখেনি বিশ্ব!
ইমরানকে কারাগারে রাখার কারণে সাম্প্রতিক মাসগুলোতে অসন্তোষ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ৭৩ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা এবং তার চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ নিয়ে ক্ষোভ বৃদ্ধি পেয়েছে।
পিটিআই ইমরানের তিন বোনের মুক্তির দাবিও জানিয়েছে। গত মাসে তাদের গ্রেপ্তার পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
বিরোধী রাজনীতিক আল্লামা রাজা নাসির আব্বাস জানান, সরকার ও পিটিআই প্রতিনিধিদের মধ্যে শেষ মুহূর্তের আলোচনা ‘অচলাবস্থায়’ পৌঁছেছে।
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও টিভিকে আব্বাস বলেন, ইমরানের চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার মতো বিভিন্ন দাবিতে আলোচনাকারীরা সমঝোতায় পৌঁছাতে পারেননি।
আরও পড়ুন: ট্রাম্প প্রশাসনের সুপ্রিম কোর্টে বিচারকদের ক্ষমতা সীমিত করার আবেদন
জনপ্রিয় সাবেক ক্রিকেট তারকা ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২৩ সালের মে মাসে দেশজুড়ে সরকারবিরোধী সহিংস বিক্ষোভের পর দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ এবং সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
ইমরান এবং তার আইনজীবীরা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তাদের দাবি, তার জনপ্রিয়তা নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে রাজনৈতিকভাবে প্রভাবিত এসব মামলা করা হয়েছে।
আফ্রিদি জানান, রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে বিক্ষোভ শুরু হয়ে বৃহস্পতিবার ইসলামাবাদ থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) পশ্চিমে খাইরাবাদে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।
এর পরবর্তী কর্মসূচি খাইরাবাদে ঘোষণা করা হবে বলে প্রাদেশিক মুখ্যমন্ত্রী জানান। তবে বিক্ষোভকারীরা কবে পাকিস্তানের রাজধানীতে পৌঁছাতে পারবেন, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি।
আরও পড়ুন: হুথিরা ইয়েমেনে সৌদির গোয়েন্দা বিমান ভূপাতিত করেছে
বিক্ষোভের প্রস্তুতি হিসেবে ইসলামাবাদের প্রধান প্রবেশপথগুলোতে কর্তৃপক্ষ একটির ওপর আরেকটি করে মালবাহী কনটেইনার রেখে সড়ক অবরুদ্ধ করেছে। এর ফলে যান চলাচল এবং গণপরিবহন ব্যাহত হচ্ছে।
আগস্টে সুপ্রিম কোর্ট ইমরানকে চিকিৎসার জন্য বেসামরিক হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। তবে সেখানে অল্প সময় থাকার পর কর্তৃপক্ষ তাকে আবার কারাগারে পাঠিয়ে দেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন