১০:২৯ এম
আজ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের দিন। উপকূলবাসীর কাছে এই দিনটি এক বিভীষিকার চিহ্ন। ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে দানবরূপী সিডর তাণ্ডব চালিয়েছিল। দেশের দক্ষিণ-পশ্চিম উপকূল এলাকা লণ্ডভণ্ড করে দিয়েছিল। সেই রাতে বাগেরহাটের শরণখোলাসহ উপকূলীয় অঞ্চল পরিণত হয়েছিল এক মৃত্যুপুরীতে।
ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়টি ধ্বংস করে দেয় উপকূলীয় বেড়িবাঁধ, ঘরবাড়ি, ফসল, গাছপালা, গবাদিপশু এবং অবকাঠামোসহ সবকিছু। সরকারি হিসাব অনুযায়ী, উপকূলে প্রাণহানি হয়েছিল প্রায় তিন সহস্রাধিক মানুষের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবনসংলগ্ন শরণখোলা উপজেলাটি। শুধু এই উপজেলাতেই সরকারি হিসাবে প্রাণ হারিয়েছিলেন ৯০৮ জন মানুষ। তবে শরণখোলা উপজেলার আওতাধীন সুন্দরবনের দুবলা চরের শুঁটকি পল্লির জেলেদের নিখোঁজের সংখ্যা মিলিয়ে বেসরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা আরও কয়েক গুণ।
সিডরের আঘাতে সুন্দরবনের বিশাল অংশ ধ্বংস হয়ে যায়। রয়েল বেঙ্গল টাইগার, হরিণসহ অসংখ্য বন্যপ্রাণী মারা যায়। শরণখোলা উপজেলার আওতাধীন সুন্দরবনের দুবলার চরে তখন শুঁটকি উৎপাদনের ভরা মৌসুম চলছিল। বঙ্গোপসাগরের কোলঘেঁষা দুবলার চরের আলোরকোল, অফিসকিল্লা, মাঝেরকিল্লা, মেহেরআলী, নারকেলবাড়িয়া এবং শ্যালার চরে ১০ হাজারেরও বেশি জেলে অবস্থান করছিলেন। ঝড়ের পূর্বাভাস পেয়ে অনেকেই আগেই নিজ নিজ এলাকায় চলে গেলেও অনেক জেলে জীবনের ঝুঁকি নিয়ে অবস্থান করছিলেন চরেই। যারা সেদিন বাড়ি না ফিরে চরেই থেকে গিয়েছিলেন, তাদের বেশিরভাগ জেলের সন্ধান মেলেনি। সেদিন শুঁটকি পল্লির কত জেলে নিখোঁজ হয়েছিলেন, তার সঠিক হিসাব জানা না গেলেও সিডরের জলোচ্ছ্বাসে শুঁটকি উৎপাদনকারী পাঁচটি চরে নিখোঁজ জেলের সংখ্যা দেড় থেকে দুই হাজার বলে জানা যায়। বন বিভাগ, দুবলার ফিশারমেন গ্রুপ এবং বেঁচে ফেরা জেলেদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায়। সেদিন রাতের বিভীষিকা আজও তাড়া করে ফেরায় উপকূলবাসীকে।
আরও পড়ুন: আ.লীগকে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগে এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
তবে ১৯ বছর পার হলেও, বিশেষ করে শরণখোলায় এখনো সিডরের দগদগে ক্ষতচিহ্ন চোখে পড়ে। টেকসই বেড়িবাঁধ না থাকায় সেদিন নাজুক বাঁধ ভেঙে বলেশ্বর নদের জলোচ্ছ্বাসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এই জনপদ। সিডরের ৯ বছর পর বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারে নির্মাণ করা হয় ৬২ কিলোমিটার উঁচু বেড়িবাঁধ। এর মধ্যে বলেশ্বর নদের তীরে শরণখোলার সাউথখালী ইউনিয়নের বগী থেকে মোরেলগঞ্জ উপজেলা সীমানার ফাসিয়াতলা পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় নির্মিত বাঁধের পরিমাণ প্রায় ২৫ কিলোমিটার।
জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি-১) মাধ্যমে ২০১৬ সালের ২৬ জানুয়ারি শুরু হয় এই বাঁধ নির্মাণের কাজ। ‘সিএইচডব্লিউই’ নামের চীনা ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজ বাস্তবায়ন করে। তিন বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা অজুহাতে প্রকল্পটি শেষ হতে সময় লাগে প্রায় সাত বছর। কাজ শেষে ২০২৩ সালের ১৪ ডিসেম্বর বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের কাছে বাঁধটি হস্তান্তর করে ঠিকাদার কর্তৃপক্ষ।
কিন্তু হস্তান্তরের তিন বছর যেতে না যেতেই বাঁধটি ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে। বলেশ্বর নদের তীররক্ষা বাঁধের ২৫ কিলোমিটারের বেশিরভাগ এলাকাতেই ভাঙন সৃষ্টি হয়েছে। অন্তত ১৩ কিলোমিটার এলাকায় সিসি ব্লক ধস এবং মূল বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। মাঝে মাঝে ভাঙনকবলিত স্থানে মেরামত এবং জিও ব্যাগ ডাম্পিং করা হলেও তা স্থায়ী হচ্ছে না। একদিকে মেরামত, অন্যদিকে চলছে ভাঙন। এর ফলে সামান্য ঝড়ের আভাস পেলেই বলেশ্বর পারের বাসিন্দাদের মধ্যে সিডরের বিভীষিকা দেখা দেয়।
সম্ভাব্যতা যাচাই ও নির্মাণে ত্রুটি এবং নদীশাসন না করে নির্মাণের ফলে বাঁধটি এখন চরম ঝুঁকিতে রয়েছে। মাটির তুলনায় বালুর পরিমাণ বেশি হওয়ায় সামান্য বৃষ্টি হলেই বাঁধের ওপরের অংশে বিশাল গর্ত সৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানিতে বালু সরে যাওয়ায় তা মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বাঁধের বর্তমান পরিস্থিতি দেখে আতঙ্কিত শরণখোলার বলেশ্বর পারের মানুষ। ভাঙনের ভয়াবহতা দেখে তাদের মনে সিডরের সেই ভয়ংকর রাতের দুর্নিবার স্মৃতি জেগে ওঠে।
আরও পড়ুন: ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর, দূষণে বিশ্বে তৃতীয়
সিডরে স্বজন ও সহায়-সম্বল হারানো সাউথখালী ইউনিয়নের বলেশ্বর পারের বগী গ্রামের মোজাম্মেল খলিফা, দক্ষিণ সাউথখালী গ্রামের সিদ্দিকুর রহমান, গাবতলা গ্রামের শাহ আলমসহ অনেকেই জানিয়েছেন, প্রতিবছর নভেম্বর মাস এলেই সিডরের সেই কালরাতের কথা মনে পড়ে তাদের। সেদিন যদি একটি উঁচু এবং টেকসই বেড়িবাঁধ থাকত, তাহলে তাদের এত ক্ষতি হতো না। তবে সবকিছু হারানোর পর উঁচু বাঁধ হয়েছে ঠিকই, কিন্তু সেই বাঁধ টেকসই হয়নি। নদীশাসন না করে বাঁধ তৈরি করায় বলেশ্বরের ঢেউয়ে প্রতিনিয়ত তা ভেঙে বিলীন হয়ে যাচ্ছে। বাঁধের অবস্থা দেখে এখনো মনে সিডর আতংক তাড়া করে তাদের। দ্রুত নদীশাসন করা না হলে এই বাঁধ কোনোভাবেই টেকানো যাবে না বলে মন্তব্য করেন বলেশ্বর পারের বাসিন্দারা।
সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল আলম লিটন বলেন, আমাদের ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধটি ঘূর্ণিঝড় সিডর ও আইলায় সম্পূর্ণ বিলীন হয়ে যায়। পরবর্তীতে বিশ্বব্যাংকের অর্থায়নে শত শত কোটি টাকা খরচ করে বাঁধ নির্মাণ করা হলেও তা টেকসই হয়নি। কাজ খুবই নিম্নমানের হয়েছে। বাঁধ নির্মাণের আগে সঠিকভাবে সম্ভাব্যতা যাচাই করে নদীশাসনের ব্যবস্থা করা দরকার ছিল। কিন্তু তা না করে শুধু উঁচু বাঁধ নির্মাণ হলেও ভাঙন ঠেকানো যাচ্ছে না। উপকূলের জানমাল এবং বাঁধ রক্ষায় দ্রুত নদীশাসনের কোনো বিকল্প নেই।
শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন, নদীশাসন ছাড়া টেকসই বাঁধ হওয়া সম্ভব নয়। তৎকালীন সরকার ও বিশ্বব্যাংক কর্তৃপক্ষ বাঁধ নির্মাণে নদীশাসনের ব্যবস্থা না রেখে অদূরদর্শিতার পরিচয় দিয়েছে। এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। মাটির বদলে নদীর বালু ব্যবহার করা হয়েছে। এতে শুধু বাঁধ উঁচুই হয়েছে, কিন্তু টেকসই হয়নি। দ্রুত নদীশাসন না করলে এই বাঁধ রক্ষা করা অসম্ভব। বর্তমান সরকারের কাছে দুর্নীতির তদন্ত ও নদীশাসন করে বাঁধ রক্ষার দাবি জানাই।
পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, বলেশ্বর নদের তীরের অধিক ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রাথমিক কাজ শুরু হয়েছে। এর মধ্যে শরণখোলার বগী এলাকার প্রায় ৫০০ মিটারে বালুভর্তি জিও ব্যাগ ও ব্লক ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে। এ ছাড়া বাঁধের উপরিভাগের যেসব স্থানে সিসি ব্লক ধসে গেছে, সেসব স্থানের ব্লক প্রতিস্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় নদীশাসনের জন্য অর্থপ্রাপ্তি সাপেক্ষে ডাম্পিংয়ের কাজ করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: আজ বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে পোশাকশিল্প, দ্রব্যমূল্য ও ভূমিসেবা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন