ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

লালমনিরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত


লালমনিরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

লালমনিরহাট, ২২ নভেম্বর ২০২৬ : সদর উপজেলায় ট্রাক, গরুবাহী নছিমন ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ফলে দুই জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় একটি গরুরও মৃত্যু হয়েছে।

আজ রোববার (২২ নভেম্বর) ভোর ৬টার দিকে রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বাজার ও বসুনিয়াবাড়ী এলাকার মাঝামাঝি সময়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে গরু ব্যবসায়ী ফজলুল হক (৫০) এবং মোটরসাইকেল আরোহী এমদাদুল হক (৫০) রয়েছেন। ফজলুল হক সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া মৌজার খোঁড়াগাছ এলাকার বাসিন্দা। তিনি মনজুর আলীর পুত্র এবং স্থানীয় মাছ ব্যবসায়ী ফজলের ছোট ভাই। অপরদিকে, এমদাদুল হক একই ইউনিয়নের পঞ্চগ্রাম এলাকার আব্দুস সোবাহানের পুত্র।

আরও পড়ুন: লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল-ভটভটিতে ২ প্রাণহানি

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে কুড়িগ্রাম থেকে আসা একটি ট্রাক গরুবাহী নছিমন ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এই ঘটনায় তিনটি যানবাহনই সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী ফজলুল হক মারা যান। গুরুতর আহত এমদাদুল হককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু ঘটে। এ সময় নছিমনে থাকা একটি গরুও মারা যায়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রেজাউল ইসলাম জানান, ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আহত অপর ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) খাদিমুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে নিহত ফজলুল হকের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মাইদুল ইসলাম নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেফ্রিসের প্রতিশ্রুতি: ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা রোধে আইন প্রণয়ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


জেফ্রিসের প্রতিশ্রুতি: ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা রোধে আইন প্রণয়ন

মার্কিন ডেমোক্রেটিক নেতা হাকিম জেফ্রিস নতুন কংগ্রেসের প্রথম ১০০ দিনের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা রোধে আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী বছর তিনি প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেফ্রিস উল্লেখ করেন, ‘ওয়েস্ট ব্যাংক সেটলার ভায়োলেন্স প্রোটেকশন অ্যান্ড প্রিভেনশন অ্যাক্ট’ নতুন কংগ্রেসের শুরুর দিকে আইন প্রণয়নের অগ্রাধিকারগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হওয়া উচিত। তিনি জানান, পশ্চিম তীরে ইসরাইলের সহিংস বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করেন, প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক ককাসের সদস্যদের কাছ থেকে এ বিলের প্রতি জোরালো সমর্থন পাওয়া যাবে। গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর নেমে আসা বিপর্যয়কে ‘অগ্রহণযোগ্য ও আমেরিকান মূল্যবোধের পরিপন্থি’ বলে অভিহিত করেন জেফ্রিস। একই সঙ্গে তিনি মানবিক সহায়তা, চিকিৎসাসেবা, আবাসন সহায়তা এবং বিশুদ্ধ পানি ও নির্মল বাতাস নিশ্চিত করার সুযোগ বাড়ানোর আহ্বান জানান।

জেফ্রিসকে জানতে চাইলে, ইসরাইলের কাছে অস্ত্র বিক্রিতে বিধিনিষেধ আরোপ এবং বসতি সম্প্রসারণের বিরুদ্ধে বৃহত্তর নিষেধাজ্ঞার প্রস্তাবসংবলিত ‘ব্লক দ্য বম্বস’ ও ‘স্টপ দ্য সেটেলমেন্টস’ বিলের প্রতি তার সমর্থন রয়েছে কি না, তিনি জানান, এ বিষয়ে তিনি এখনো কোনো অবস্থান নেননি। আঞ্চলিক সংঘাতে ব্যবহৃত হয় এমন মার্কিন অস্ত্র রপ্তানি বন্ধের দাবির বিষয়ে তিনি বলেন, বর্তমান নীতি ‘টেকসই নয়’ এবং এতে পরিবর্তন আনা প্রয়োজন।

এদিকে, প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হিসেবে হাকিম জেফ্রিসকে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে ডেমোক্র্যাটদের উদ্দেশে করা একটি পিটিশনে ১০ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। গত মাসে প্রকাশিত ইকোনমিস্ট/ইউগভের এক জনমত জরিপে দেখা যায়, নিবন্ধিত ভোটারদের মধ্যে জেফ্রিসের প্রতি সমর্থনের হার মাত্র ২৬ শতাংশ। সমালোচকদের মতে, তার জনপ্রিয়তা কমে যাওয়ার অন্যতম কারণ ইসরাইলের প্রতি তার জোরালো সমর্থন। ইসরাইলপন্থি লবিং সংগঠন আমেরিকান ইসরিইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এআইপ্যাক) তার নির্বাচনি প্রচারাভিযানে অর্থায়ন করে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের নতুন নির্দেশ: কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


ট্রাম্পের নতুন নির্দেশ: কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে হবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। এই পরিস্থিতিতে, সরকারি চুক্তির আওতায় কাজ করা বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নতুন নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। এখন থেকে কংগ্রেসের কোনো সদস্য যদি তাদের কাজ সম্পর্কে তথ্য চাইতে চান, তাহলে প্রথমে হোয়াইট হাউসকে জানাতে হবে। এরপর প্রশাসনের সঙ্গে আলোচনা করে জবাব দিতে হবে।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) জারি করা এই নির্বাহী আদেশকে কংগ্রেসের তদন্তের ক্ষমতা সীমিত করার প্রচেষ্টা হিসেবে সমালোচনা করেছেন ডেমোক্র্যাটরা। তাদের মতে, এই নির্দেশ বেআইনি।

ট্রাম্পের স্বাক্ষর করা নির্বাহী আদেশে উল্লেখ করা হয়েছে, হোয়াইট হাউস বা সংশ্লিষ্ট সরকারি সংস্থা যদি কোনো যোগাযোগকে ‘এক্সিকিউটিভ প্রিভিলেজ’ বা নির্বাহী বিভাগের গোপনীয় তথ্যের আওতাভুক্ত মনে করে, তাহলে ঠিকাদারদের সে অনুযায়ী কাজ করতে হবে। এই ধরনের তথ্য গোপন রাখার বিষয়ে হোয়াইট হাউস ও সংশ্লিষ্ট সংস্থার নির্দেশ মানতে হবে তাদের।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাহী বিভাগ যদি যোগাযোগের গোপনীয়তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে সরকারি সংস্থা ও হোয়াইট হাউস ঠিকাদারদের সঙ্গে সংবেদনশীল তথ্য শেয়ার করতে আগ্রহী হবে না। নির্দেশনা না মানলে ঠিকাদারদের সঙ্গে সরকারের চুক্তি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।

এছাড়া, সরকারি ঠিকাদারদের কাছ থেকে তথ্য চাওয়ার বিষয়ে কংগ্রেসের কয়েকজন নেতার সমালোচনা করেছে হোয়াইট হাউস। আদেশে উল্লেখ করা হয়েছে, কংগ্রেসের যেকোনো তদন্তের পেছনে অবশ্যই বৈধ আইনগত উদ্দেশ্য থাকতে হবে।

আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ নেওয়ার পর, হাউস জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান হওয়ার দৌড়ে রয়েছেন মেরিল্যান্ডের প্রতিনিধি জেমি রাসকিন। তিনি ট্রাম্পের নির্বাহী আদেশকে ‘নজিরবিহীন ও প্রকাশ্যে বেআইনি’ বলে মন্তব্য করেছেন।

এক বিবৃতিতে রাসকিন বলেন, "ফেডারেল ঠিকাদারদের বেতন দেওয়া হয় করদাতাদের অর্থে, ট্রাম্পের ব্যক্তিগত অর্থে নয়। তাই কংগ্রেসের প্রশ্নের সত্য উত্তর দেওয়ার অধিকার ও দায়িত্ব তাদের রয়েছে।" তিনি আরও বলেন, সরকারি অর্থের অপচয়, জালিয়াতি, ঘুষ, চাঁদাবাজি ও দুর্নীতির তদন্ত করাও কংগ্রেসের দায়িত্ব।

তিনি আরো বলেন, "কংগ্রেসে রিপাবলিকানরা এত দিন ট্রাম্প প্রশাসনের পাশে থাকলেও এবার জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠার সময় এসেছে।"

ট্রাম্প প্রশাসনের বিভিন্ন প্রকল্পের ব্যয় ও চুক্তি নিয়েও তদন্ত করতে চান ডেমোক্র্যাটরা। এসব প্রকল্পের মধ্যে রয়েছে হোয়াইট হাউসের নতুন বলরুম নির্মাণ, লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুল মেরামত ও কেনেডি সেন্টারের পরিকল্পিত সংস্কারকাজ।

সিনেটর রিচার্ড ব্লুমেনথাল চলতি মাসের শুরুতে কয়েকটি কম্পানিকে চিঠি দিয়ে হোয়াইট হাউসের বলরুম নির্মাণ প্রকল্পের তদন্তে সহযোগিতা চেয়েছেন। এর আগে প্রকল্পটির সম্ভাব্য ব্যয় এবং নির্মাণকাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে তথ্য চেয়েছিলেন তিনি।

এছাড়া, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে স্বরাষ্ট্র দপ্তর বা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) দেওয়া বিপুল পরিমাণ সরকারি চুক্তি খতিয়ে দেখতে চান ডেমোক্র্যাটরা। হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির হোমল্যান্ড সিকিউরিটি সাবকমিটির জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সদস্য হেনরি কুয়েলার সিএনএনকে বলেন, "হাউসের নিয়ন্ত্রণ পেলে তারা সরকারি ব্যয়ের ওপর আরো বিস্তৃত নজরদারি চালাতে পারবেন।"

বর্তমানে কংগ্রেসে সংখ্যালঘু অবস্থানে থেকেও ডেমোক্র্যাটরা আইসিইর বিতর্কিত বিমান কেনা এবং নির্বাসন অভিযানে সহায়তাকারী বিভিন্ন চুক্তি তদন্তের চেষ্টা করেছেন।

কংগ্রেসের সম্ভাব্য তদন্ত ঠেকাতে হোয়াইট হাউসের নেওয়া পদক্ষেপের মধ্যে এটিই সর্বশেষ। গত সপ্তাহে হোয়াইট হাউসের আইনবিষয়ক উপদেষ্টা উইল শারফ এক মেমোতে জানান, ট্রাম্প প্রশাসনের কোনো নির্বাহী সংস্থা বা বিভাগের কর্মকর্তা কংগ্রেসে সাক্ষ্য দিতে চাইলে তাকে আগে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে।

এছাড়া, হাউস ওভারসাইট কমিটির সম্ভাব্য চেয়ারম্যান রবার্ট গার্সিয়াকে লেখা এক চিঠিতে শারফ বলেন, "প্রশাসন কোনো ধরনের চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না।" তার অভিযোগ, রাজনৈতিক বিদ্বেষ থেকে পরিচালিত কিছু তদন্ত সরকারি কাজের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে।

ডেমোক্র্যাট কমিটির নেতাদের উদ্দেশে লেখা আরেক চিঠিতে শারফ বলেন, "কংগ্রেসে ডেমোক্র্যাটরা এখনো সংখ্যালঘু অবস্থানে রয়েছেন। তাই তাদের নথি সংরক্ষণ বা হস্তান্তরের অনুরোধ মানতে প্রশাসনের কর্মকর্তারা বাধ্য নন।"

শনিবার ট্রাম্পের নির্বাহী আদেশের সমালোচনা করেছেন রবার্ট গার্সিয়াও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "কংগ্রেসের সাংবিধানিক তদারকির ক্ষমতার ওপর এটি ট্রাম্প প্রশাসনের সর্বশেষ আঘাত।" তার অভিযোগ, প্রশাসনের অপচয়, জালিয়াতি ও দুর্নীতির তথ্য প্রকাশ ঠেকাতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে, ইউক্রেনে সামরিক কাজে ব্যবহৃত স্টারলিংক স্যাটেলাইট সেবার গতি কমানোর নির্দেশ কে দিয়েছিলেন, তা নিয়েও ট্রাম্প প্রশাসনের কাছে জবাব চাইছেন ডেমোক্র্যাটরা। শুক্রবার কংগ্রেসের একজন জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সতর্ক করে বলেন, এ বিষয়ে প্রশাসন ও ইলন মাস্ক তথ্য দিতে অস্বীকার করলে স্পেসএক্সের তৈরি স্যাটেলাইট ব্যবস্থার জন্য সরকারি অর্থায়ন বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিতে পারেন আইনপ্রণেতারা। এটি আগামী বছরের সম্ভাব্য তদন্তের বিষয় হয়ে উঠতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিরোপা উৎসবের মাঝে সাক্ষাৎকারে জ্ঞান হারালেন পারেদেস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


শিরোপা উৎসবের মাঝে সাক্ষাৎকারে জ্ঞান হারালেন পারেদেস

বোকা জুনিয়র্সের কোপা সুদামেরিকানা চ্যাম্পিয়ন হওয়ার আনন্দের মধ্যে একটি অস্বস্তিকর ঘটনা ঘটে। ম্যাচ শেষে সরাসরি টেলিভিশন সাক্ষাৎকারের সময় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস হঠাৎ করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। শনিবার কলম্বিয়ার বারাঙ্কিয়ায় আতলেতিকো মিনেইরোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনার ক্লাবটি।

৩২ বছর বয়সী পারেদেস খেলার শেষে এক সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন। বোকা জুনিয়র্সের হয়ে মহাদেশীয় খেতাব জয় সম্পর্কে অনুভূতি জানাতে গিয়ে তিনি হঠাৎ ভারসাম্য হারান। ক্যামেরার সামনে লুটিয়ে পড়ার সময় সাংবাদিক পারেদেসকে ধরে রাখার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত সফল হননি। দ্রুত মেডিকেল স্টাফ ও কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে কিছুক্ষণের জন্য সরাসরি সম্প্রচার বন্ধ রাখা হয়। পরে চিকিৎসা পাওয়ার পর পারেদেসের জ্ঞান ফিরে আসে এবং একপর্যায়ে নিজে হেঁটে ড্রেসিংরুমের দিকে যেতে দেখা যায়।

ফাইনাল ম্যাচে পারেদেস শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন। বারাঙ্কিয়ার প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে তিনি সমস্যায় পড়েন। শারীরিক দুর্বলতার কারণে ম্যাচের ৫৮ মিনিটে কোচ তাঁকে তুলে নেন। বেঞ্চে বসে থাকা অবস্থায় সতীর্থরা তাঁকে ঠান্ডা রাখার চেষ্টা করেন।

পারেদেসের শারীরিক অবস্থা নিয়ে ম্যাচ শেষে বোকা জুনিয়র্সের কোচ রোদলফো আরুয়াবারেনা মন্তব্য করেন। কোচ বলেন, ‘প্রথমার্ধের শেষ দিকে পারেদেসের মাথা ঘুরছিল। বিরতির পর কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পরেই বোঝা যাচ্ছিল, সে শারীরিকভাবে লড়াই করতে পারছে না।’

নিজের শৈশবের ক্লাবে ফিরে দলটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পারেদেস চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে সতীর্থদের সঙ্গে উদযাপন করেন। তবে ম্যাচ শেষে আকস্মিকভাবে জ্ঞান হারানোর ঘটনা আনন্দের রাতটিকে কিছুক্ষণের জন্য উদ্বেগে পরিণত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভর্নর নিয়োগে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে দক্ষতাকে প্রাধান্য দেওয়া উচিত: ড. আহসান এইচ মনসুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২০ পি.এম


গভর্নর নিয়োগে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে দক্ষতাকে প্রাধান্য দেওয়া উচিত: ড. আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, নেতৃত্বের সক্ষমতা এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে মন্তব্য করেছেন সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি উল্লেখ করেন, কেন্দ্রীয় ব্যাংকের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি গভর্নরের জবাবদিহির কাঠামোও থাকতে হবে। ব্যাংক খাতের সংস্কার কার্যক্রম পরিচালনা করার জন্য রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের প্রভাবমুক্ত থাকা জরুরি।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে অনুষ্ঠিত ‘ড্রাফট ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ল’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব মন্তব্য করেন। এই আলোচনা পলিসি থিংক অ্যান্ড রিসার্চ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ যৌথভাবে আয়োজন করে।

আহসান এইচ মনসুর বলেন, কার্যকর কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো প্রাতিষ্ঠানিক স্বাধীনতা। গভর্নর ছাড়াও বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নীতিনির্ধারণী কাঠামোতে পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের এমনভাবে নির্বাচন করা প্রয়োজন, যাতে তারা ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের পরিবর্তে সামগ্রিক ব্যাংকিং খাতের স্বার্থে কাজ করেন। গভর্নরকে রাজনৈতিক বা অন্য কোনো অযাচিত চাপ ছাড়াই নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ দিতে হবে। তবে স্বাধীনতার অর্থ জবাবদিহির বাইরে থাকা নয়।

ব্যাংক খাতের সংকট মোকাবিলায় স্বতন্ত্র অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন সাবেক গভর্নর। তিনি বলেন, যথাযথ মূল্যায়নের মাধ্যমে সমস্যাগ্রস্ত সম্পদ ও খেলাপি ঋণ ব্যবস্থাপনার আওতায় আনা গেলে ব্যাংকের ব্যালান্স শিটের ওপর চাপ কমবে, যা আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারের সুযোগ তৈরি করবে। তবে এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করা আবশ্যক।

আলোচনায় অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, ২০০৪ সালে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেওয়ার সময় ঋণ পরিস্থিতি প্রতিকূল ছিল। ২০১০ সালে দায়িত্ব ছাড়ার সময় ঋণস্থিতি প্রায় ৩০ হাজার কোটি টাকায় উন্নীত হয় এবং খেলাপি ঋণের হার নেমে আসে ১০ শতাংশে। তবে ২০২৪ সালে চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর খেলাপি ঋণের হার ৫০ শতাংশের বেশি দেখতে পান তিনি। যথাযথ যাচাই ছাড়া ঋণ বিতরণ, রাজনৈতিক প্রভাব ও পরিচালনা পর্ষদের চাপের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। খেলাপি ঋণ ভয়াবহ পর্যায়ে পৌঁছালে তা থেকে দ্রুত উত্তরণ সম্ভব নয়।

তিনি আরও বলেন, ব্যাংকের অর্থ মূলত জনগণের আমানত। তাই ব্যবসায়িক অভিজ্ঞতা ও আর্থিক সক্ষমতা যাচাই না করে রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ভিত্তিতে ঋণ বিতরণ বন্ধ করতে হবে। ঋণ মওকুফের ফলে সরকারের রাজস্ব আয়ের ওপর কী প্রভাব পড়ে, সেটিও বিবেচনায় নেওয়া জরুরি।

গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন ও অর্থনীতি বিশেষজ্ঞ মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী। এতে বিআইবিএমের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. তৌফিক আহমেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%