০১:১৯ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। এই পরিস্থিতিতে, সরকারি চুক্তির আওতায় কাজ করা বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নতুন নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। এখন থেকে কংগ্রেসের কোনো সদস্য যদি তাদের কাজ সম্পর্কে তথ্য চাইতে চান, তাহলে প্রথমে হোয়াইট হাউসকে জানাতে হবে। এরপর প্রশাসনের সঙ্গে আলোচনা করে জবাব দিতে হবে।
সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) জারি করা এই নির্বাহী আদেশকে কংগ্রেসের তদন্তের ক্ষমতা সীমিত করার প্রচেষ্টা হিসেবে সমালোচনা করেছেন ডেমোক্র্যাটরা। তাদের মতে, এই নির্দেশ বেআইনি।
ট্রাম্পের স্বাক্ষর করা নির্বাহী আদেশে উল্লেখ করা হয়েছে, হোয়াইট হাউস বা সংশ্লিষ্ট সরকারি সংস্থা যদি কোনো যোগাযোগকে ‘এক্সিকিউটিভ প্রিভিলেজ’ বা নির্বাহী বিভাগের গোপনীয় তথ্যের আওতাভুক্ত মনে করে, তাহলে ঠিকাদারদের সে অনুযায়ী কাজ করতে হবে। এই ধরনের তথ্য গোপন রাখার বিষয়ে হোয়াইট হাউস ও সংশ্লিষ্ট সংস্থার নির্দেশ মানতে হবে তাদের।
আরও পড়ুন: ইউক্রেনীয় হামলার ধাক্কা সামলে ক্রিমিয়ান ব্রিজে ট্রেন চলাচল সচল করল রাশিয়া
নির্দেশনায় বলা হয়েছে, নির্বাহী বিভাগ যদি যোগাযোগের গোপনীয়তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে সরকারি সংস্থা ও হোয়াইট হাউস ঠিকাদারদের সঙ্গে সংবেদনশীল তথ্য শেয়ার করতে আগ্রহী হবে না। নির্দেশনা না মানলে ঠিকাদারদের সঙ্গে সরকারের চুক্তি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।
এছাড়া, সরকারি ঠিকাদারদের কাছ থেকে তথ্য চাওয়ার বিষয়ে কংগ্রেসের কয়েকজন নেতার সমালোচনা করেছে হোয়াইট হাউস। আদেশে উল্লেখ করা হয়েছে, কংগ্রেসের যেকোনো তদন্তের পেছনে অবশ্যই বৈধ আইনগত উদ্দেশ্য থাকতে হবে।
আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ নেওয়ার পর, হাউস জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান হওয়ার দৌড়ে রয়েছেন মেরিল্যান্ডের প্রতিনিধি জেমি রাসকিন। তিনি ট্রাম্পের নির্বাহী আদেশকে ‘নজিরবিহীন ও প্রকাশ্যে বেআইনি’ বলে মন্তব্য করেছেন।
এক বিবৃতিতে রাসকিন বলেন, "ফেডারেল ঠিকাদারদের বেতন দেওয়া হয় করদাতাদের অর্থে, ট্রাম্পের ব্যক্তিগত অর্থে নয়। তাই কংগ্রেসের প্রশ্নের সত্য উত্তর দেওয়ার অধিকার ও দায়িত্ব তাদের রয়েছে।" তিনি আরও বলেন, সরকারি অর্থের অপচয়, জালিয়াতি, ঘুষ, চাঁদাবাজি ও দুর্নীতির তদন্ত করাও কংগ্রেসের দায়িত্ব।
আরও পড়ুন: ভার্জিনিয়ায় হামে প্রথম শিশুর মৃত্যু ঘটেছে
তিনি আরো বলেন, "কংগ্রেসে রিপাবলিকানরা এত দিন ট্রাম্প প্রশাসনের পাশে থাকলেও এবার জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠার সময় এসেছে।"
ট্রাম্প প্রশাসনের বিভিন্ন প্রকল্পের ব্যয় ও চুক্তি নিয়েও তদন্ত করতে চান ডেমোক্র্যাটরা। এসব প্রকল্পের মধ্যে রয়েছে হোয়াইট হাউসের নতুন বলরুম নির্মাণ, লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুল মেরামত ও কেনেডি সেন্টারের পরিকল্পিত সংস্কারকাজ।
সিনেটর রিচার্ড ব্লুমেনথাল চলতি মাসের শুরুতে কয়েকটি কম্পানিকে চিঠি দিয়ে হোয়াইট হাউসের বলরুম নির্মাণ প্রকল্পের তদন্তে সহযোগিতা চেয়েছেন। এর আগে প্রকল্পটির সম্ভাব্য ব্যয় এবং নির্মাণকাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে তথ্য চেয়েছিলেন তিনি।
এছাড়া, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে স্বরাষ্ট্র দপ্তর বা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) দেওয়া বিপুল পরিমাণ সরকারি চুক্তি খতিয়ে দেখতে চান ডেমোক্র্যাটরা। হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির হোমল্যান্ড সিকিউরিটি সাবকমিটির জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সদস্য হেনরি কুয়েলার সিএনএনকে বলেন, "হাউসের নিয়ন্ত্রণ পেলে তারা সরকারি ব্যয়ের ওপর আরো বিস্তৃত নজরদারি চালাতে পারবেন।"
আরও পড়ুন: পোশাক শ্রমিকদের জন্য যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণের প্রতিশ্রুতি
বর্তমানে কংগ্রেসে সংখ্যালঘু অবস্থানে থেকেও ডেমোক্র্যাটরা আইসিইর বিতর্কিত বিমান কেনা এবং নির্বাসন অভিযানে সহায়তাকারী বিভিন্ন চুক্তি তদন্তের চেষ্টা করেছেন।
কংগ্রেসের সম্ভাব্য তদন্ত ঠেকাতে হোয়াইট হাউসের নেওয়া পদক্ষেপের মধ্যে এটিই সর্বশেষ। গত সপ্তাহে হোয়াইট হাউসের আইনবিষয়ক উপদেষ্টা উইল শারফ এক মেমোতে জানান, ট্রাম্প প্রশাসনের কোনো নির্বাহী সংস্থা বা বিভাগের কর্মকর্তা কংগ্রেসে সাক্ষ্য দিতে চাইলে তাকে আগে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে।
এছাড়া, হাউস ওভারসাইট কমিটির সম্ভাব্য চেয়ারম্যান রবার্ট গার্সিয়াকে লেখা এক চিঠিতে শারফ বলেন, "প্রশাসন কোনো ধরনের চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না।" তার অভিযোগ, রাজনৈতিক বিদ্বেষ থেকে পরিচালিত কিছু তদন্ত সরকারি কাজের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে।
ডেমোক্র্যাট কমিটির নেতাদের উদ্দেশে লেখা আরেক চিঠিতে শারফ বলেন, "কংগ্রেসে ডেমোক্র্যাটরা এখনো সংখ্যালঘু অবস্থানে রয়েছেন। তাই তাদের নথি সংরক্ষণ বা হস্তান্তরের অনুরোধ মানতে প্রশাসনের কর্মকর্তারা বাধ্য নন।"
আরও পড়ুন: বৈশ্বিক রাজনৈতিক পরিবর্তনের মূল শক্তি হয়ে উঠছে জেন-জি
শনিবার ট্রাম্পের নির্বাহী আদেশের সমালোচনা করেছেন রবার্ট গার্সিয়াও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "কংগ্রেসের সাংবিধানিক তদারকির ক্ষমতার ওপর এটি ট্রাম্প প্রশাসনের সর্বশেষ আঘাত।" তার অভিযোগ, প্রশাসনের অপচয়, জালিয়াতি ও দুর্নীতির তথ্য প্রকাশ ঠেকাতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে, ইউক্রেনে সামরিক কাজে ব্যবহৃত স্টারলিংক স্যাটেলাইট সেবার গতি কমানোর নির্দেশ কে দিয়েছিলেন, তা নিয়েও ট্রাম্প প্রশাসনের কাছে জবাব চাইছেন ডেমোক্র্যাটরা। শুক্রবার কংগ্রেসের একজন জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সতর্ক করে বলেন, এ বিষয়ে প্রশাসন ও ইলন মাস্ক তথ্য দিতে অস্বীকার করলে স্পেসএক্সের তৈরি স্যাটেলাইট ব্যবস্থার জন্য সরকারি অর্থায়ন বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিতে পারেন আইনপ্রণেতারা। এটি আগামী বছরের সম্ভাব্য তদন্তের বিষয় হয়ে উঠতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন