০৮:৩২ এম
১২৪ বছর পর ক্রিকেট অলিম্পিকের মঞ্চে ফিরে আসছে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশগ্রহণের জন্য দলগুলোর বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ২০২৮ সালের শুরুতেই। পূর্বে ২০২৭ সালে এই প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা ছিল, কিন্তু সূচিতে পরিবর্তন এনে অলিম্পিক শুরুর ছয় মাসেরও কম সময় আগে নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সদস্য দেশগুলোর কাছে যে হালনাগাদ সূচি পাঠানো হয়েছে, তাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই সূচিতে অলিম্পিক বাছাই পর্বের পাশাপাশি ২০২৮ সালের পুরুষ ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৯ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের সময়ও উল্লেখ রয়েছে। ২০২৯ ডব্লিউটিসি ফাইনাল ৮ থেকে ১২ জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পুরুষ ও নারী উভয় বিভাগে ৬টি করে দল অংশগ্রহণ করবে। অলিম্পিক বাছাইপর্বের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি, তবে জানা গেছে, প্রতিটি বিভাগে ৮টি করে দল খেলবে। সরাসরি জায়গা করে নেওয়া দল ছাড়া, র্যাংকিংয়ে শীর্ষে থাকা সাতটি দল এবং ক্যারিবীয় আঞ্চলিক বাছাইয়ের চ্যাম্পিয়ন দলকে নিয়ে বাছাইপর্ব গঠন করা হবে।
আরও পড়ুন: আঙুলের ইশারায় নতুন রহস্য তৈরি করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
১৯০৪ সালের প্যারিস অলিম্পিকের পর এই প্রথমবার ক্রিকেট অলিম্পিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র পুরুষ ও নারী উভয় বিভাগেই সরাসরি খেলার সুযোগ পেতে পারে, তবে এজন্য আইসিসির শর্ত পূরণ করতে হবে। নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রকে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ ১৫ এর মধ্যে থাকতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন