ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের শোভাযাত্রা ১ ডিসেম্বর


ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের শোভাযাত্রা ১ ডিসেম্বর

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের আহ্বান জানানো হয়েছে। তাদেরকে ওই দিন সকাল পৌনে ৯টায় অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত হওয়ার জন্য বলা হয়েছে। সেখান থেকে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা শুরু হবে।

শোভাযাত্রায় উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের জন্য নতুন নির্দেশনা

শোভাযাত্রাটি অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে স্মৃতি চিরন্তনে গিয়ে শেষ হবে। এরপর সেখানে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে এই বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া ওয়ার্কিং হলিডে ভিসার শর্ত শিথিল করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


অস্ট্রেলিয়া ওয়ার্কিং হলিডে ভিসার শর্ত শিথিল করেছে

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : অস্ট্রেলিয়ায় ওয়ার্কিং হলিডে ভিসায় বিদেশি তরুণদের জন্য থাকার সুযোগ বৃদ্ধি পাচ্ছে। তবে, দ্বিতীয় বছর বা পরবর্তী মেয়াদে ভিসা পেতে হলে তাদের গ্রামীণ এলাকায় কাজ করার সময়সীমা আগের চেয়ে বেশি হতে হবে। অভিবাসন নিয়ন্ত্রণের জন্য সরকারের পরিকল্পনায় কিছুটা ছাড় দিয়ে মঙ্গলবার এই ঘোষণা করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

উগ্র ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের জনপ্রিয়তা বৃদ্ধি এবং আবাসন সংকটের চাপের কারণে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বাধীন লেবার সরকার অভিবাসীর সংখ্যা কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল।

কিন্তু, কাজের ছুটিতে অস্ট্রেলিয়ায় আসা তরুণদের জন্য কয়েক হাজার ভিসা কমানোর পরিকল্পনার ফলে দেশটির গ্রামীণ অঞ্চলের নিয়োগদাতাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কারণ, ফল সংগ্রহ, রেস্তোরাঁ এবং পর্যটন খাতের বিভিন্ন কাজে তারা বিদেশি তরুণদের ওপর নির্ভরশীল।

স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক মঙ্গলবার জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় তৃতীয় বছরের জন্য থাকতে আগ্রহী ওয়ার্কিং হলিডে ভিসাধারীদের জন্য আগামী বছর ভিসার সংখ্যা ৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার করা হবে।

এর ফলে ২০২৫ সালে দেওয়া ৩১ হাজার তৃতীয় বছরের ভিসার তুলনায় এবার ভিসা কমানোর পরিমাণ অনেকটা কমবে।

অন্যদিকে, দ্বিতীয় বছরের ভিসা পেতে গ্রামীণ এলাকায় কাজ করার বাধ্যতামূলক সময় তিন মাস থেকে বাড়িয়ে চার মাস করা হচ্ছে। এ ক্ষেত্রে ভিসার সংখ্যা সর্বোচ্চ ৪৫ হাজারে সীমিত রাখা হবে, যা গত বছরের তুলনায় ২০ শতাংশ কম।

সাংবাদিকদের বার্ক বলেন, ‘এর ফলে গ্রামীণ এলাকাগুলোতে আরও বেশি কর্মী পাওয়া যাবে, তবে বিদেশি অভিবাসীর মোট সংখ্যা কমানোর উদ্যোগও অব্যাহত থাকবে।’

তিনি জানান, প্রথমবারের মতো ব্রিটিশ ব্যাকপ্যাকারদের জন্যও গ্রামীণ এলাকায় কাজ করার শর্ত চালু করার বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা চলছে।

অস্ট্রেলিয়ায় কাজের ছুটিতে আসা বিদেশি তরুণদের মধ্যে ব্রিটিশ নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির কারণে বর্তমানে তারা কর্মসূচির দ্বিতীয় বছরে কাজ করার জন্য শহরের বাইরে যাওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পান।

বার্ক বলেন, এটি অস্ট্রেলিয়ার জন্য ‘ভালো ফল বয়ে আনছে না’। তিনি আরও জানান, ব্রিটিশ ওয়ার্কিং হলিডে ভিসার আবেদনকারীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সরকার এসব ভিসার আবেদন প্রক্রিয়া ধীর করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


ঢাকায় সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’

বাংলা গানের কিংবদন্তি শিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীকে সম্মান জানাতে ঢাকায় একটি বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আয়োজনটি আগামী ২০ নভেম্বর, শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানের পাশাপাশি চার সংগীতশিল্পী সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস নিজেদের মৌলিক গানও পরিবেশন করবেন। সঞ্জীব চৌধুরীর গান ও সংগীতভাবনার প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। উল্লেখ্য, সঞ্জীব চৌধুরী ২০০৭ সালের ১৯ নভেম্বর মৃত্যুবরণ করেন। তার ১৯তম প্রয়াণবার্ষিকীর পরদিন, ২০ নভেম্বর, আজব কারখানার উদ্যোগে এই বিশেষ ট্রিবিউট কনসার্টের আয়োজন করা হচ্ছে।

বাংলা গানের জগতে সঞ্জীব চৌধুরী একটি স্বতন্ত্র ও স্মরণীয় নাম। তিনি ব্যান্ড দলছুটের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট হিসেবে বাংলা ব্যান্ড সংগীতে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন। তার ব্যতিক্রমী কণ্ঠস্বরের পাশাপাশি গীতিকার হিসেবেও তিনি ছিলেন অনন্য। তার লেখা ও গাওয়া ‘আমি তোমাকেই বলে দেব’, ‘স্বপ্নবাজি’, ‘সমুদ্রসন্তান’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’ ও ‘কথা বলব না’ গানগুলো শ্রোতাদের কাছে আজও সমান জনপ্রিয়।

বাংলা লোকগানকে শহুরে জীবনের তরুণ শ্রোতাদের কাছে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও সঞ্জীব চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলছুটের পরিবেশনায় শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ এবং ‘তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ’ গান দুটি নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছে। লোকগানের সঙ্গে আধুনিক সংগীতের মেলবন্ধনে তার অবদান বাংলা সংগীতে বিশেষভাবে স্মরণীয়।

গান, কবিতা ও জীবনবোধের অনন্য মেলবন্ধনে সঞ্জীব চৌধুরী বাংলা সংগীতে রেখে গেছেন নিজস্ব এক স্বাক্ষর। তার গান ও সৃষ্টিকে নতুন করে স্মরণ এবং বিভিন্ন প্রজন্মের শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই বিশেষ ট্রিবিউট কনসার্টের আয়োজন করা হচ্ছে। কনসার্টের আর্লি বার্ড টিকিটের মূল্য ৭০০ টাকা এবং অন-স্পট টিকিটের মূল্য ১ হাজার টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথপুরের দুই যুবক লিবিয়া হয়ে গ্রিসে যাওয়ার পথে নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


জগন্নাথপুরের দুই যুবক লিবিয়া হয়ে গ্রিসে যাওয়ার পথে নিখোঁজ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দুই যুবক লিবিয়া হয়ে সাগরপথে গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছেড়ে এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাদের সন্ধান না পাওয়ায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

নিখোঁজ যুবক দুজন হলেন পাটলী ইউনিয়নের কবিরপুর গ্রামের লাল মিয়ার ছেলে অপু মিয়া (৩০) এবং কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের লিটন মিয়া (৪৫)।

পারিবারিক সূত্রে জানা গেছে, হতদরিদ্র পরিবারের সন্তান অপু মিয়া সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় দালাল জসিমের মাধ্যমে ১২ লাখ টাকার চুক্তিতে গ্রিসে যাওয়ার সিদ্ধান্ত নেন। চুক্তির শর্ত অনুযায়ী, ৭ লাখ টাকা অগ্রিম পরিশোধ করে তিনি গত অক্টোবর মাসে বাড়ি ছাড়েন। বাকি ৫ লাখ টাকা গ্রিসে পৌঁছানোর পর দেওয়ার কথা ছিল। দালাল জসিমের নির্দেশনা অনুযায়ী, অপু গত ১১ অক্টোবর লিবিয়া থেকে সাগরপথে গ্রিসের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

অপু মিয়ার ভাই সানুর মিয়া জানান, দালালরা ফোনে যোগাযোগ রাখছে না, আর যোগাযোগ হলে কেবল মিথ্যা আশ্বাস দিচ্ছে। ভাইয়ের অবস্থান ও whereabouts নিয়ে দুশ্চিন্তায় পরিবারের সকল সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।

অন্যদিকে, একইভাবে দালালের মাধ্যমে লিবিয়া হয়ে সাগরপথে গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গত ১১ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছেন পাড়ারগাঁও গ্রামের লিটন মিয়া।

লিটন মিয়ার ভাই রুমেন মিয়া অভিযোগ করেন, যখন তারা ভাইয়ের খোঁজে দিশেহারা, তখন অপরিচিত আরেক দালাল ফোন করে ১২ লাখ টাকা দাবি করে। টাকা দিলে লিটনকে ভিডিও কলে দেখানোর শর্ত দেওয়া হয়। লিবিয়ায় অবস্থানরত পরিচিতজনদের মাধ্যমেও তাঁর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। সন্তান ও স্বামীর শোকে বৃদ্ধ বাবা-মা এবং স্ত্রী-সন্তানের আহাজারি থামছে না।

জগন্নাথপুর থানার ওসি মোখলেছুর রহমান এ বিষয়ে জানান, তিনি নতুন যোগদান করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এতে উল্লেখযোগ্য যে, এর আগে গত ৩০ মার্চ লিবিয়া হয়ে সাগরপথে গ্রিসে যাওয়ার সময় জগন্নাথপুরের পাঁচ যুবকের মৃত্যু হয়। ওই ঘটনায় পাইলগাঁও গ্রামের নিহত আমিনুর রহমানের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেছিলেন। মামলার এজাহারভুক্ত পাঁচ আসামির মধ্যে দালাল জসিম অন্যতম, যিনি বর্তমানে লিবিয়ায় অবস্থান করছেন বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপকূলের নদ-নদীর নাব্যতা সঙ্কট, বিপাকে মাছ ধরা ট্রলার নিয়ে জেলেরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


উপকূলের নদ-নদীর নাব্যতা সঙ্কট, বিপাকে মাছ ধরা ট্রলার নিয়ে জেলেরা

পটুয়াখালীর কলাপাড়া উপকূলের আন্ধারমানিক, রাবনাবাদ, শিববাড়িয়া, টিয়াখালী, দোন, ধুলাসার নদীসহ একাধিক নদ-নদী প্রাকৃতিকভাবে জোয়ার-ভাটায় পলি জমে ধীরে ধীরে ভরাট হয়ে গেছে। পরিবেশ ও প্রতিবেশের কোনো প্রকার সমীক্ষা ছাড়া কিছু নদীর ওপর বড় বড় সেতু ও ব্রীজ নির্মাণের ফলে এবং প্রাকৃতিক নিয়মে এসব খরস্রোতা নদী পলি জমে ভরাট হওয়ায়, দুর্যোগকালীন সময়ে মাছধরা ট্রলার নিয়ে জেলেরা এসব নদীতে নিরাপদ আশ্রয় নিতে সমস্যায় পড়ছেন। এমনকি গভীর সমুদ্রে মৎস্য শিকারের পর সাগর মোহনা থেকে প্রতিদিন মৎস্যবন্দরের ঘাটে ফিরতে গিয়ে অসংখ্য মাছধরা ট্রলার এসব নদীর ডুবোচরে আটকে যাচ্ছে।

ভাটার সময় মৎস্যবন্দর অবতরণ কেন্দ্রের ঘাটে ফিরতে বিকল্প যাতায়াত ব্যবস্থা না থাকায় ট্রলারেই প্রতিদিন লাখ লাখ টাকার মাছ পঁচে যাচ্ছে। এর ফলে এ খালটির ওপর নির্ভরশীল লাখো মানুষের জীবনযাত্রা এখন হুমকির মুখে পড়েছে।

কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের শত বছরের ঐতিহ্যবাহী বাবলাতলা মৎস্য বাজার। এখানে প্রতিদিন দুর-দুরান্ত থেকে অসংখ্য মৎস্যজীবী মানুষ আসেন। নিত্য দিনের মৎস্য পাইকারদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে এ বাজার ও আশপাশের এলাকা। এই মৎস্য বাজারের সঙ্গে জড়িয়ে আছে লাখো মানুষের জীবন জীবীকা। তবে সম্প্রতি সময়ে এই বন্দরটির ঘাটে সমুদ্র থেকে মাছ আহরণ করে জেলেরা স্বস্তিতে ফিরতে পারছেন না।

ঘাটে ফেরার একমাত্র মাধ্যম ধুলাসার নদীর বেহাল দশায় প্রতিদিন ডুবোচরে আটকে গিয়ে কষ্টার্জিত মাছ খোয়াচ্ছেন সমুদ্রগামী জেলেরা। কখনও কয়েক ঘণ্টা, আবার কখনও দিনের পর দিন আটকে থাকায় ট্রলারেই পঁচন ধরে আহরণকৃত মাছ। ফলে সঠিক সময়ে মাছ আড়তে পৌঁছাতে না পারায় জেলেরা লোকসান গুনছেন।

স্থানীয়রা বলছেন, এক সময়ের স্রোতের টানে বয়ে চলা এই নদীটিতে এখন জোয়ার প্রবাহিত হলেও ভাটিতে সব চিত্র বদলে যায়। তাই সাগরে খাটুনির পর অনেক সময় মাথায় করে মাছ পরিবহন করে ঘাটে ফেরেন জেলেরা।

মৎস্যজীবী ও আড়ৎ মালিকরা বলছেন, নদীটিতে প্রবেশ বা চলাচল বন্ধ হয়ে গেলে জীবন জীবীকা নিয়ে চরম হুমকির মুখে পড়বে লাখো মানুষ। তাই খনন প্রক্রিয়ার প্রয়োজন রয়েছে।

স্থানীয় জেলে সোবহান সিকদার জানান, এক সময় এই নদীর ঢেউয়ের তান্ডব বুকে কাঁপন জাগাতো। আর এখন ভাটির সময় এপার থেকে ওপারে পায়ে হেঁটে পারাপার করেন অনেকেই। তিনি বলেন, সাগর মোহনা দিয়ে প্রতিদিন নদীটিতে হাজারো মাছধরা ট্রলার প্রবেশ করে। কিন্তু চরে আটকে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় জেলেদের। ফলে ঠিক সময়ে ঘাটে মাছ নিয়ে পৌঁছাতে না পারায় অসংখ্য মাঝিরা তাদের মাছ কম দামে বিক্রি করতে বাধ্য হন।

অপর এক মাঝি বলেন, সাগর উত্তাল হলে এবং ঝড় বন্যা হলে এই নদীতে আশ্রয় নিতে আসে হাজারো ট্রলার। ডুবোচরের কারণে নদীর মধ্যে প্রবেশ করতে না পেরে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয় তাদের।

বাবলাতলা বাজারের আড়ত মালিক মো. রাসেল বলেন, এ খালটি এখন লাখো মানুষের জীবন জীবিকার ওপর প্রভাব ফেলছে। শীত মৌসুমে এ বাজারে কোটি টাকার মাছের কারবার চলে। কিন্তু মোহনায় বালু ভরে এমনভাবে চর জেগেছে যে, সেখান থেকে ট্রলার যাতায়াত প্রায় অসম্ভব। ভাটিতে বা জোয়ারেও ছোট ট্রলার ঢুকলেও বড়গুলো প্রতিদিন আটকে যায়। তিনি বলেন, এই নদীটি দ্রুত খনন না করলে অনেক জেলেদের পেশা পরিবর্তন করতে হবে।

বাজার ব্যবসায়ী হাজী মাসুদ জানান, শত বছরের পুরানো এই বাজারটি টিকে আছে এই নদীটির ওপর নির্ভর করে। এটা কাউকে বলে বোঝানো যাবে না যে একটি নদীর জন্য কি পরিমাণ বিরূপ প্রভাব পড়ছে। জেলেরা এই ঘাটে মাছ নিয়ে আসতে চান না। আবার মহিপুর আলীপুর ঘাটে পৌঁছাতে তাদের বেশি পরিমাণ তেল পুড়তে হয়। তাই অনেকে কয়েক কিলোমিটার মাথায় করে মাছ পরিবহন করে ঘাটে ফেরেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, জেলেরা কষ্ট করে মাছ আহরণ করলেও চ্যানেলটি দিয়ে ঠিক সময়ে ঘাটে আসতে পারে না। নদীটির নাব্যতা কমে যাওয়া এবং অসংখ্য ডুবোচরের কারণে প্রতিনিয়ত ট্রলার চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা বিষয়টি ইতোমধ্যে উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেছি, যাতে দ্রুত খননের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়।

বরিশাল ড্রেজার ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মামুন-উর রশিদ জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় খাঁজুরা পয়েন্টে জেলেদের জন্য চ্যানেল খনন প্রক্রিয়ার ব্যবস্থা করেছেন। সেখানে ড্রেজার দিয়ে বালু অপসারণ করা হচ্ছে। এই নদীটির জন্যও আবেদন করলে আমরা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%