০৪:১৩ পি.এম
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান মন্তব্য করেছেন যে, বাংলাদেশে স্বাস্থ্যখাতে সবচেয়ে বেশি দুর্নীতি ও হরিলুট সংঘটিত হচ্ছে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় থেকেই এই খাতে লুটপাটের প্রক্রিয়া শুরু হয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও এই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। বর্তমানে সেই দুর্নীতির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
সোমবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরে মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, মৌলভীবাজার সদর হাসপাতালে সম্প্রতি কোনো কাজ না করিয়ে ১ কোটি ২০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে হাসপাতালের তত্ত্বাবধায়কসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা—এটি আমরা হাতে-নাতে প্রমাণিত করেছি। তিনি সতর্ক করে বলেন, দুর্নীতির লাগাম টেনে না ধরলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে। বর্তমানে দেশের স্বাস্থ্য বিভাগ দুর্নীতির মহাসমুদ্রে পরিণত হয়েছে। এই সমুদ্রে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে পড়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মন্ত্রী ও এমপিরাও হাবুডুবু খাচ্ছেন।
আরও পড়ুন: হুথিদের বিরুদ্ধে ৮৫৪ হামলা, ১৯৩ জন নিহত-আহত
তিনি আরও বলেন, সরকারি হাসপাতালগুলোতে অনিয়ম ও দুর্নীতির কারণে বর্তমানে মানুষ চিকিৎসাসেবা নিতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যেতে স্বস্তি বোধ করছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জাকির হোসেন এবং সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী। ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান ও দেশের বিশিষ্ট শিল্পপতি আজম জে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইস্ট কোস্ট গ্রুপের হেড অব সিএসআর কর্নেল (অব.) লিয়াকত আলী খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট কোস্ট গ্রুপের এমডি দিলরুবা চৌধুরী ও তানভীর চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসেন।
এমই
আরও পড়ুন: মার্কিন আদালতের অনুমোদন: রাউন্ডআপ আগাছানাশক নিয়ে ক্যানসার মামলায় ৭২৫ কোটি ডলারের ক্ষতিপূরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন