ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আন্দোলনের নামে দেশের ক্ষতি করবেন না: সরকারের সতর্কতা


আন্দোলনের নামে দেশের ক্ষতি করবেন না: সরকারের সতর্কতা

দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। জনজীবনে নানা সমস্যা ও অনিশ্চয়তা বিরাজমান। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জীবন-জীবিকার সংগ্রাম এখন কঠিন থেকে আরও কঠিনতর হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা সাধারণ মানুষের কষ্টকে আরো বাড়িয়ে দেবে। বিভিন্ন ধরনের কর্মসূচির নামে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা দেশের জন্য এবং জনগণের জন্য ক্ষতিকর হবে; কিন্তু পরাজিত শক্তি যেন সেটাই করতে চাইছে। বাংলাদেশে আবারও জ্বালাও-পোড়াও এবং ধ্বংসাত্মক রাজনীতির সূচনা হয়েছে।

অযৌক্তিক দাবি আদায়ের জন্য জনবিচ্ছিন্ন এবং জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত একটি শক্তি জনগণকে জিম্মি করে তাদের অস্তিত্ব জানান দিতে চাইছে। তবে ইতিহাস বলছে, জনগণকে জিম্মি করে, জনগণের সম্পদ বিনষ্ট করে কোনোদিন দাবি আদায় করা সম্ভব নয়। দাবি আদায়ের একমাত্র উপায় হলো জনগণের কাছে গিয়ে তাদের কথা বলা। জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ উপায়ে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজে বের করা।

কিন্তু সেই পথে না গিয়ে অগ্নিসন্ত্রাস ও নাশকতার পথ বেছে নিয়েছে একটি মহল। এতে জনগণের ভোগান্তি বাড়বে এবং দেশের অর্থনীতি বিপর্যস্ত হবে। এক মাস ধরে রাজনীতির নামে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, বাস-ট্রেনে অগ্নিসংযোগ, পুলিশের গাড়িতে হামলা, সড়ক অবরোধ এবং ফাঁকা গুলি, রাজধানী থেকে জেলা শহর পর্যন্ত ধারাবাহিক নাশকতায় জনমনে উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন: এশীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে

গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, রংপুর, কুমিল্লা, মেহেরপুর, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর, নড়াইল, কক্সবাজার, নাটোরসহ ২১ জেলায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

থানা, রেলস্টেশনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা করা হয়েছে। নেত্রকোনার বারহাট্টা ও ঠাকুরাকোনা স্টেশনের মাঝে পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন দেওয়া হয়েছে। বারহাট্টার অতিথপুর রেলস্টেশনেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া দুটি ভিডিও থেকে বিষয়টি জানাজানি হয়েছে। ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে এক যুবককে কালভার্টের ওপর রেললাইনে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দ্রুত চলে যেতে দেখা যায়। ৪১ সেকেন্ডের অন্য ভিডিওতে অতিথপুর স্টেশনে আগুন দেওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। দুই স্থানের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।

আগামী দিনে আরো সন্ত্রাস ও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ঢাকাকে ঘিরে আগুন সন্ত্রাসের ছক কষা হয়েছে বলে জানা গেছে। সারা দেশ অচল করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। কী উদ্দেশ্যে এত স্থানে একযোগে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে, তা নিয়ে জনমনে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। অজানা আতঙ্কে আজ দেশ। সবার মুখে একটাই কথা, কী ঘটতে যাচ্ছে? আর কী কী ঘটবে? আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কী করছে? সাধারণ মানুষের প্রশ্ন, রাজনৈতিক বিরোধের জেরে আর কত প্রাণ যাবে? রাস্তায় বের হওয়া, কর্মস্থলে যাওয়া কিংবা রাতে বাড়ি ফেরার নিশ্চয়তাও কি থাকবে না? পরিস্থিতি কি শুধু রাজনৈতিক সংঘাতেই সীমাবদ্ধ থাকবে, নাকি এর বিস্তার ঘটবে অর্থনীতি ও জনজীবনের প্রতিটি ক্ষেত্রে?

সহিংসতার উদ্দেশ্য কি শুধু দাবি আদায়ের জন্য শক্তি প্রদর্শন, নাকি এর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারের নিয়ন্ত্রণক্ষমতাকে চ্যালেঞ্জ করার চেষ্টা? পরিবহন ও শিল্পাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করাও কি বৃহত্তর কোনো পরিকল্পনার অংশ? রাজনৈতিক বিভক্তির সুযোগ নিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী কি পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে?

আরও পড়ুন: সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার

রাজনীতি বিশ্লেষকরা বলছেন, চলমান সহিংস ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক দিক হচ্ছে সহিংসতার বিস্তার ও ধরন। দেশের অন্তত ২৮টি জেলায় আগুন সন্ত্রাস, চোরাগোপ্তা হামলা এবং বিভিন্ন স্থাপনায় হামলা আর প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটছে, নাকি একটি অভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য ও পরিকল্পনার অংশ হিসেবে সংঘটিত হয়েছে, তা তদন্তের দাবি রাখে।

যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, তাদের মধ্যে দেশপ্রেমের অভাব রয়েছে। রাজনীতি করতে গেলে দেশপ্রেম থাকা অপরিহার্য। যদি তারা দেশকেই ভালোবাসতে না পারে, তাহলে তাদের রাজনীতি করার অধিকার নেই। দেশের সম্পদ নষ্ট করে দেশের ক্ষতি করে রাজনীতি করা যায় না। এমন ঘটনা প্রশিক্ষিত দুষ্কৃতকারীদের সুপরিকল্পিত হামলা। যারা দেশের সম্পদ নষ্ট করেছে, দেশের মানুষকে দুর্যোগে ফেলে, দেশের ক্ষতি করেছে, তাদের কর্মকাণ্ড দেশপ্রেমহীনতার নামান্তর।

ক্ষমতা মানুষের সম্মিলিত সম্মতি থেকে জন্মায়; সহিংসতা ক্ষমতা ধ্বংস করতে পারে, কিন্তু সৃষ্টি করতে পারে না। যে দল মানুষকে বোঝাতে পারে না, সে পোড়াতে শুরু করে। আমরা এমন এক রাজনীতিতে আটকে গেছি, যার ব্যাকরণ যুক্তি নয়, আগুন। এই ভাষায় প্রতিপক্ষকে পরাজিত করা হয় না, বরং নিশ্চিহ্ন করার চেষ্টা হয়। আর প্রতিটি আগুন বস্তুত পরের আগুনের যুক্তি তৈরি করে দেয়।

নেলসন ম্যান্ডেলা তাঁর আত্মজীবনী ‘লং ওয়াক টু ফ্রিডম’-এ লিখেছিলেন, যে মানুষ অন্যের স্বাধীনতা কেড়ে নেয়, সে নিজেই ঘৃণার কারাগারে বন্দি; নিপীড়িত আর নিপীড়ক দুজনেই মনুষ্যত্ব হারায়। ২৭ বছর জেল খাটার পর তিনি জানতেন, প্রতিশোধের রাজনীতি দিয়ে কোনো জাতি মুক্ত হয় না।

আরও পড়ুন: রূপপুরের বিদ্যুৎ ও হুমায়ুন ভাইয়ের স্মৃতি: ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য

জনগণ রাষ্ট্রের কাছে সহিংসতা দমন ও প্রতিকার আশা করে, দলের লোকজনের পাল্টা সহিংসতা নয়। সরকারকে এ ধরনের অপরাধমূলক ও অনৈতিক কাজ কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে।

রাজনীতির নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার কঠোর অবস্থান নিয়েছে। একদিকে তিনি যেমন সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, অন্যদিকে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছেন। পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

দেশের যেকোনো স্থানে অস্থিরতা সৃষ্টি বা নাশকতার চেষ্টা হলে তা নির্মূলে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যেকোনো ধরনের সহিংসতা মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে।

গতকাল সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর শপথ হচ্ছে, প্রয়োজনে প্রাণের বিনিময়েও দেশের সম্পদ রক্ষা করা। বাহিনীর সদস্যরা সব সময় প্রস্তুত রয়েছেন।

আরও পড়ুন: সন্ত্রাস দিয়ে রাজনীতিতে ফেরা অসম্ভব: বিশ্লেষকরা

কিন্তু যারা নাশকতা করছে, নিজেদের স্বার্থে সাধারণ মানুষের জীবন বিপন্ন করছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে, তাদেরও বুঝতে হবে, জনগণকে ভয় দেখিয়ে জনগণের আস্থা অর্জন করা যায় না। এসব কর্মকাণ্ড তাদের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করবে। তারা আরো জনবিচ্ছিন্ন হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো, এ ধরনের নৈরাজ্য দেশকে ধ্বংসের পথে ঠেলে দেবে। তাই এমন আন্দোলন করা উচিত নয়, যা দেশের মানুষের জন্য ক্ষতিকর, যা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কারণ সবার আগে দেশ। দেশের স্বার্থে দাবি আদায়ের শান্তিপূর্ণ পথ খুঁজে বের করুন। আন্দোলনের নামে দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দেবেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, ৪০টিরও বেশি পরাঘাত অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১০ এম


লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্প, ৪০টিরও বেশি পরাঘাত অনুভূত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নিকটবর্তী ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টিরও বেশি পরাঘাত অনুভূত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ম্যানহাটন বিচ এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। এটি ২০১৪ সালের পর থেকে এই অঞ্চলের জন্য সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে চিহ্নিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, পরাঘাতগুলোর মধ্যে দুটি ৪ মাত্রার বেশি এবং আটটি ৩ মাত্রার বেশি ছিল। আগামী কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে পরাঘাত অব্যাহত থাকতে পারে, তবে সময়ের সাথে সাথে এর সংখ্যা কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।

ভূমিকম্পের ফলে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের কিছু জানালা ভেঙে যায় এবং কিছু ছাদের পাত খুলে পড়ে। তবে বিমান চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। আশপাশের এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত ভবন ও পড়ে থাকা বিদ্যুতের তার থেকে দূরে থাকতে এবং ভূমিকম্পের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেছে।

সূত্র: এনবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১০ এম


সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার

সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সাবেক স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তার দুই শ্যালককে আটক করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) ভোরে মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে সায়লা ফারজানা, তার শ্যালক রেজাউল আলম শাহীন এবং অন্য আরেকজন শ্যালক রয়েছেন।

সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তার স্বামী মনিরুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান। সরকার ইতোমধ্যে মনিরুলকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। জুলাই মাসের গণ অভ্যুত্থানের পর তিনি দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।

এর আগে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাতে সায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এদিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তিনি বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিবের দায়িত্বও পালন করেছেন তিনি।

হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট প্রথমবারের মতো অফিসে যান সায়লা ফারজানা। ওই সময় তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ছিলেন। শেখ হাসিনা সরকারের বিশেষ মদদপুষ্ট প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত সায়লা ফারজানা অফিসে গেলে দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি দল তার কক্ষে প্রবেশ করে। তারা তার অফিসে আসার কারণ জানতে চান। একপর্যায়ে তাকে আটকে রেখে ক্ষোভ প্রকাশ করেন বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা।

সায়লা ফারজানাকে আটকে রাখার খবর পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাসুদুল হাসান কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে নিজের দপ্তরে নিয়ে যাওয়ার সময় বঞ্চিত কর্মকর্তারা সায়লা ফারজানাকে আর মন্ত্রণালয়ে না আসার জন্য হুঁশিয়ারি দেন। এরপর পুলিশি পাহারায় গাড়িতে করে তাকে সচিবালয়ের বাইরে পাঠানো হয়। ওই ঘটনার পর তিনি আর জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাননি।

এদিকে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় আসামি করা হয়েছে মনিরুল ইসলামের স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, তার শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পাকে।

দুদকের এজাহার অনুযায়ী, মনিরুল ইসলাম, তার স্ত্রী সায়লা ফারজানা ও শ্যালক রেজাউল আলম শাহীন ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া তাদের নামে থাকা ৪০টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত এসব হিসাবে মোট ১ হাজার ৪৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৫২৭ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকা জমা এবং ৫১৭ কোটি ৩৫ লাখ ৪১ হাজার টাকা উত্তোলন করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্সার ভবিষ্যতের তারকা এব্রিমা তুনকারা খুঁজে পেয়েছেন ফ্লিক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১১ এম


বার্সার ভবিষ্যতের তারকা এব্রিমা তুনকারা খুঁজে পেয়েছেন ফ্লিক

বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক মন্তব্য করেছেন, স্পেনের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের তারকা এব্রিমা তুনকারার জন্য বার্সেলোনায় "দারুণ এক ভবিষ্যৎ" অপেক্ষা করছে।

১৬ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার তুনকারা শুক্রবার কাতারে মরক্কোকে ২-০ গোলে পরাজিত করার ম্যাচে গোল করেছেন। এই জয়ের ফলে স্পেন গ্রুপ পর্বে টানা তিনটি ম্যাচে জিতে শতভাগ সাফল্য নিয়ে পরবর্তী রাউন্ডে প্রবেশ করেছে।

গত মৌসুমে ফ্লিক প্রথমবারের মতো তুনকারাকে বার্সেলোনার সিনিয়র দলের সঙ্গে অনুশীলনের সুযোগ প্রদান করেছিলেন। যদিও তিনি খুব বেশি কিছু বলতে চাননি, তবে এই কিশোরের ভবিষ্যৎ নিয়ে তার উচ্ছ্বাস স্পষ্ট ছিল।

বার্সেলোনা লা লিগায় রোববার দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে খেলবে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, "আমার কাছে এব্রিমা একজন অসাধারণ প্রতিভা। গত মৌসুমে আমাদের সঙ্গে অনুশীলনের সময়ই আমরা সেটা দেখেছি, আর চলতি মৌসুমের প্রাক-মৌসুম প্রস্তুতিতেও সে তা প্রমাণ করেছে। সে দুর্দান্ত একজন ফুটবলার, অসাধারণ প্রতিভাবান।"

তিনি আরও যোগ করেন, "আমি খুব বেশি কিছু বলতে চাই না, তবে আমার বিশ্বাস এই ক্লাবেই তার সামনে বড় একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে।"

গাম্বিয়ায় জন্ম নেওয়া তুনকারা সাত বছর বয়সে কাতালোনিয়ায় চলে আসেন। এক বছর পর, মাত্র আট বছর বয়সে তিনি বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়ায় যোগ দেন।

ফ্লিক দীর্ঘদিন ধরেই তুনকারার ভক্ত। চলতি প্রাক-মৌসুমে বার্মিংহাম সিটি, উদিনেসে ও এফসি বাসেলের বিপক্ষে প্রীতি ম্যাচে তিনি তিনবার মাঠে নেমেছেন।

এছাড়া সাম্প্রতিক লা লিগা ম্যাচে আতলেতিকো মাদ্রিদ ও আলাভেসের বিপক্ষে বার্সেলোনার বেঞ্চেও ছিলেন তিনি। তবে এখনও প্রতিযোগিতামূলক ফুটবলে সিনিয়র দলের হয়ে অভিষেকের অপেক্ষায় রয়েছেন।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে চীনের বিরুদ্ধে স্পেনের ৫-০ গোলের জয়ে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছিলেন তুনকারা। ফিজিকে ১৫-০ গোলে হারানোর ম্যাচে রদবদলের কারণে তিনি খেলতে পারেননি।

তবে মরক্কোর বিপক্ষে আবারও একাদশে ফিরে এসে ম্যাচের প্রথম গোলটি করেন তুনকারা। তার গোলের মাধ্যমে স্পেন শেষ ৩২-এর লড়াইয়ে উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিশ্চিত করেছে, যা অনুষ্ঠিত হবে সোমবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চতুর্থবারের মতো লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন ব্রাজিলের পালমেইরাস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১২ এম


চতুর্থবারের মতো লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন ব্রাজিলের পালমেইরাস

দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বাধিক মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতে নিয়েছে ব্রাজিলের ক্লাব পালমেইরাস। ফাইনালে আর্জেন্টিনার এস্তুদিয়ান্তেস দে লা প্লাতাকে ১-০ গোলে পরাজিত করে চতুর্থবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তারা।

শনিবার (২৮ নভেম্বর) উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্তেনারিওতে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ৫২ মিনিটে রামন সোসার করা গোলে পালমেইরাস এগিয়ে যায়। শেষ পর্যন্ত ওই এক গোলের ব্যবধান ধরে রেখে শিরোপা নিশ্চিত করে আবেল ফেরেইরার দল।

গোলের সূচনা ঘটে আর্থার গ্যাব্রিয়েলের অসাধারণ এক পাস থেকে। তাঁর বাড়ানো বল পেয়ে জন আরিয়াসের হেডে বল চলে যায় রামন সোসার সামনে। কাছ থেকে বল জালে পাঠিয়ে প্যারাগুয়ের এই ফরোয়ার্ড দলকে এগিয়ে দেন। এরপর সমতায় ফেরার জন্য একাধিক চেষ্টা করেও সফল হয়নি এস্তুদিয়ান্তেস।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এ সময় মাঠে দেখা যায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিঙ্গেস এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির জাউদকে। তাঁদের উপস্থিতিতে চ্যাম্পিয়ন পালমেইরাসের খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় লিবার্তাদোরেসের শিরোপা ও পদক।

এই জয়ের মাধ্যমে লিবার্তাদোরেসে পালমেইরাস চতুর্থ শিরোপা অর্জন করল। এর আগে ১৯৯৯, ২০২০ ও ২০২১ সালে তারা এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২৫ সালের ফাইনালে ফ্লামেঙ্গোর কাছে হেরে রানার্সআপ হয়েছিল দলটি। এবার সেই হতাশা কাটিয়ে আবারও দক্ষিণ আমেরিকার সেরা ক্লাবের স্বীকৃতি পেল আবেল ফেরেইরার দল।

অন্যদিকে, এস্তুদিয়ান্তেসের সামনে ছিল পঞ্চমবারের মতো লিবার্তাদোরেস জয়ের সুযোগ। কিন্তু পালমেইরাসের কাছে হেরে সেই স্বপ্ন পূরণ হয়নি আর্জেন্টিনার ক্লাবটির। চতুর্থ শিরোপা জয়ের মাধ্যমে লিবার্তাদোরেসে এস্তুদিয়ান্তেসের সমান চারটি শিরোপার মালিক হলো পালমেইরাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%