ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০


ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করার জন্য শনিবারও উদ্ধারকর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩০ জনে।

ভূমিকম্পের ৭২ ঘণ্টা পেরিয়ে যাওয়ায় জীবিত কাউকে উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

এদিকে, রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের প্রথম ত্রাণবাহী বিমান পৌঁছেছে। তবে দেশজুড়ে লাখ লাখ মানুষ এখনো নিরাপদ পানি, স্যানিটেশন এবং অন্যান্য মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে।

আরও পড়ুন: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

এই খবর বার্তা সংস্থা এএফপি থেকে পাওয়া গিয়েছে। জানুয়ারিতে মার্কিন বিশেষ বাহিনী ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর, দেশটি অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিতিশীলতার বিরুদ্ধে লড়াই করছে। শহরগুলোতে ভবন ধসে পড়ায় হাজার হাজার মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে যে, হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছে। বিধ্বস্ত ভবনে ভরে গেছে বিভিন্ন শহর। এমন সময় এই দুর্যোগ আঘাত হেনেছে, যখন দেশটি আগে থেকেই অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

স্থানীয় প্রশাসনের ধীরগতির ত্রাণ ও উদ্ধার কার্যক্রম নিয়ে জনরোষের মুখে যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বিভিন্ন দেশের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দেশটিতে বুধবার ৭.২ এবং ৭.৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে স্বজনদের খুঁজে পেতে স্থানীয় বাসিন্দারাও খালি হাতে উদ্ধারকাজে নেমেছেন।

আরও পড়ুন: সৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়ার অভিযোগে নারী গৃহকর্মীকে ১০০ দোররা মারার আদেশ

বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগে প্রথম ৭২ ঘণ্টাই জীবিত উদ্ধার করার সবথেকে গুরুত্বপূর্ণ সময়। এর পর ধ্বংসস্তূপে জীবিত মানুষ পাওয়ার সম্ভাবনা দ্রুত কমে যায় এবং উদ্ধার অভিযান মূলত লাশ উদ্ধার করার কাজে পরিণত হয়।

মিয়ামি থেকে একাই উদ্ধারকাজে অংশ নিতে আসা ৪৩ বছর বয়সী অস্ট্রেলীয় দমকলকর্মী ক্রেইগ ডেমেইলন বলেছেন, 'এখানে সবকিছুই বিশৃঙ্খল ও সমন্বয়হীন। তারপরও আশা করছি, আরও কিছু মানুষকে জীবিত পাওয়া যাবে।'

নাম প্রকাশে অনিচ্ছুক এল সালভাদরের এক উদ্ধারকর্মী বলেছেন, 'এখন ধ্বংসস্তূপে সম্ভবত লাশই বেশি পাওয়া যাবে। তবে ঈশ্বরের কৃপায় যদি কয়েকজনকে জীবিত উদ্ধার করা যায়, সেটাই হবে সবচেয়ে বড় পাওয়া।'

জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার শুক্রবার এএফপিকে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমানে ৫০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, বাবাও শোক সইতে পারলেন না

যুক্তরাষ্ট্র জানিয়েছে, সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরের একটি রানওয়ে আংশিকভাবে সচল করা হয়েছে, যাতে সি-১৭ সামরিক পরিবহন বিমান অবতরণ করতে পারে। পাশাপাশি একটি মার্কিন নৌজাহাজও ভেনেজুয়েলার উপকূলে পৌঁছেছে।

- ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার নবজাতক -

সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা লা গুইরায় শুক্রবার ধ্বংসস্তূপের নিচ থেকে ৩২ ঘণ্টা পর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়। এতে উদ্ধারকর্মী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শিশুটিকে কোলে নিয়ে আবেগে কেঁদে ফেলেন এক ব্যক্তি।

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়ে দিয়েছে, প্রাথমিক তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাদের জরুরি আশ্রয়, নিরাপদ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, সুরক্ষা এবং ত্রাণসামগ্রীর প্রয়োজন হবে।

জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ বলেছেন, এখনও পর্যন্ত এই ভূমিকম্পে ১ হাজার ৪৩০ জনের মৃত্যু এবং ৩ হাজার ২৩৮ জন আহত হয়েছেন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই ভূমিকম্পে প্রায় ৬৭০ কোটি মার্কিন ডলারের অবকাঠামোগত ক্ষতি হয়েছে, যা ভেনেজুয়েলার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশের সমান।

আরও পড়ুন: রিজভী: দেশের মানুষ ফ্যাসিস্টদের মেনে নেবে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক পেল কুমিল্লা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক পেল কুমিল্লা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

রোববার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।

একই প্রজ্ঞাপনে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসান-কে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

রোজী আক্তারের এ নিয়োগের মাধ্যমে কুমিল্লা জেলার ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। বিষয়টি প্রশাসনিক অঙ্গনসহ জেলার বিভিন্ন মহলে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আলোকে শিগগিরই তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন। দায়িত্ব গ্রহণের পর জেলা প্রশাসনের সার্বিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আইন-শৃঙ্খলা, উন্নয়ন কার্যক্রম, ভূমি প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সরকারের বিভিন্ন নীতি ও কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেবেন।

অন্যদিকে, কুমিল্লার বিদায়ী জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় প্রশাসনিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো : স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো : স্বাস্থ্যমন্ত্রী

এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ব্যবহৃত ক্যাপসুলের মান অত্যন্ত ভালো। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক পরীক্ষাগারে গুণগত মান যাচাইয়ের পর ইউনিসেফের মাধ্যমে উন্নতমানের ক্যাপসুলগুলো দেশে আনা হয়েছে।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরীক্ষাগারে পরীক্ষার পর ইউনিসেফের মাধ্যমে উন্নতমানের এই ভিটামিন ‘এ’ ক্যাপসुल দেশে আনা হয়েছে। আমাদের টিকার মান অত্যন্ত ভালো।

আজ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলি বলেন।

স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুলের বিষয়ে আমরা ইউনিসেফের সঙ্গে একটি কনফারেন্স করেছি। আন্তর্জাতিক টেস্টিং ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার পরই উন্নতমানের এই টিকা সংগ্রহ করা হয়েছে। তাই আমরা আশ্বস্ত, দেশের শিশুদের সর্বোচ্চ মানের টিকাই খাওয়ানো হচ্ছে।

তিনি আরো জানান, এবারের ক্যাম্পেইনে দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে সরকারের কাছে লাল ও নীল রঙের মোট ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রয়েছে।

ক্যাম্পেইনের সময়সীমা ও কার্যকারিতা নিয়ে সাখাওয়াত হোসেন বলেন, সারাদেশে একযোগে এই কার্যক্রম চলছে। কোনো শিশু যেন বাদ না পড়ে, সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম দিন কোনো শিশু বাদ পড়লে দ্বিতীয় দিন খাবে, এভাবে পর্যায়ক্রমে চতুর্থ দিন পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

শিশুদের অন্ধত্ব ও হামের মতো মারাত্মক রোগ প্রতিরোধে এই ক্যাম্পেইন সফল করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে দায়িত্ব শেষ নয়। এর পাশাপাশি শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধক্ষমতা নিশ্চিত করতে জন্মের পরপরই মায়ের শালদুধ পান করানো, বয়স অনুযায়ী নিরাপদ পানি, সুষম খাদ্য ও প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা জরুরি।

জন্মের পরপরই নবজাতককে মায়ের শালদুধ খাওয়ানোর পরামর্শ দিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, শালদুধই শিশুর জন্য সবচেয়ে বড় ভিটামিন এ-এর প্রাকৃতিক উৎস। তাই এ বিষয়ে গণসচেতনতা বাড়াতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধ খাওয়াতে হবে। এরপর বয়স অনুযায়ী পুষ্টিকর সম্পূরক খাবারের পাশাপাশি নিয়মিত মায়ের দুধ খাওয়ানো অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুচরা ব্যবসায়ীদের জন্য সুখবর, নতুন ঘোষণা সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


খুচরা ব্যবসায়ীদের জন্য সুখবর, নতুন ঘোষণা সরকারের

সরকার খুচরা ব্যবসায়ীদের জন্য সুখবর দিয়েছে।

অবশেষে প্রত্যাহার হতে যাচ্ছে খুচরা ব্যবসায়ীদের ওপর ০.২০ শতাংশ অগ্রিম কর আরোপের প্রস্তাব। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চূড়ান্ত প্রস্তাব পাঠিয়েছে।

দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করজাল সম্প্রসারণের অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো খুচরা ব্যবসায়ীদের করের আওতায় আনার প্রস্তাব করা হয়।

এ লক্ষ্যে, অর্থমন্ত্রী পণ্য সরবরাহের ওপর শূন্য দশমিক ২০ শতাংশ অগ্রিম কর (এটিএ) আরোপের প্রস্তাব করেন। তবে ব্যবসায়ী নেতাদের আপত্তি ও উদ্বেগের কারণে এ কর প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলো।

ব্যবসায়ী নেতাদের সতর্কবার্তা ছিল যে, এ কর বহাল থাকলে সরবরাহ ব্যবস্থার বিভিন্ন ধাপের মধ্য দিয়ে এর প্রভাব শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর পড়তে পারে।

তারা বলেন, অতিরিক্ত করের চাপ সামাল দিতে খুচরা বিক্রেতারা পণ্যের মূল্যের সাথে করের অর্থ যোগ করতে বাধ্য হবেন।

এ কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই সঙ্গে ছোট ব্যবসায়ীদের ওপরও অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে। পাশাপাশি দেশের উন্নয়নকে সামগ্রিকভাবে ত্বরান্বিত করবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদ খাতের পণ্য রপ্তানি করাই হচ্ছে সরকারের অন্যতম লক্ষ্য।

রবিবার (২৮ জুন) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় হ্যাচিং এগ (ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম) রপ্তানি কার্যক্রমের উদ্বোধনের উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশের প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী দেশের প্রতিটি খাতকে রপ্তানিমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। প্রধানমন্ত্রীর দূরদর্শী নির্দেশনার মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ খাতও ধীরে ধীরে শক্তিশালী রপ্তানিমুখী খাতে পরিণত হবে। আজকের এই রপ্তানি কার্যক্রম সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং দেশের রপ্তানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

তিনি আরো বলেন, যখন বাংলাদেশ নিজস্ব চাহিদা পূরণ করে বিদেশে পণ্য রপ্তানি করতে সক্ষম হয়, তখন এটাই দেশের সক্ষমতার প্রতিফলন। এটি শুধুমাত্র একটি বাণিজ্যিক কার্যক্রম নয়, বরং বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে এই রপ্তানির পরিধি আরও বাড়বে।

এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনার অধীনে প্রাণিসম্পদ অধিদপ্তর একটি রপ্তানিমুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. সাখাওয়াত হোসেন, উপপরিচালক ডা. শারমিন সামাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%