০৩:১৯ পি.এম
কুমিল্লার মনোহরগঞ্জে "শিক্ষকদের পাশে: পেশা রক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর" এই প্রতিপাদ্যের ভিত্তিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। সোমবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপাত জাহান।
তিনি এসময় উল্লেখ করেন যে, শিক্ষকতা কেবল একটি জীবিকা নয়, বরং এটি মানুষের গড়ার এক মহান ব্রত। একজন শিক্ষক শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি নীতি-নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের শিক্ষা দিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করেন। শিক্ষকরা তাদের জ্ঞান, অভিজ্ঞতা ও আদর্শ দিয়ে আগামী দিনের নাগরিকদের গড়ে তোলেন এবং দেশ ও জাতির ভবিষ্যৎ বিনির্মাণ করেন।
স্বাগত বক্তব্য রাখেন মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন। উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী জাহাঙ্গীর, নাথেরপেটুয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হুজ্জাতুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলাম মিন্টু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মান্নান এবং নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ মোল্লা।
আরও পড়ুন: বিইউএফটি ভর্তি মেলায় ১০০% ছাড় ও স্কলারশিপ, নটর ডেম বিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন
অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন বিপুলসার ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক আহমেদ, পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন এবং লৎসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনির হোসেনসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধিরা।
শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, তারা বাতিঘরের মতো নীরবে প্রজন্মকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে দেন। যদিও শিক্ষকদের অনেক সমস্যা ও কষ্ট রয়েছে, তবুও সেসব নিয়ে আলোচনা করার সুযোগ সবসময় থাকে না। তবে শিক্ষার্থীদের সফলতা ও ভালোবাসাই এ পেশার সবচেয়ে বড় প্রাপ্তি বলে তারা মনে করেন।
আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়। এছাড়াও দিবসটি পালনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: ভালুকায় ৩০% এর নিচে পাশের হার থাকা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বন্ধের অনুরোধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন