০৮:১৫ পি.এম
চাঁদপুরের শাহরাস্তিতে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে সৈয়দ আহমেদ (৫৪) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। গাছের উপরে অবস্থানকালে তিনি স্ট্রোক করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে উপজেলার পশ্চিম চিতোষী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোয়ার নুনিয়া এলাকায় উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়। শাহরাস্তি ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টা ১০ মিনিটে ওই ব্যক্তির গাছে আটকে থাকার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল রাত ৯টা ১০ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।
ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থল প্রায় ১১ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় দলটি রাত ১০টা ১০ মিনিটে সেখানে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ২৫ মিনিটের প্রচেষ্টায় রাত ১০টা ৩৫ মিনিটে গাছ থেকে সৈয়দ আহমেদের মরদেহ নিচে নামিয়ে আনা হয়। উদ্ধার অভিযানে শাহরাস্তি ফায়ার স্টেশন, চাঁদপুর উত্তর ফায়ার স্টেশন ও মনোহরগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট সম্মিলিতভাবে অংশগ্রহণ করে। অভিযান শেষে রাত ১১টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের দল স্টেশনে ফিরে আসে।
আরও পড়ুন: কালীগঞ্জে পৃথক তিন আ.লীগের মিছিল, আলোচনায় তিন নেতা
এদিকে, গাছের ওপর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কোয়ার নুনিয়া এলাকা এবং আশপাশে শোকের ছায়া নেমে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন