০৬:০১ এম
রাজধানীর পল্টন কালভার্ট রোডে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) সিবগাতুল্লাহর মালিকানাধীন গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক রিকশাচালক।
এ দুর্ঘটনা ঘটেছে শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে।
আহত রিকশাচালকের পরিচয় সুলতান (৬০) হিসেবে জানা গেছে। তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তর করতে হবে: হুমায়ুন কবির
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, পল্টন টাওয়ার থেকে প্রায় ১০০ মিটার ডান দিকে শাখা সড়কে গাড়িটি একটি রিকশাকে পাশ থেকে ধাক্কা দেয়। এই ঘটনায় রিকশাচালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রের দাবি, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন সিবগাতুল্লাহর ছেলে।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িটির মালিক পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহ। দুর্ঘটনার সময় গাড়িটি কে চালাচ্ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।’
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সিবগাতুল্লাহর ব্যক্তিগত গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর গাড়িটি জব্দ করে পল্টন থানায় নেওয়া হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: ময়মনসিংহে ৮ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে বালু ব্যবসার বিরোধ
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, সাবেক অতিরিক্ত আইজিপির ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক রিকশাচালক আহত হয়েছেন। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি আরো বলেন, ‘সাবেক অতিরিক্ত আইজিপির গাড়িটি পল্টন থানা হেফাজতে আছে। আমরাও জানতে পেরেছি তাঁর ছেলে গাড়িটি চালাচ্ছিলেন। তবে এখনো এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন